টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কূপে পড়া একটি ছাগল উদ্ধার করতে নেমে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গারো জনপদ জলই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাবা বাবুল হাদিমা (৪৮), ছেলে নেইমার ম্রং, বাবুল হাদিমার শ্যালক রতন নকরেক (২৬) ও ভগ্নিপতি গাব্রিয়েল সাংমা (৪২)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক এ খবরটি নিশ্চিত করেন।
গারো আদিবাসী নেতা ইউজিন নকরেক জানান, আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে বাবুল হাদিমার একটি ছাগল বাড়ির নিকটস্থ একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটি তোলার জন্য বাবুল হাদিমার স্কুলপডুয়া ছেলে নেইমার প্রথম কূপে নামে। কিন্তু তার সাড়াশব্দ না পেয়ে কূপে নামেন রতন। একপর্যায়ে তারও সাড়া না মেলায় কূপে নামেন গাব্রিয়েল। কিন্তু এদের কারও কোনো সাড়া না পাওয়ায় সবার শেষে নামেন বাবুল হাদিমা। তিনিও কূপ থেকে না উঠলে প্রতিবেশীদের মনে সন্দেহ হয়।
গ্রামের সুসাং সাংমা জানান, এরপর মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার দুই ঘণ্টা পর কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকার ইউপি সদস্য হাসমত আলী জানান, পুরোনো কূপে ময়লা-আবর্জনা ফেলায় সেখানে সম্ভবত গ্যাসের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেছেন বলে জানান স্থানীয়রা।