নরসিংদীর রায়পুরা উপজেলায় অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তিন ভাইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় পাঁচ-সাতজনকে আসামি করে রায়পুরা থানায় মামলাটি করেছেন প্রকৌশলী সাইফুর রহমান।
আসামিরা হলেন— মেশিনঘর এলাকার ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০) ও রাফি উদ্দিন (৪৮)। এর মধ্যে আফিলকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন সোহেল মিয়া নামের একজন লাইনম্যান। ওই সময় সোহেলকে হুমকি দিয়ে কাজে বাধা দেন অভিযুক্তরা। এ ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে যান সাইফুর রহমান। সেখানে যাওয়ার পরই অভিযুক্তরা তার গাড়িচালক বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে আফিল উদ্দিন লোহার রড দিয়ে সাইফুরের মাথায় আঘাত করে হেলমেট ভেঙে ফেলেন। এ সময় তাকে বাঁচাতে গাড়িচালকসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণে জমির টাকা পেয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু ওই জমিতে যেসব স্থাপনা ছিল, অবৈধ হওয়ায় এগুলোর টাকা তারা পাননি। এ নিয়েই তাদের ক্ষোভ ছিল।
ঘটনার বিষয়ে সোহেল মিয়া বলেন, ‘গতকাল দুপুরে কাজ করার সময় তিনজন আমাদের সঙ্গে কথা-কাটাকাটি করেন। একপর্যায়ে আমার গলায় দা ধরে তারা বলেন, রাস্তা করার জন্য সরকার তাদের কাছ থেকে যে জমি নিয়েছে, এর মূল্য পায়নি। তাই সেখানে তারা আমাদের কোনো কাজ করতে দেবেন না। কাজ করলে আমাদের মারধর করেন এবং মেরে ফেলার হুমকি দেন তারা।’
সাইফুর রহমান বলেন, ‘ঘটনাটির পর আমরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করেছি।’
ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক-২ মো. মাহবুব-এ-এলাহী বলেন, গত ২০ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাহমুদাবাদ এলাকায় অভিযুক্তদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময়ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন তারা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেলে উপসহকারী প্রকৌশলীর ওপর হামলা চালানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হওয়ার পরই মাহমুদাবাদ এলাকা থেকে আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।