বিশেষ-সংবাদ
৪০ বছর পর কুর্দিদের যুদ্ধবিরতির ঘোষণা কিসের ইঙ্গিত
তুরস্কের সরকারের সঙ্গে দীর্ঘ চার দশক ধরে চলা সংঘাত অবসানে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।স্থানীয় সময় শনিবার (১ মার্চ) পিকেকে সমর্থিত গণমাধ্যম ফিরাত নিউজ এসেন্সির কাছে পাঠানো এক বিবৃতিতে যুদ্ধবিরতির ঘোষণা দেয় কুর্দিরা।
এর আগে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কারাবন্দি কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানের সঙ্গে সাক্ষাৎ করতে যান কুর্দিপন্থি ডিইএম পার্টির একটি প্রতিনিধিদল। সে সময় পিকেকেকে অস্ত্র সমর্পনের আহ্বান জানান তিনি।আরও পড়ুন: তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের
দশকের পর দশক ধরে চলা সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে উল্লেখ করে বিদ্রোহী দলটিকে চিরতরে বিলুপ্ত করারও আহ্বান জানান সংগঠনটির প্রধান।
তুরস্ক সরকারের সঙ্গে চলা বিদ্রোহের কারণে ১৯৯৯ সাল থেকে কারাগারে রয়েছেন ওজালান। ওই সাক্ষাতের পরই নেতার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দলটি।
যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শান্তি ও গণতান্ত্রিক সমাজ গঠনে পিকেকে নেতা ওজালানের আহ্বান বাস্তবায়নের উদ্দেশ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে আক্রান্ত না হওয়া পর্যন্ত আমাদের (পিকেকে) পক্ষ থেকে কোনো ধরনের সশস্ত্র কার্যক্রম পরিচালনা করা হবে না।
ওজালানের এই ঐতিহাসিক ঘোষণা তুরস্ক সরকার ও পিকেকের মধ্যে শান্তি প্রতিষ্ঠার নতুন প্রচেষ্টার অংশ হিসেবে মনে করা হচ্ছে।
গত অক্টোবরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জোটের অংশীদার দেভলেত বাহচেলি এই শান্তি আলোচনা শুরু করেন। সে সময় ওজালানের নেতৃত্বাধীন গোষ্ঠীটি সহিংসতা পরিত্যাগ করে বিলুপ্ত হলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন এই ডানপন্থী রাজনীতিক।
এরদোয়ানের গদি বাঁচাতেই কি এই উদ্যোগ?
তুরস্কের রাজনীতির অতি গুরুত্বপূর্ণ এক সময়ে এই শান্তি প্রতিষ্ঠার ঘোষণা এলো। মূলত তুরস্কের মসনদে টিকে থাকতে ডিইএম পার্টির সমর্থনের বিকল্প নেই এরদোয়ানের। কারণ দেশটির সংবিধান অনুযায়ী, পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাবেন না এরদোয়ান।
নতুন সংবিধান প্রণয়ন করতে কিংবা সংবিধান অনুসারে আগাম নির্বাচন আয়োজনে সংসদে ডিইএম পার্টির সমর্থন প্রয়োজন হতে পারে, আর এতে করে নিজের গদি বাঁচাতে পারেন এরদোয়ান।আরও পড়ুন: এরদোগানের সমালোচনায় পোস্ট, তুরস্কে বিরোধী দলীয় নেতা গ্রেপ্তার প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে তুরস্কে গণতন্ত্র, কুর্দি জনগণের অধিকার ও কারাবন্দি ওজালানের জেলের পরিবেশ উন্নত করার দাবি জানিয়ে আসছে ডিইএম পার্টি। এই রাজনৈতিক প্রেক্ষাপটে ওজালানের সাম্প্রতিক ঘোষণা শান্তি আলোচনাকে গতিশীল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এ বিষয়ে তুরস্ক সরকার এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
