রাজধানীর হাতিরঝিলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল হানিফ খাঁন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। বর্তমানে হাতিরঝিল এলাকায় ভাড়া থাকতেন।
ঘটনা প্রত্যক্ষদর্শী কামরুজ্জামানসহ কয়েকজন আব্দুল হানিফকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। ঢামেক থেকে তিনি জানান, গতরাতে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা কয়েকজন পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা নিহতের কাছে থাকা মোবাইল পেয়ে তার পরিবারকে ঘটনাটি জানাই এবং তার পরিচয় পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।