নেত্রকোনার পূর্বধলায় রান্নার লাকড়ির টাকা পরিশোধ করতে বাড়ি থেকে বের হওয়ার পর এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পরে প্রতিবেশীর বাড়ির পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারা দিলু (৪২) ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী এনামুল হকের স্ত্রী।
এ ঘটনায় একই গ্রামের বাবুল মিয়া (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া দেলোয়ারার কাছে কিছু রান্নার লাকড়ি বিক্রি করেছিলেন। লাকড়ির বকেয়া ৫০০ টাকা পরিশোধ করতে গেল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেলোয়ারা বাবুলের বাড়িতে যান। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি আর বাড়িতে ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করলে একপর্যায়ে বাবুলের বাড়ির পাশের একটি জঙ্গলে দেলোয়ারাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সেন্টু মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশাররফ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তার দাবি, ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। একই সঙ্গে নিহতের গলায় থাকা স্বর্ণের চেইনও পাওয়া যাচ্ছে না।