সারাদেশ
যশোরে ৬০০ খুদে ফুটবলারের উৎসবে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত
যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বর্ণাঢ্য ফুটবল উৎসব।
শুক্রবার (২৩ মে) ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ ও ‘বিশ্ব ফুটবল সপ্তাহ’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই উৎসবের আয়োজন করে। উৎসবে খুলনা বিভাগের ১৫টি একাডেমির প্রায় ৬০০ খুদে ফুটবলার অংশ নেয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও বাড়ানোর জন্যেই রাষ্ট্রদূত এই আয়োজনে অংশ নেন।
এ সময় তিনি ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। পরে তিনি শিশুদের একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলা দেখে হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
আলোচনায় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয়। ফুটবল এখানে সব শ্রেণিপেশার মানুষকে একত্র করে। আমরা চাই, বাংলাদেশের তরুণরা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক।’
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এ ছাড়া সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারী ফুটবল দলসহ একুশে পদক-২০২৫ পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি
তাবিথ আওয়াল বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে আমাদের চুক্তির আওতায় এই ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে বড় ভূমিকা রাখবে। যশোরের এই একাডেমি দেশের ফুটবলের উন্নয়নে মডেল হিসেবে কাজ করবে।’
উৎসব শেষে অংশগ্রহণকারী একাডেমি ও সংস্থাগুলোর মাঝে পুরস্কার ও ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ফাহাদ করিমসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
২৮৭ দিন আগে
কুষ্টিয়ায় ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণ-রুপাসহ সিন্দুক চুরি!
কুষ্টিয়ার খোকসায় মাত্র ১২ মিনিটের মধ্যে একটি জুয়েলারি দোকানের কোটি টাকার স্বর্ণ, রুপা ও নগদ টাকাসহ লোহার সিন্দুক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর দুই নৈশপ্রহরীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে ৪টার দিকে খোকসা পৌর বাজারের বাংলাদেশ জুয়েলার্স নামের একটি দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ মে) দুপুরে ব্যবসায়ী মাসুম বিল্লা শো-রুম খুলতে এসে দোকানের একটি শাটারের সবকটি তালা খোলা অবস্থায় দেখতে পান। এরর দোকান খুলে তিনি দেখেন, দুর্বৃত্তরা স্বর্ণ ও রুপা রাখার লোহার সিন্দুকটি তুলে নিয়ে গেছে। এসব দেখে তিনি থানা পুলিশ ও জুয়েলার্স মালিক সমিতিকে বিষয়টি জানান।
ঘটনার পরপরই পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন। পরে স্থানীয় ব্যবসায়ীদের উদ্বেগ ও জনচাপের মুখে শুক্রবার সন্ধ্যায় বাজারের দুই নৈশ প্রহরীকে থানায় পুলিশি হেফাজতে নেওয়া হয়।
দোকানের মালিক মাসুম বিল্লা জানান, তিনি প্রতি শুক্রবার দুপুরের পর দোকান খোলেন। এদিন দোকানে গিয়ে দেখতে পান, তার দোকানের একটি শাটারের সব তালা খোলা এবং প্রায় চার মন ওজনের লোহার প্রধান সিন্দুকটি উধাও।
তার দাবি, চুরি যাওয়া লোহার সিন্দুকটিতে খরিদ্দারের ৪৫ থেকে ৫০ ভরি সোনা, ৩০০ গ্রাম রূপা ও নগদ ৩০ হাজার টাকা ছিল। এ ঘটনায় তার ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বাজারের ব্যবসায়ীদের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে সিলভার রঙের একটি প্রাইভেটকার বাংলাদেশ জুয়েলার্সের সামনে এসে থামে। তখন মসজিদে ফজরের আজান হচ্ছিল ও লোকজন রাস্তায় চলাফেরা শুরু করেছিল। ঠিক ১২ মিনিট পর প্রাইভেটকারটি যেদিক থেকে এসেছিল সেই দিকে ফিরে যায়। ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, এই গাড়িতেই চুরির মালামাল নিয়ে পালায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: অজ্ঞান পার্টির কবলে দুই পরিবার, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, ‘থানা থেকে সামান্য দূরে স্বর্ণের দোকান থেকে দুর্বৃত্তরা সিন্দুক লুটে নিয়ে যাওয়ার পর সাধারণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অপরাধীদের আটক ও লুটে নেওয়া মালামাল ফেরতের দাবি করেছেন।'
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত খোকসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দিবাকর জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে প্রহরীদের হেফাজতে নেওয়া হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
২৮৭ দিন আগে
মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে বিদ্যুতায়িত হয়ে হাউস আলী নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে এই ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী হাউস আলী ওই গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত
নিহতের পরিবার জানায়, বাড়িতে দেওয়াল কাটার সময় গ্রাউন্ডার মেশিন ব্যবহার করছিলেন হাউস আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
২৮৮ দিন আগে
কেরানীগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে বিদেশি অস্ত্র বহন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের বিল কাঠুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার নুর আলম দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কলমিভিটা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: শাহবাগে ডিবির অভিযানে ৯০ লাখ টাকার মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নুর আলম তার কয়েকজন সহযোগীকে নিয়ে এলাকায় অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন। খবর পেয়ে ওই রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে এবং নুর আলমকে গ্রেপ্তার করে।
