সারাদেশ
রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন সম্পন্ন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(২২ জুলাই) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাযা শেষে পাশেই সপুরা কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঢাকায় তার জানাযা সম্পন্ন হয়। বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ছিলেন তিনি।
নিহত তৌকিরের মামা রফিকুল ইসলাম বলেন, সোমবার মৃত্যুর খবর শোনার পর তৌকিরের পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে তার লাশ রাজশাহীতে নেওয়া হয়।
দ্বিতীয় দফায় রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হয়। এরপর বিকালে সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি আরও জানান, তৌকিরের মৃত্যুতে শোকের আবহ পুরো রাজশাহী নগরীজুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।
২২৭ দিন আগে
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী সায়ানের মৃত্যু, বাড়িতে শোকের মাতম
রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে সপ্তম শ্রেণির সায়ান ইউসুফ (১৪) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গতকাল (সোমবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পালবাড়ির বাসিন্দা। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়ন শিক্ষিকা। পরিবারটি রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সায়ানের লাশ গ্রামের বাড়ি বশিকপুরে পৌঁছায়। বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, একই ঘটনায় আরও একজন শিক্ষার্থী, আফনান ফায়াজ (১৩) নিহত হয়েছে। সে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আফনানকেও সোমবার সকালে ঢাকায় দাফন করা হয়েছে। সেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হয়েছে এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
২২৭ দিন আগে
উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ ছামীমের দাফন সম্পন্ন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত আব্দুল্লাহ ছামীমের (১৩) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের বাসিন্দা মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড় হয়ে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল ছামীমের, দুর্ঘটনায় তার স্বপ্নটিই শুধু নয়, তার জীবনও কেড়ে নিয়েছে। তারা দুই ভাই, তিন বোন ও মাকে নিয়ে উত্তরার দিয়াবাড়ির নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তার বাবা আবুল কালাম মাঝি সৌদি আরবে প্রবাসী ছিলেন। সেখানে ফলের ব্যবসা করা আবুল কালামের সাত মাস আগে মৃত্যু হয়।
গতকাল (সোমবার) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের পর ছামীমকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, দুর্ঘটনার পর ছামীমকে খোঁজাখুঁজি করে পরে বার্ন ইনস্টিটিউটে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার পরিবারে বইছে শোকের ছায়া।
আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হয়েছে এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২২৮ দিন আগে
উজানের ঢলে পানি বাড়ছে তিস্তায়, লালমনিরহাটের নিচু এলাকায় প্লাবিত
ভারতের উজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার (২১ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও নদীপাড়ের বাসিন্দারা জানান, ভারতের উজানে টানা বৃষ্টির কারণে হঠাৎ পানি ঊর্ধ্বমুখী হয়ে তিস্তার পানি বাড়ছে। কয়েক দিন ধরে ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করলেও তা এখনো অতিক্রম করেনি। তবে প্রবল ঢলে তীরবর্তী নিম্নাঞ্চল এরইমধ্যে প্লাবিত হয়েছে। চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এখন নৌকা ও ভেলা-ই একমাত্র ভরসা। ডুবে গেছে আমন ধানসহ অন্যান্য ফসল। পুকুর তলিয়ে যাওয়ায় মাছ ভেসে যাচ্ছে।
তিস্তা নদী লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতে পানি বাড়লেই জেলার অধিকাংশ তীরবর্তী এলাকা প্লাবিত হয়। এবারের ঢলে জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মহিষখোঁচা ইউনিয়নের গোবরধন গ্রামের বাসিন্দা কাচু মিয়া জানান, উজান থেকে প্রচুর পানি আসছে। এরইমধ্যে নিচু এলাকায় পানি ঢুকেছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে।
আদিতমারী উপজেলার গোবরধন গ্রামের আনোয়ারুল বলেন, ‘দুই দিন ধরে উজানের ঢলে পানি বাড়ছে। চরাঞ্চলের কিছু ঘরে পানি উঠতে শুরু করেছে। যেভাবে পানি বাড়ছে, তাতে বড় বন্যার আশঙ্কা করছি।’
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, ‘বন্যা হলেই আমাদের কয়েকটি ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এবারও তেমন পরিস্থিতির দিকে যাচ্ছে।’
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, ‘উজান থেকে পানি আসায় তিস্তার পানি বাড়ছে। সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘তিস্তা নদীর পানি বর্তমানে বিপৎসীমার মধ্যে রয়েছে। কিছু এলাকায় প্লাবিত হয়েছে, তবে শঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমরা খোঁজখবর রাখছি। নিচু এলাকায় পানি প্রবেশ করেছে, তাদের মাঝে শুকনো খাবার সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।’
২২৯ দিন আগে
ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড
ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচা নুরুদ্দিন মোল্যাকে (৫৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ ভুক্তভোগী কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন বিচারক।
সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
দণ্ডিত নুরুদ্দিন ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই প্রতিবন্ধি কিশোরীর চাচা। রায় ঘোষণার সময় নুরুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের পাহারায় কারাগারে নেওয়া হয়।
আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন নুরুদ্দিন। ওই সময়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
আরও পড়ুন: রাজধানীতে মা-মেয়ে হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড
পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। পরদিন তার বাবা কোতয়ালি থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘একটি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে তার বয়স্ক চাচা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা সমাজের জন্য হুমকিস্বরুপ, যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।’
২২৯ দিন আগে
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বছরের মধ্যে খুলনায় করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
দীপ রায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।
রবিবার (২০ জুলাই) দিবারাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১
ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, করোনা আক্রান্ত অবস্থায় দীপ খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার বিকালে তাকে খুমেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
২২৯ দিন আগে
ঠাকুরগাঁওয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে রাজু আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!
নিহতের চাচাতো ভাই ফয়জুল ইসলাম জানান, রবিবার দুপুরে রাজু বাগানে থাকা একটি ইউক্যালিপটাস গাছের বাঁকা ডাল সোজা করতে গাছে ওঠেন। কাজ করার একপর্যায়ে গাছের একটি মগডাল ভেঙে গেলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং নিচে রাখা একটি কোদালের হাতল তার পেটে ঢুকে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
২২৯ দিন আগে
নেত্রকোণায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে স্ত্রীর বাবার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতরা হলেন—কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১) ও চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪)। সোহাগ পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে তাদের বিয়ে হয়। দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে দম্পতির। এক সপ্তাহ আগেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, পরে মিলও হয়। রবিবার ভোরে ঘর থেকে শিশুর কান্নার শব্দ শুনে ঝুমার বাবা রহিম উদ্দিন গিয়ে দেখেন—ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রয়েছেন ঝুমা ও সোহাগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
পরে দুর্গাপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
২৩০ দিন আগে
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা-সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গত ঈদুল আজহার আগে ফরিদপুরের মধুখালীতে আরএসএফ পরিবহনের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। পরে বাসটি জব্দ করে থানা থেকে প্রায় দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা হয়।
আরও পড়ুন: শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার
তিনি জানান, বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশোনা করতেন। গতকাল (শনিবার) দুপুর থেকে তারা সেখানে ছিলেন না। পরে রাত সাড়ে ১১টার দিকে জানা যায়, বাসটিতে আগুন লেগেছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
২৩০ দিন আগে
কুমিল্লায় কন্টেইনারবাহী ট্রেলার উল্টে যাওয়ার ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু
কুমিল্লার দেবিদ্বারে একটি কন্টেইনারবাহী ট্রেলার উল্টে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সেটি সরিয়ে চার ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মডেল মসজিদ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেলারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কন্টেইনারটি উল্টে যায়। আমরা সড়কে যানজট দেখে এগিয়ে গিয়ে দেখি এই ঘটনা ঘটেছে। এরপর পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। কন্টেইনারটি উঠিয়ে সড়ক থেকে সরাতে অনেকক্ষণ সময় লেগেছে। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা সড়কে আটকে থাকে শত শত যানবাহন। এ সময় প্রায় ১৫ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, ‘আজ সকাল পৌনে ৭টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর ট্রেলারটি উদ্ধারে আমরা একটি ক্রেন নিয়ে আসি, তবুও সেটিকে সড়ক থেকে সরাতে পারিনি। পরে আরেকটি ক্রেন আনা এনে সাড়ে ১০টার দিকে কন্টেইনারটি সরিয়ে সড়কের মাঝখানে রাখা হয়। এতে দুপাশে আটকে থাকা গাড়িগুলোর চলাচল কিছুটা স্বাভাবিক হয়।’
২৩০ দিন আগে