ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় সরকার চালু করতে চায়। তাই এর সম্ভববতা যাচাই করতে প্রাথমিক পর্যায়ে পরিদর্শন করতে এসেছি বলে মন্তব্য করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
বৃহস্পতিবার (৪ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলায় অবস্থিত পরিত্যাক্ত মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বন্দর চেয়ারম্যান বলেন, মোগলহাট স্থলবন্দরটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী। একটা সময় এ বন্দর দিয়ে মানুষের যাতায়াত ছিল, যানবাহন ও পন্যেরও যাতায়াত ছিল। এটি পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিতে চায়। ভবিষ্যতে এটি নিয়ে কীভাবে কাজ করা যায় তার সম্ভবতা যাচাই করতেই প্রাথমিক পরিদর্শন করতে এসেছি। এ বন্দর বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গেও একটু আগে আমার কথা হয়েছে। মুলত, এটি প্রাথমিক পর্যায়ের একটি পরির্দশন।
এ সময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এক দিনের সরকারী এই সফরে আজ (বৃহস্পতিবার) সকালে লালমনিরহাট পৌঁছান তিনি। এ সময়ে পরিত্যাক্ত বন্দরটির বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা ঘুরে ঘুরে দেখেন তিনি।