সারাদেশ
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত চব্বিশ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৩৬ শিশুর মৃত্যু হলো।
রবিবার (২৪ মে) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ বছর বয়সের আরও এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
ডা. গোলাম মাওলা জানান, ২০ মে ময়মনসিংহের ফুলবাড়িয়ার পাহাড় অনন্তপুর থেকে হামের লক্ষণ নিয়ে ৪ বছর বয়সী এই শিশুটি হাসপাতালে ভর্তি হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে গতকাল (শনিবার) সকালে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় শিশুটি মারা যায়।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ৫৭৯ শিশু মমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪৮১ শিশু আর মৃত্যু হয়েছে ৩৬ শিশুর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৪৬ শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭২ শিশু। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে ও বারান্দায় স্থান নিয়েছে।
তিনি বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে ৩ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিন আরও বলেন, এই হাসপাতালে লোকবল ও যন্ত্রপাতির অভাবে শিশুদের আইসিইউ এখনও চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে বাবল সিপ্যাপেই চালানো হচ্ছে চিকিৎসা।
১১ দিন আগে
কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসামিকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২
কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসামিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ ঘটনার পর দুপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন ও রণি নামে দুজন স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
১১ দিন আগে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
১১ দিন আগে
টেন্ডার ছাড়াই ঝিনাইদহে জেলা পরিষদের গাছ সাবাড়
ঝিনাইদহ জেলা পরিষদের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছের তালিকায় এবার ঠাঁই পেয়েছে সতেজ ও তরতাজা রেইনট্রি গাছ। জেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের আড়পাড়া নামক স্থানে কোনোপ্রকার টেন্ডার (দরপত্র) ছাড়াই তিনটি কড়ই গাছ কেটে ফেলা হচ্ছে। ‘মৃত ও ঝুঁকিপূর্ণ’ অজুহাতে এভাবে জীবন্ত গাছ কেটে সাবাড় করায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবিদ ও সচেতন মহল।
স্থানীয়রা বলেন, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের আড়পাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বড় কড়ই গাছ গত কয়েকদিন ধরে কাটা হচ্ছে। গাছগুলো সম্পূর্ণ সতেজ এবং ডালপালায় সবুজ পাতা ছিল। কোনোভাবেই এগুলো মৃত বা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ ছিল না। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তির মৌখিক আবেদনে জেলা পরিষদ গাছগুলো কাটার অনুমতি দেয় বলে দাবি তাদের।
তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী সরকারি সম্পদ বিক্রয় বা কাটার আগে টেন্ডার প্রক্রিয়ার বাধ্যবাধকতা থাকলেও, এক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।
আড়পাড়া গ্রামের বাসিন্দা বাবলু হোসেন বলেন, আমার বাড়ির সামনের গাছের একটি ডাল তার তিনতলা ভবনের ছাদের অনেক ক্ষতি করছিল। ডালগুলো কাটার জন্য কিছুদিন আগে জেলা পরিষদে আবেদন করি। গত ১৯ মে জেলা পরিষদের কর্মচারি মিল্টন শ্রমিক দিয়ে ডালগুলো কেটে দেন। এ জন্য তিনি তার কাছ থেকে ১৮ হাজার টাকাও নিয়েছেন। কিছু ডাল মিল্টন কালীগঞ্জে বিক্রিও করেছেন বলে অভিযোগ করেন তিনি।
আড়পাড়া এলাকার আব্দুর রউফ জানান, এই শতবর্ষী গাছগুলো কালীগঞ্জের ঐতিহ্য। তরতাজা এই গাছগুলো এভাবে কেটে ফেলা চরম অন্যায়। এলাকাবাসীদের সঙ্গে নিয়ে তারা এই গাছ কাটা বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এই গাছ কাটায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় পরিবেশবিদ মিজানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে যেখানে দেশজুড়ে তীব্র তাপদাহ চলছে এবং বেশি বেশি গাছ লাগানোর তাগিদ দেওয়া হচ্ছে, সেখানে ঝিনাইদহ জেলা পরিষদ উল্টো পথে হাঁটছে। মৃত ও ঝুঁকিপূর্ণ হওয়ার দোহাই দিয়ে যেভাবে বিনা টেন্ডারে তরতাজা ও ছায়াঘন কড়ই গাছগুলো কেটে ফেলা হলো, তা অত্যন্ত দুঃখজনক ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটি সরকারি সম্পদের অপচয় এবং পরিবেশের ওপর চরম আঘাত।
এ বিষয়ে জেলা পরিষদের কর্মচারী মিল্টন বলেন, ওই এলাকার বাবলু হোসেন নামের একজন অফিস থেকে অনুমতি নিয়ে এসেছেন। অফিস আমাকে দায়িত্ব দিয়েছে এটি দেখভাল করার জন্য। সেখান থেকে কিছু ডাল বিক্রি করে শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়েছে।
জেলা পরিষদের সিএ শফিউদ্দিন জানান, আড়পাড়া গ্রামের বাবলু হোসেনসহ একাধিক ব্যক্তি ঐ গাছগুলোকে ঝুঁকিপূর্ণ ও মৃত দাবি করে সেগুলো কাটার জন্য জেলা পরিষদে আবেদন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই গাছগুলো কাটা হচ্ছে বলে তিনি দাবি করেন।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা জানান, বিভিন্ন সড়কে জেলা পরিষদের ডালপালাবিহীন, মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটার সিদ্ধান্ত হয়েছে। গত ২৯ মার্চ জেলা পরিষদের সভায় এ সংক্রান্ত অনুমোদন নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মোতাবেকই আড়পাড়া এলাকার গাছগুলো কাটা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘গাছ কাটার পরে নিয়ম অনুযায়ী টেন্ডার আহ্বান করা হবে।’
