ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ পরিস্থিতিতে প্রায় ৫০টি তৈরি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রমিকরা সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় অবরোধের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
এর পরপরই ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
অন্যদিকে একই দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন।
আশুলিয়ার খেজুর বাগান এলাকাতেও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এছাড়া জামগড়া, বেরন, জিরাবো, কাটুরিয়া, বাইপাইলসহ আশপাশের বিভিন্ন এলাকার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেন।
শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানা বন্ধের সঠিক পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। তবে অর্ধশতাধিক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।