নওগাঁয় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল (শুক্রবার) রাতে মাদকের হটস্পট হিসেবে খ্যাত শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ দুই ঘণ্টাব্যাপী এই যৌথ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তাররা হলেন: সুইপার কলোনী এলাকার শ্রী মুনি (৪০), শহরের খাস নওগাঁ এলাকার শাওন (৪২) ও পৌরসভার বাগবাড়ি পূর্ব পাড়া এলাকার মানিক (৩৮), শহরের পাটালির মোড় শাহি মসজিদ এলাকার রাকিব (১৯), হাট নওগাঁ এলাকার আবির হোসেন (১৯), কোমাই গাড়ি এলাকার মাসুদ রানা (৩২), সদর উপজেলার আনন্দ নগর গ্রামের সিয়াম (১৯), আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামের মনোয়ার হোসেন (৪৮) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বিক্রমপুর বড় মোকাম বাজার এলাকার রাজু মিয়া (৩২)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানের সময় জানতে পারি, শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক কেনাবেচা ও সেবন হচ্ছে। খবর পেয়ে গতকাল রাতেই ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রী মুনি নামে এক নারী মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে মোট ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তার সহযোগী হিসেবে মাদকবিক্রেতা মানিক ও শাওনকেও গ্রেপ্তার করা হয়। একই সময় মাদক সেবন এবং সামাজিক শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তারিকুল ইসলাম বলেন, শহরের এই দুই জায়গার এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরও যদি তারা সাবধান না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অভিযান চালানো হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করছি। গ্রেপ্তার সকল আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।