১২ দিন আগে
শেরপুরে ঝড়ে গাছচাপায় নারী নিহত, বিধ্বস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি
শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছের নিচে চাপা পড়ে বেগম বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে নালিতাবাড়ির নন্নী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, আজ (শনিবার) সকাল থেকেই শেরপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি শুরু হয়। সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করেই নালিতাবাড়ির ওপর দিয়ে তীব্র গতিতে ঝড় বয়ে যায়। এ সময় প্রবল গতিতে ঝড়টি টর্নেডোয় পরিণত হয়ে নালিতাবাড়ির যোগানিয়া, নন্নী পশ্চিমপাড়া, নন্নী উত্তরবন্দ, ছাইচাকুড়া ও হাতিপাগারসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। মাত্র দেড় মিনিটের এ টর্নেডোর আঘাতে এসব এলাকার বেশকিছু কাঁচা ও টিনশেড ঘরের চাল উড়ে যায় এবং বিধ্বস্ত হয়। এ ছাড়া বেশকিছু গাছও উপড়ে পড়ে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নন্নী পশ্চিমপাড়া গ্রামের নিজ বসতভিটার একটি বড় কাঁঠাল গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘরের বারান্দায় রান্না করতে থাকা অবস্থায় বেগম বিবি গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় তিনি ঘরেই বসা ছিলেন। হঠাৎ করেই টর্নেডো আঘাত হানে। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল, মনে হচ্ছিল যে তার পাকা বাড়িটিই উড়িয়ে নিয়ে যাবে। ঝড় থামার পর বাইরে বেরিয়ে তিনি দেখেন, আশপাশের বেশ কয়েকটি কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়ে আছে।
এ ব্যাপারে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, আকস্মিক এই ঝড়ে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকাগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রক্রিয়া চলছে।
১২ দিন আগে
নওগাঁয় রায়ের নথি চুরি করে চাঁদা দাবি, কর্মচারীসহ গ্রেপ্তার ৪
নওগাঁয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের রায়ের জন্য অপেক্ষামাণ গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবির অভিযোগে দুই কমর্চারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশের সদস্যরা। সেইসঙ্গে চুরি হওয়া নথিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩মে) দুপুর ১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২১মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার ওই নথিগুলো হারিয়ে যায়। এরপর শুক্রবার (২২মে) দিনব্যাপী রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন— নওগাঁ সদর উপজেলার সিংবাচা গ্রামের এস এম আকাশ (২৬), যুগ্ম জেলা ও দায়রা আদালতে-২-এর পিয়ন পলাশ হোসেন। পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং শহরের বকুল তলা এলাকার সবুজ (৪০)। তিনি কোর্টের মুহুরী হিসেবে কাজ করতেন।
পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি চৌকষ দল দিনব্যাপী এই অভিযানটি পরিচালনা করেন।
তারিকুল ইসলাম বলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর ৯০৪/২০২২ নম্বর মামলাটির রায় ঘোষণা হবার কথা ছিল। কিন্তু তার আগেই ওই মামলার নথি চুরি হয়ে গেছে। সেইসঙ্গে চুরি হওয়া নথিটি ফেরত দেওয়ার বিনিময়ে একটি অজ্ঞাত নাম্বার থেকে আদালতের এক কর্মচারীর নিকট ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।
তিনি বলেন, বিষয়টি গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ নওগাঁ হতে রায়ের জন্য অপেক্ষামাণ একটা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে গেছে জানার পর ডিবি পুলিশকে দ্রুত চোর শনাক্তসহ মামলার নথি উদ্ধারের জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর চুলচেরা বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মূল চোরকে শনাক্ত করে প্রথমে রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করা হয়। পরে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। এবং তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় একটি খড়ের পালা থেকে নথিটা বের করে দেন।
এসপি বলেন, পরবর্তীতে আকাশের দেওয়া তথ্যমতে নওগাঁ সদর ও বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা আদালতে-২-এর পিয়ন পলাশকে ও তার ভাই পিয়ন আরিফ এবং সর্বশেষ কোর্টের মুহুরী সবুজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আসামি আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে তিনজনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজন জড়িত থাকা আসামির কথা উল্লেখ করেন। এর পেছনে কী উদ্দেশ্যে আছে, তা উদঘাটন করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
১২ দিন আগে
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকা টোল আদায়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সরকারি ছুটির ২ দিন আগে থেকেই যমুনা সেতুতে প্রায় দ্বিগুণ যানবাহনের চাপ বেড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে প্রায় ৩৫ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) বিকেল থেকে সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে এবং সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। ঈদযাত্রায় যানবাহনের চাপ সামলাতে ও দ্রুত টোল আদায়ে আজ শনিবার (২৩ মে) সকাল থেকে আরও ৪টি বুথ বাড়িয়ে ১৮টি টোল বুথ চালু করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়কে যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১২ দিন আগে
এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের নামে এবার ছাত্রদলের মামলা
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এবার এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদল পাল্টা মামলা করা হয়েছে।
শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় এই মামলাটি করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির।
মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী তারেকুল ইসলাম তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন: মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, হৃদয় মাস্টার, লাবাবুল বাশার লাবু, শিহাব শাহ, নয়ন, সুলতান শাহ, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরানসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) দুপুরে বাদী মো. এনামুল কবির ঝিনাইদহ পৌরসভাধীন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দুপুর ১টা ৫০ মিনিটে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী জেলা শাখার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন।
বাদীর অভিযোগ, ওই বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর সমালোচনা করছিলেন, যাতে ১ নম্বর আসামি তারেক রেজা উস্কানি দেন। এ সময় বাদী ও সাধারণ মুসল্লিরা এই বক্তব্যের প্রতিবাদ ও অনুরোধ জানালে ১ নম্বর আসামির হুকুমে এনসিপির নেতা-কর্মীরা ছাত্রদল নেতাদের ওপর চড়াও হন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বাদীকে ঘিরে ধরে এবং মারপিট শুরু করেন। একপর্যায়ে আসামি তানাঈম বাদীকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করলে তার কপাল ফেটে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পিস্তলের বাট, ধারালো দা ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজ (শনিবার) বিকেলে জানান, বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১৫ জন নেতা-কর্মীর নামে এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে ছাত্রদলের পক্ষ থেকে এই পাল্টা মামলা করা হলো।
১২ দিন আগে
এক শিক্ষকের বিদায়ে কাঁদল পুরো বিদ্যালয়
ফুল হাতে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে শত শত শিক্ষার্থী। দুই পাশে তৈরি হয়েছে ভালোবাসার মানবসারি। সেই পথ ধরে সহকর্মী শিক্ষকদের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সবার প্রিয় মানুষ, গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. শাহজাহান-ই-হাবীব। আর ঠিক তখনই শিক্ষার্থীদের হাতে থাকা ফুল ঝরে পড়ছে তার ওপর। পুষ্পবৃষ্টিতে ভেসে উঠছে বিদায়ের আবেগঘন মুহূর্ত।
কেউ গোলাপ হাতে এগিয়ে এসে প্রিয় স্যারকে জড়িয়ে ধরছে, কেউ পা ছুঁয়ে নিচ্ছে দোয়া, আবার কেউ কান্নাজড়িত কণ্ঠে বলছে ‘স্যার, আপনাকে ভুলব না।’ বিদায়ের এই দৃশ্যে আবেগ সামলাতে পারেননি শিক্ষক, শিক্ষার্থী এমনকি অতিথিরাও।
দীর্ঘ সাড়ে ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে চোখের জলে বিদায় নিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. শাহজাহান-ই-হাবীব।
বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুরো বিদ্যালয়জুড়ে তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে দেখা যায়, প্রিয় শিক্ষকের বিদায় মেনে নিতে পারছিল না শিক্ষার্থীরা। কেউ স্যারের গলা জড়িয়ে ধরে অঝোরে কাঁদছে, কেউ হাত ধরে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে। আবার অনেকেই চোখের পানি মুছতে মুছতে শেষবারের মতো স্মৃতিবন্দি করতে ব্যস্ত ছিলেন প্রিয় মানুষটিকে। শিক্ষার্থীদের এমন ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন শাহজাহান-ই-হাবীব নিজেও।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আখতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, মো. শাহজাহান-ই-হাবীব ১৯৬৬ সালের ৬ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। এমএ ও বিএড সম্পন্ন করার পর ১৯৯৪ সালের ১ জানুয়ারি নিজ এলাকায় শিক্ষা বিস্তারের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৯৯৫ সালের জানুয়ারিতে বিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বে বিদ্যালয়টি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া ও জাতীয় দিবসের বিভিন্ন আয়োজনে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করে। তিনি একবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং তার হাতে গড়া প্রতিষ্ঠানটি দুইবার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
১২ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের পটিয়ায় বাসের চাপায় মোটরসাইকেলআরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ পাড়ার জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। তাসলিম পটিয়া সদরের রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং সামি উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
আহত তানবীর ইসলাম জয়কে (১৮) প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আজ (শনিবার) সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির গরু দেখতে বের হন। দুপুরে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ওসি মো. হারুনুর রশিদ আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
১২ দিন আগে