সারাদেশ
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিজান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে তিনি সীমান্তের পাশে ধানখেতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট (গুলি) ছোড়েন। একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে মিজান নামে একজন কৃষক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে এখনও এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৫৯ দিন আগে
বীরগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ থেকে আব্দুল জলিল (২৭) নামক নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার সময় খবর পেয়ে নিহতের বাড়ির পাশের ভুট্টাখেত থেকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
আব্দুল জলিল বীরগঞ্জের ৬ নম্বর নিজপাড়া দামাইক্ষেত্র প্রামাণিক পাড়ার দুলাল মিয়ার ছেলে ছিলেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গতকাল (রবিবার) রাতে হাবলুহাট বাজার থেকে বাড়ি ফিরে রাতের খাবার শেষ করে পাশের একটি বাজারে গিয়েছিলেন আব্দুল জলিল। বাজার থেকে ফিরে ঘরে শুয়েছিলেন তিনি। পরে ঘরে গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বজনরা। কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর একপর্যায়ে বাড়ির পাশেই ভুট্টাখেতের আইলে জলিলের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান তার চাচাতো ভাই আইনুল এবং প্রতিবেশী বেলাল।
বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাওন কুমার সরকার জানান, সুরতহাল প্রতিবেদনে উল্লেখযোগ্য কোনো আলামত চোখে পড়েনি তাদের। মৃত্যুর কারণ জানতে মরদেহটি উদ্ধার করে আজ (সোমবার) দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন তারা।
৫৯ দিন আগে
নড়াইলে জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
নড়াইলের কালিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষ্ণপদ আচার্য্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত কৃষ্ণপদ আচার্য্য উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ আচার্য্যের ছেলে। অভিযুক্তরা হলেন— একই গ্রামের আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) ও মাহিদুল শেখ (৩৫)।
স্থানীয় ও স্বজনরা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ আচার্য্য কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার ওপর অতর্কিত হামলা চালান। তারা তাকে মাথা, হাত ও পায়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বীর মুক্তিযোদ্ধা বলেন, মনসা মন্দিরের জমি ও আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে মামলা চলছে। এ মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে তারা। আমি তাদের বিরুদ্ধে মামলা করব। আমি এই ঘটনার যথাযথ বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে অভিযান চলছে।
৫৯ দিন আগে
সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, কোটি টাকার ক্ষতির আশঙ্কা
সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রবিবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরটির সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ৭ জন আনসার সদস্য আহত হয়েছেন। এ সময় সার্ভার রুমের কাঁচ ভেঙে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের ওপরের তলা) সার্ভার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
তবে, এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানান ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, সার্ভার রুমে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ফ্লাইট চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
৫৯ দিন আগে
সিলেটে চোরাচালানকারীদের ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনতাইচেষ্টার মামলায় যুবদল নেতা মনিজুল গ্রেপ্তার
সিলেটে চোরাচালানকারীদের ভারতীয় পণ্যবাহী ট্রাক পুলিশের কাছ থেকে ছিনতাইচেষ্টার অভিযোগে মহানগর যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিজুল আহমদ সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক। তিনি আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় চোরাচালান-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, শনিবার মধ্যরাতে আম্বরখানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি মনিজুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। এ সময় চোরাকারবারীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ট্রাক নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে। সেখানে তারা ট্রাকটি রেখে পালিয়ে যায়।
ওই সময় মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান। তারা জব্দ করা ভারতীয় পণ্যবাহী ট্রাকটি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা ট্রাকটি ফেলে পালিয়ে যান।
এই ঘটনার একটি ভিডিও ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, আইনশৃঙ্খলার অবনতি রোধে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মনিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
৫৯ দিন আগে
ঝিনাইদহে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই কৃষক নিহত
ঝিনাইদহের মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই কৃষক নিহত হয়েছেন। সম্পর্কে তারা মামা-ভাগ্নে ছিলেন।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫)। রফিকুল ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম মৃত আবু সামার ছেলে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, দুপুরে রফিকুল সরকার বাগানমাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বৈদ্যুতিক তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও জানান, পাশের জমিতে কাজ করা নুর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাঠে কাজ করার সময় মোটরের লিকেজ বৈদ্যুতিক তারে জড়িয়ে মামা-ভাগ্নে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৬০ দিন আগে
সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি, মুক্তিপণ দিয়ে ফিরেছেন ৬ জেলে
মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহরণের শিকার ১০ জেলের মধ্যে ৬জন জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছে।
