সারাদেশ
মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ পরাশক্তির নির্যাতনের কারণে পিষ্ট। মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, এই মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। অনেক ত্যাগ-তীতিক্ষার পর আজকে গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে। তারেক রহমানের নেতৃত্বে সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই কামনা করি।
বিগত দিনের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ দিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহ কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্র সমূহ পরাশক্তির নির্যাতনের কারণে পিষ্ট। মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে।
ঈদের নামাজ শেষে স্পিকার তার নির্বাচনি এলাকার রাজনৈতিক দলের নেতারা, সাধারণ জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
৭ দিন আগে
গাজীপুরে ট্রান্সমিটারের তার ছিঁড়ে নিহত এক, দগ্ধ ৩
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ট্রান্সমিটারের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে। এতে আরও ৩ জন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে ) সকালে কোনাবাড়ীর পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (১৭) রাজশাহী জেলার মো. সোহেল মিয়ার ছেলে ছিল। সে ওই বিদ্যালয়-সংলগ্ন সেলিম মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করত।
দগ্ধ তিনজন হলেন— কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকার মো. সোহান এর ছেলে তালহা (১০) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৬)। তিনি বর্তমানে পারিজাত এলাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরজন কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন সড়কঘাটা গ্রামের জামরুল ইসলামের ছেলে মো, নিরব (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে ওই বিদ্যালয়-সংলগ্ন কাকলি নিবাসের সামনে হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সমিটারে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রান্সমিটারের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় তারের সংস্পর্শে এসে রবিউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও তিনজন ঝলসে গেছে। আহতদের প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। অপর একজন বর্তমানে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়ে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার বলেন, খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
৭ দিন আগে
দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজারে চামড়া সংগ্রহ শুরু
ঈদুল আজহার নামাজ শেষে দেশজুড়ে চলছে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানি। এরই পরিপ্রেক্ষিতে কেনাবেচায় সরগরম হতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মার্কেট নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলো।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর শহরের বিভিন্ন পাড়া, মহল্লা ও শহরতলী এলাকা থেকে মার্কেটে আসতে শুরু করেছে পশুর কাঁচা চামড়া।
সরেজমিনে দেখা গেছে, আড়তদাররা দরদাম করে কিনছেন কাঁচা চামড়া। ইতোমধ্যেই এখানে মানভেদে গরুর চামড়া ৩০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। ছাগলের চামড়া বরাবরের মতোই কম দামে বিক্রি হচ্ছে। ছাগলের চামড়া প্রতিটি ৪০/৫০ টাকায় বেচাকেনা চলছে।
সময় যত বাড়বে মার্কেটের কেনাবেচা ও ব্যস্ততা ততই বাড়বে বলে জানান কাঁচা চামড়া ব্যবসায়ীরা।
নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, এবারের কোরবানিতে নাটোর মার্কেটে প্রায় ১২ লাখ চামড়া সংগ্রহ হতে পারে।
তিনি জানান, গত বছর প্রায় ৮ লাখ কাঁচা চামড়া সংগৃহীত হয়েছিল নাটোর মার্কেটে। এবার কোরবানিতে এ সংখ্যা বাড়বে বলে ধারণা তার।
৭ দিন আগে
নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ
সাতক্ষীরার কালিগঞ্জে নিজ এলাকায় পরিবারের সকলের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় তেঁতুলিয়া পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে তিনি ঈদের নামাজ আদায় করেন।
নামাজে তার সঙ্গে তার বাবা ও ভাইসহ এলাকার অন্যান্য মুসল্লিরা অংশগ্রহণ করেন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা পরিবারের মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দোয়ায় অংশ নেন। নামাজ ও দোয়া শেষে মোস্তাফিজের পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করা হয়।
৭ দিন আগে
ঈদের দিন দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ঝরল দুই শিশুর প্রাণ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু দুটির মা ফরিদা বেগম (২৫) ও দুলালী বেগম (২০)। অটোরিকশাচালকও এ ঘটনায় সামান্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন ভোর সোয়া ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুল্লাহ (৪) জয়পুরহাটের পাঁচবিবির রশিদপুর গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে। নিহত আরেক শিশু আরিফা (৪) দিনাজপুরের হাকিমপুরের বারো আরিয়া মাটিকাটা গ্রামের আল আমিনের মেয়ে ছিল সে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে বিকল্প কোচে চড়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়ান এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিল দুই পরিবারের দুই শিশুসহ দুই নারী। গোবিন্দগঞ্জে কোচ থেকে নেমে অটোরিকশায় চড়ে গন্তব্যে যাবার সময় ঘোড়াঘাটের কানাগাড়ী বাজার হাইওয়ে এলাকায় ভোর সোয়া ৪টার দিকে বৃষ্টির কারণে ধীরগতিতে চলা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শিশুদুটিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎক।
এছাড়া ওই দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
৭ দিন আগে
গোর-এ-শহিদ বড় ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত
উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরপত্তায় দেশের মধ্যে বৃহত্তম দিনাজপুরের গোর-এ-শহিদ বড় ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন প্রায় মুসল্লি।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় আয়োজিত নামাজে অংশ নিতে আশপাশেরসহ দূর-দূরান্তের মুস়ল্লিরা শরিক হন।
নামাজে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাসেমি। নামাজে উপস্থিত ছিলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানান শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে সামাজিক অপরাধ নির্মুলে হেদায়েত কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন তারা।
বেশি সওয়াবের আশায় বড় ঈদ জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দূর-দূরান্তের মুসল্লিরা।
৭ দিন আগে
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ জন নিহত
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সৃষ্ট দু্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এর ফলে মোটরসাইলের দুই আরোহীসহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল থেকে ১২ বছরের আরও একটি শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্য একজন অন্তঃসত্ত্বা নারী, একটি শিশু এবং ৩ জন পুরুষ রয়েছেন।
দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৭ দিন আগে
কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় টিক্কা মোল্লা (৫৬) নামে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের জিলাপীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিক্কা মোল্লা খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোকসার দিক থেকে আসা একটি নছিমন কুমারখালীর দিকে যাচ্ছিল। এ সময় ঝালমুড়ির মালামালবোঝাই ভ্যান নিয়ে টিক্কা মোল্লা সড়ক পার হচ্ছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে আসা নছিমনটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কের উত্তর পাশে গামছা দিয়ে ঢেকে রাখা ছিল টিক্কা মোল্লার মরদেহ। পাশে পড়ে ছিল ঝালমুড়িসহ দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যানটি।
প্রত্যক্ষদর্শী আশকার হোসেন বলেন, ঝালমুড়ি বিক্রেতা টিক্কা মোল্লা সড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে আসছিলেন। এ সময় হঠাৎ বেপরোয়া গতিতে একটি গরুবোঝাই নছিমন এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ সড়কে ছিটকে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
কলেজছাত্র ইরফান রানা বলেন, জিলাপীতলা মোড়ে বাজার আছে। তবুও সড়কে স্পিডব্রেকার নেই। আবার নছিমনটির গতিও ছিল অতিরিক্ত। অতিরিক্ত গতি আর স্পিডব্রেকার না থাকায় আজ ঝালমুড়ি বিক্রেতার প্রাণ গেল।
নিহতের স্বজন মিন্টু হোসেন বলেন, প্রতিদিনের মতো দুপুর ২টার দিকে ঝালমুড়ি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন আমার দুলাভাই। পরে দুর্ঘটনার খবর শুনে এসে দেখি রাস্তার ধারে তার মরদেহ পড়ে আছে; ভ্যানটিও ভেঙে গেছে। তার পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানান তিনি।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নছিমনের ধাক্কায় একজন ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক নছিমনটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।
৭ দিন আগে
মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেল ৫ শতাধিক যাত্রী
ঈদুল আজহার আগে বাড়ি ফেরার পথে উত্তাল মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিআইডব্লিউটিসির একটি সি-ট্রাকের পাঁচ শতাধিক যাত্রী। প্রায় এক ঘণ্টা ঝড় ও ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে জীবিত তীরে ফিরে এসে অনেকে পন্টুনে সেজদা দেন এবং আবেগে কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টি শুরু হয়। ঝড়ের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে এবং বড় বড় ঢেউ আঘাত হানতে থাকে।
এ সময় লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে কয়েকশ যাত্রী নিয়ে বিআইডব্লিউটিসির সি-ট্রাক ‘সাঙ্গু’ ভোলার ইলিশা ঘাটের উদ্দেশে রওনা দেয়। সি-ট্রাকটি ইলিশা ঘাটের কাছাকাছি পৌঁছালেও প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কারণে পন্টুনে ভিড়তে পারেনি।
পরিস্থিতি বেগতিক দেখে সি-ট্রাকটি মাঝনদীতে একটি বোরিং বয়ার সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে ঝড় ও প্রবল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হয় নৌযানটিকে।
ঢেউয়ের পানিতে সি-ট্রাকের ভেতরে থাকা প্রায় সব যাত্রী ভিজে যান। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় উৎকণ্ঠা ও ভয়ের মধ্যে কাটান তারা।
পরে ঝড়ের তীব্রতা কমে এলে সি-ট্রাকটি ইলিশা ঘাটের পন্টুনে ভেড়ে। জীবিত অবস্থায় তীরে ফিরতে পেরে অনেক যাত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ পন্টুনে নেমেই সেজদা করেন, কেউ কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন।
অন্যদিকে, ঝড়ের তাণ্ডবে ভোলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকায় অন্তত ১২টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া জেলার বিভিন্ন এলাকায় উপড়ে পড়া গাছ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোলার অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
৮ দিন আগে
কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা হবে না: মির্জা ফখরুল
দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হবে না। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও কৃষিজমি রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ভাতারমারি ফার্মে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।
তিনি আরও বলেন, উন্নয়ন ও কৃষি—দুই ক্ষেত্রের মধ্যে সমন্বয় রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষিজমি রক্ষা করেই শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
৮ দিন আগে