ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন: ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন স্থানে বালিপাড়াগামী একটি ট্রাক ত্রিশালগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার অজ্ঞাত এক পুরুষ (৩৫) ও অজ্ঞাত এক নারী (৪০) যাত্রী নিহত হন। এ সময় আহত হন অটোরিকশারচালকসহ আরও চারজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ফয়জুল ও রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সময় ট্রাকের চালক পলিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।