চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চার দফা দাবিতে আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির।
বন্দরের পাশাপাশি এবার বহিনোঙ্গরেও অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীদের ক্ষতি ও রোজার পণ্য খালাসের কথা ভেবে তারা কর্মসূচিতে শিথিলতা এনেছিলেন। কিন্তু এরপরই বন্দর কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
সংগঠনটির পক্ষ থেকে এ সময় চারটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার বিষয়ে সরকারি ঘোষণা দেওয়া এবং বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা। এছাড়া আন্দোলনকারী কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া যাবতীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা বাতিলের দাবিও জানানো হয়েছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। এর আগে, গত শনিবার থেকে তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। পরে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু হলেও নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে বৃহস্পতিবার বিকেলে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সমুদ্রপথে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৭৮ শতাংশই এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। বিশেষ করে কনটেইনার পরিবহনের ক্ষেত্রে এই বন্দরের ওপর নির্ভরতা ৯৯ শতাংশ। ধর্মঘটের ফলে কনটেইনারে পণ্য রপ্তানি এবং শিল্পের কাঁচামাল খালাস প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, ইয়াসিন রেজা রাজু, আবুল কাসেম, জাহিদ হোসেন, শরীফ হোসেন ভুট্টো ও ইমাম হোসেন খোকন প্রমুখ।