চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য জানান।
এর আগে গতকাল (রবিবার) মা ইলিশের প্রজনন রক্ষায় জেলা ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
মিজানুর রহমান বলেন, সদর উপজেলার আনন্দবাজার, লালপুর, কাচিকাটা, চিরারচর, হরিসভা, রনাগোয়াল ও দোকানঘর এলাকায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়। এ সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ছয়টি জেলে নৌকা ও পাঁচ কেজি মা ইলিশও জব্দ করা হয়।
অভিযান শেষে রাত ১২টার দিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ ও মো. তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত আটক ২৪ জনের মধ্যে ২২ জনকে ১২ দিন করে কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং ছয়টি নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া জব্দ করা মা ইলিশ সোমবার সকালে এতিমখানায় বিতরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রিফাত (২৫), রাসেল খান (২৬), দেলোয়ার হোসেন (৬০), সুজন গাজী (৩০), ইদ্রিস আলী (৩৫), নজরুল বেপারী (২৮), মনির মিজি (২৮), শহীদ গাজী (২৯), দেলোয়ার হোসেন মোল্লা (৬০), জাহাঙ্গীর বেপারী (৩৫), সেলিম ফকির (৩০), মো. নজরুল (৩০), কামাল বেপারী (৩৪), লিটন বেগ (৪৫), মাইনুদ্দিন (৪৭), নয়ন শরীফ (১৮), নিজাম প্রধানিয়া (৩৬), মো. রাসেল (৩০), মনির বেপারী (২৮), মোহাম্মদ হোসেন (১৯), রাসেল গাজী (২৫) ও মো. ইকবাল (২২)। তাদের বাড়ি চাঁদপুর সদর ও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।