রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২ জন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
রবিবার (৩১ মে) দিবাগত রাতে বালারহাট বাজারে কয়েকজন মিলে মদ্যপান করার পর ওই তিনজনের মৃত্যু হয়।
মদ্যপানে নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০) একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) দিবাগত রাতে বালারহাট বাজারে কয়েকজন মিলে মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। মদ থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়লেও মদ্যপানকারীরা বিষয়টি বুঝতে পারেননি। তারা অন্যান্য সময়ের মতোই মদ্যপান করে নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার আগেই ২ জনের মৃত্যু হয়। অপরজন আজ (সোমবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ছাড়াও আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলীর মৃত্যু হয়। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন আকলিমা বেগমের বাড়িতে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, তারা মদ্যপান করেই মারা গিয়েছেন। মরদেহের যাতে ময়নাতদন্ত করাতে না হয়, সেজন্য পরিবারের লোকজন বিষয়টা গোপন করার চেষ্টা করছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর থানার ওসি এরশাদ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা এবং তদন্ত চলমান রয়েছে।