রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. শফিকুল ইসলাম (৫৫) ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। তিনি কোনো কাজকর্ম করতেন না। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের খালাশাশুড়ি রুবিয়া আক্তার জানান, ভোর ৪টার দিকে তাদের পরিবারের সাতজন ঝিনাইদহ থেকে বাসে করে রাজধানীর আজমপুরে আসেন। বাসটি তাদের ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়।
এরপর পরিবারের অন্য সদস্যরা দাঁড়িয়ে থাকলেও শফিকুল রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে ভোর ৬টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।