শুক্রবার (৪ মার্চ) সকালে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম এবং আজ (শনিবার) ভোরে আনারুল, ইমরান ও সুশান্ত বাড়িতে ফিরে আসেন। এর আগে অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণের টাকা পরিশোধ করেন।
ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানিয়েছেন, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত এবং ইমরানের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনও কোন খোঁজ মেলেনি।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনে যাতায়াতকারী জেলেরা দাবি করেছেন, ১ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে দস্যুমুক্ত করার নির্দেশনা দেন। তার নির্দেশনার পর র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ তৎপর হওয়ার কারণে জলদস্যুরা অপহৃত অপর জেলেদের নিয়ে নিচের দিকে নেমে গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে অপর চার জেলের সঙ্গে তাদের অপহরণ করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, এ ধরনের ঘটনায় জেলেরা অনেক সময় নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তারা পুলিশকে তথ্য দিতে চায় না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
এদিকে, বনবিভাগের কর্মকর্তা জানান, সুন্দরবনের নোটাবেঁকী টহল ফাঁড়ি-সংলগ্ন অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে সাতজনের একটি মৌয়াল দল মধু সংগ্রহ করছিলেন। পরবর্তীতে অভয়ারণ্যে মধু কাটার অভিযোগে স্মার্ট টহল টিমের সদস্যরা তাদের আটক করেছেন। তবে নেটওয়ার্কের বাইরে অবস্থানের কারণে আটক ৭ মৌয়ালের কারও নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
৬০ দিন আগে
হামের প্রাদুর্ভাব: দলীয় নেতা-কর্মীদের গ্রামের দিকে খেয়াল রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিএনপি নেতা-কর্মীদের গ্রামাঞ্চলে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই এলাকায় যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি অনুরোধ করবো যে গ্রামের দিকে খেয়াল রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমাদের বাচ্চারা যদি হাম আক্রান্ত হয়, সাথে সাথে আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তানও যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে, কোন মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন।’
তিনি জানান, আজ থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে এ কার্যক্রম শুরু হবে এবং ৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে টিকা দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় আমরা এই টিকাদান কর্মসূচি অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি।’ একইসঙ্গে তিনি অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলেও মন্তব্য করেন।
৬০ দিন আগে
হাম প্রতিরোধে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে। যেখানে ঘাটতি রয়েছে সেখানে দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে।
তিনি বলেন, হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে, যেখানে ঘাটতি রয়েছে সেখানে দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। টিকার কোনোরকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে। জনগণের সম্পৃক্ততার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করীম ভুইয়া, সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গাজীপুরে হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদানকেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৮ হাজার টিকা প্রদান করা হবে, যা চলবে আগামী ১৫ দিন। এই কার্যক্রমে জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে।
গাজীপুরসহ ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপন করা হয়েছে অস্থায়ী টিকাদানকেন্দ্র। ইতোমধ্যে অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে।
৬০ দিন আগে
চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলি: শিশুসহ আহত ৪, আটক ৫
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ফাহিম (১২) নামে এক শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) মধ্যরাতে মহানগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর ময়দারমিল এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ময়দার মিল এলাকায় ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফাহিমসহ কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোলাগুলিতে আহত শিশু ফাহিম ময়দার মিল এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা মো. কালামের ছেলে। তার মা জোসনা জানান, সেখান দিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে সে গুলিবিদ্ধ হয়। বর্তমানে ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, ফাহিমের হাঁটুর নিচে গুলির আঘাত রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে তার প্রাণের আশঙ্কা নেই।
এ ঘটনায় ফাহিম ছাড়াও মো. হাসান, জসিম ও ইসমাইল মিয়া নামে আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, কয়েকদিন ধরেই ময়দার মিল এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সাধারণ মানুষ এ ধরনের সহিংসতার শিকার হচ্ছে। তার দাবি, প্রশাসন যেন দ্রুত নিরাপত্তা জোরদার করে।
স্থানীয়রা জানান, গোলাগুলিতে জড়িত দুই গ্রুপই সরকার দলীয় বিএনপি-সমর্থিত সন্ত্রাসী।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তারা। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। নগর পুলিশের তালিকাভুক্ত ৩০০ সন্ত্রাসীর মধ্যে তার নাম রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর মোরশেদ খান এলাকায় ফিরে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। এলাকায় ফিরে আসার পর তার প্রতিপক্ষ সোবাহান ও শওকত তাকে মারধর করে এলাকাছাড়া করেন। এই ঘটনার জেরে গতকাল (শনিবার) তার অনুসারীরা প্রতিপক্ষের ওপর হামলা চালান। হামলায় প্রতিপক্ষের কেউ আহত না হলেও সাধারণ মানুষ আহত হন বলে দাবি পুলিশের।
নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, অভিযানে ফারুক হোসেন নামে এক ব্যক্তির বাসা থেকে একটি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
৬০ দিন আগে