তুরস্কে সরকারি পক্ষ ও কুর্দিদের মধ্যে সংঘাতের ইতিহাস অনেক পুরনো। দেশটির জনসংখ্যার ১৫ থেকে ২০ শতাংশ জাতিগতভাবে কুর্দি। তবে কয়েক প্রজন্ম ধরে দেশটির সরকার কুর্দিদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে আসছে। এ কারণেই নিজেদের অধিকার আদায়ে ৪০ বছরের বেশি সময় ধরে সংগ্রাম করে আসছে কুর্দিরা।
কে এই ওজালান
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবদুল্লাহ ওজালান বিশ্ববিদ্যালয়ে পড়াকালে বামপন্থি কার্যকলাপে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে তিনি পিকেকে গঠন করেন, যাদের প্রধান দাবি ছিল তুরস্কের ভেতরে স্বাধীন একটি রাষ্ট্র গঠন। ছয় বছর পর দেশের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে সংগঠনটি।
সশস্ত্র কার্যকলাপ পরিচালনা করার কারণে সরকারের কোপের মুখে ১৯৭৯ সালে সিরিয়াতে পালিয়ে যান ওজালান। সেখানেই ১৯৯৮ সাল পর্যন্ত অবস্থান করেন তিনি। কিন্তু তুরস্কের চাপের মুখে তাকে নির্বাসিত করতে বাধ্য হয় সিরিয়া।
পরবর্তীতে ১৯৯৯ সালে কেনিয়া থেকে তাকে আটক করা হয়। সেই থেকে তিনি কারাগারই তার ঠিকানা।
পিকেকের কার্যক্রম
ওজালানের পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি স্বাধীন কুর্দিরাষ্ট্র গঠনের লক্ষ্যে বিদ্রোহ শুরু করে। পরবর্তীতে রাজনৈতিক স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন চালায় তারা। সে সময়ও সশস্ত্র সংগ্রাম অব্যাহত রাখে গোষ্ঠীটি।
গোষ্ঠীটিকে তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
৪৬০ দিন আগে
বিয়ানীবাজারের সেই চিরচেনা অভয়ারণ্যগুলোতে এবার পাখির বিচরণ কম
অতিথি পাখিশূন্য হয়ে পড়েছে সিলেটের বিয়ানীবাজার। উপজেলার জলাশয়, জলাধার, খাল, বিল, নদী নালায় দেখা মিলছে না অতিথি পাখির। দশ বছর আগেও উপজেলার বিভিন্ন বিল, ঝিল, নদী, নালা ও খালগুলোতে শীতের মৌসুম আসতে না আসতেই নানা রকম ও আকৃতির অতিথি পাখির কিচিরমিচিরে মুখরিত হতো প্রকৃতি।
বিয়ানীবাজারে উজাড় হচ্ছে বনভূমি, কংক্রিটের ভারে তলিয়ে যাচ্ছে ঘাসভরা মাটি। ফসলের খেত দখল করছে কীটনাশক। উন্নয়নের কাছে প্রতিবছর হারিয়ে যাচ্ছে অসংখ্য বয়সি গাছ। এর ফলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে পাখিদের কোলাহলমুখর সবুজ দুনিয়া।
বিয়ানীবাজারের গ্রামাঞ্চলে এখন আর আগের মতো পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে না। বাড়ির আঙিনায় পাখিদের কিচিরমিচির ডাক, গাছের ডালে ডালে ঝাঁকবেঁধে উড়ে আসা পাখিদের সেই কলকাকলি নেই। অথচ একসময় গাছে গাছে, ঝোপে-ঝাড়ে, মাঠে-ঘাটে, বিলে-ঝিলে, বাগানে কিংবা বাড়ির আঙিনায় দোয়েল, টিয়া, ঘুঘু, কাক, কোকিলসহ বিভিন্ন দেশি প্রজাতির পাখির বিচরণ ছিল। বাড়ির পাশেই সড়কের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছে সুনিপুণভাবে বাসা তৈরি করে বাবুই পাখির সংসার পাতার চোখ জোড়ানো দৃশ্য দেখা যেত।
