চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে ওই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজনকে আটক করেছে বিজিবি ও অন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন— আলম (৩৮), আজম (৩৫), আসমাউল হক (৩৩), মেসবাউল হক (৩৫), বাবুল আখতার (৪০), এমদাদুল হক (৩৮) ও রয়েল (২৮)। তারা সবাই রোকনপুর এলাকার বাসিন্দা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
বিজিবির বরাত দিয়ে ওসি নূরে আলম জানান, গতকাল (সোমবার) রাতে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করে ৭ বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশইনের ঘটনা প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে ৪ বাংলাদেশিকে আটক করেন। এরপর রাত ৪ টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। পরে পুলিশ একই অভিযোগে আরও ৩ জনকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
এদিকে, আজ দুপুরে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পুশইনে বিএসএফকে সহায়তা করার অভিযোগে ৪ বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাত প্রায় পৌনে ১১টার দিকে বিএসএফের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবি টহল দলের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে সেই প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়। তবে এ ঘটনায় অর্থের বিনিময়ে ৪ বাংলাদেশি নাগরিক বিএসএফকে সহায়তা করছে—এমন অভিযোগে চারজনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।