যশোরের চৌগাছায় গরু চুরির সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে মিজানুর রহমান (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধাঈন মিজানুরের মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে তাকে পিটুনি দেওয়া হয়।
নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি দল প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি ইদ্রিস টের পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা মিজানুর রহমানকে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনগণ তাকে সংঘবদ্ধভাবে পিটুনি দিলে তিনি গুরুতর আহত করে।
খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন বলেন, অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙতে দেখেন। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। বাকি দুজন পালিয়ে যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ময়নাতদন্তের জন্য দেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।