গাজীপুরে নারী চিকিৎসককে হামলা করে মারধর, চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন তৈরি করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
বুধবার (২২ এপ্রিল) নগরের তারগাছ এলাকায় অবস্থিত জমিলা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হামলার শিকার গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্মরত গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. আফরোজা আক্তারের অভিযোগ, তার প্রাইভেট চেম্বারে গত ২২ এপ্রিল একদল লোক ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে চাঁদা দাবি করে। পরে তাকে মারধর করে জখম করে। আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এমনকি চাঁদা না দিলে হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা।
এ চিকিৎসকের অভিযোগ, এ ব্যাপারে জিএমপির গাছা থানায় মামলা করা হলেও পুলিশ আসামি গ্রেপ্তার করার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে না। এ কারণে তিনি এসব কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।