মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় আরও ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে থেকেই বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে শ্রমিকদের এই আন্দোলন কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ি, বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় আধা ঘণ্টা অচলাবস্থা চলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।