ওসি জানান, নুর আলমের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
২৮৮ দিন আগে
ভৈরবে বাজারে ঢুকে পড়া অনিয়ন্ত্রিত ট্রাকের চাপায় নিহত ২
কিশোরগঞ্জের ভৈরবে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন।
শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে আসা ওই কাঠবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে ঢুকে পড়ে। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত ১০ জনের মধ্যে অটোরিকশার যাত্রী ও পথচারীরা রয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহ আল মিয়া বলেন, সকালে ট্রাকটি দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সোজা বাজারের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাজার করতে আসা দুজন ট্রাকচাপায় মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, ‘আজ সকালে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
২৮৮ দিন আগে
চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোন নিহত
চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন— হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফয়জিয়া (২)।
পরিবারের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ইউএনবিকে জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
২৮৮ দিন আগে
সিলেটে ‘ছোট ভাইয়ের হাতে’ বৃদ্ধ খুন, গ্রেপ্তার ২
সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সিরাজুল ইসলাম সিরাই (৭০) নামের এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় খুনের অভিযোগে নিহতের ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগম ও দেবর বাবুল আহমদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে হাতাহাতি শুরু হলে বড় ভাই সিরাজুল ইসলাম এগিয়ে এলে ছোট ভাই বাবুল আহমদ ও তার ছেলে হাকিম তাকে কিলঘুষি মারতে শুরু করেন। মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে তাদের বাড়িতে ডেকে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে বাবুল ও হাকিমসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২৮৮ দিন আগে
রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারকে পুশ-ইন করল বিএসএফ
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।
স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ওই পরিবারটি রামগড়ের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে স্থানীয়রা মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
আরও পড়ুন: কুলাউড়ায় পুশ-ইন: শিশুসহ আটক ৭
এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনা সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গত ১২ মে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি।
পুশ-ইন করা ব্যক্তিদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে— জানতে চাইলে ডিজি বলেন, ‘আমরা পুলিশ ভেরিফিকেশনে যাদের বাংলাদেশি পেয়েছি, তারা গত ২ থেকে ৩ বছর মধ্যে এমনকি অনেকে ২০ থেকে ২৫ বছর আগে নানা কাজে ভারতে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেরই সন্তানাদি আছে। তাদের মধ্যে অনেকেরই ভারতের আধারকার্ডসহ অন্যান্য ডকুমেন্টস ছিল।’ ভারতের পুলিশ বা বিএসএফ সেগুলো রেখে দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করেছে বলে জানান বিজিবি মহাপরিচালক।
পুশ-ইনের পর বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
২৮৮ দিন আগে
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গোপালগঞ্জ জেলা কারাগারে রতন মোল্লা (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রতন মোল্লার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের মুজিব মোল্লার ছেলে।
নিহত রতনের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।
গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান জানান, ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রতনকে গত ১৯ মে জেলা কারাগারে পাঠায় পুলিশ। গতকাল (বুধবার) দুপুর পৌনে ২টার দিকে রতন অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রলিচাপায় নারী নিহত
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, ‘রতন মোল্লা নামে একজন হাজতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে জেলা পুলিশ। রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
২৮৯ দিন আগে
নাটোরে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।।
বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিথি খাতুন ওই গ্রামের কৃষক আবু বকরের কন্যা। বিথি আগ্রান গণজাগরণ উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে বাড়ির ভেতর ট্যাপে হাত ধোয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দেওয়ালসংলগ্ন পেয়ারা গাছের ধাক্কায় দেওয়ালটি ভেঙ্গে বিথির গায়ে পড়ে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বনপাড়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন
এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৮৯ দিন আগে