উপজেলার চিরচেনা অভয়ারণ্যগুলোতেও এবার পাখির বিচরণ নেই। শীতের আমেজ শুরু হলেই উপজেলার মুড়িয়ার হাওরসহ ছোট-বড় বিলে বিভিন্ন অতিথি পাখির ঢল নামতো। আশ্বিন মাসের শেষের দিকে হাওর ও বিলের পানি শুকাতে শুরু করেলে সেখানে পুঁটিসহ ছোট ছোট মাছ খেতে ঝাঁকে ঝাঁকে নামতো অতিথি পাখি। জানুয়ারি আর ফেব্রুয়ারিতে রেশমি শীতের ছোঁয়া গায়ে লাগিয়ে আবারো ভবঘুরে হয় অতিথি পাখিগুলো। কিন্তু বর্তমানে আশঙ্কাজনক হারে অতিথি পাখি আসার হার কমে গেছে।
আইন অনুযায়ী অতিথি পাখি ধরা আর শিকার নিষিদ্ধ হলেও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় শিকার করা হয় পাখি।
প্রত্যক্ষদর্শীদের মতে, শিকারীরা ধান খেতগুলোতে নানা ধরনের বিষ প্রয়োগ করেই পাখিদের কাবু করে। পাশাপাশি আছে জালের মাধ্যমে পাতা ফাঁদ, যেগুলোতে খুব সহজেই পাখি ধরা পড়ে।
বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মবিন হাই বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়া, নগরায়ণ, বনাঞ্চল উজাড়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা, জমিতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, পাখির বিচরণক্ষেত্র সংকট, বাসস্থান ও খাদ্য সংকট, অবাধ শিকার ও আইনের সঠিক প্রয়োগ না থাকা এবং যথাযথ সংরক্ষণের অভাবেই পাখি বিলুপ্তির মূল কারণ।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীম হোসেন জানান, নির্বিচারে বন-জঙ্গল কেটে আবাসভূমি হ্রাস করা হচ্ছে। এর ফলে পাখির বিচরণ ও বৈচিত্র্য কমে যাচ্ছে।
বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, অতিথি পাখিরা এ এলাকায় এসে তাদের প্রয়োজনীয় খাবার আগের মতো পায়না। শীতের কারণেই কিন্তু অতিথি পাখিগুলো এ এলাকায় আসতো। জলবায়ুর পরিবর্তন ও এলাকায় অতিথি পাখির বিচরণ কমে যাওয়ার একটি উল্লেখযোগ্য কারণ।
৪৬১ দিন আগে
বিনা লাভে ইফতার সামগ্রী বিক্রি করছেন চাঁদপুরের শাহ আলম
পবিত্র রমজান আসলেই খাদ্য পণ্যের দাম বাজারে হু হু করে বেড়ে যায়। এটি নতুন কোনো চিত্র নয়, প্রতি বছর বাজারে এমনটি ঘটে। এমনি বাস্তবতায় এক অসাধারণ উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের মুদি ব্যবসায়ী শাহ আলম। দাম বৃদ্ধিকারী সব সিন্ডিকেটকে পেছনে রেখে আসন্ন মাহে রমজানে ইফতার সামগ্রী দাম কমিয়ে দিয়েছেন তিনি। লাভ ছাড়াই বিক্রি করছেন পণ্য।
ফরিদগঞ্জ পৌরসভার মধ্য চরকুমিরা গ্রামে শাহ আলম মালের এই মুদি দোকান। পাশে নিজ বাড়ি। গেল দু’বছর পবিত্র মাহে রমজানে কেজিতে মাত্র এক টাকা লাভে ইফতার সামগ্রী বিক্রয় করেন তিনি। অবশ্য এবারও কেজিতে এক টাকা লাভে উপজেলার ভাটিয়ালপুর এলাকায় তার নিজের অন্য একটি দোকানে ইফতারের ৮ রকমের পণ্য সামগ্রী বিক্রি করছেন তিনি। সেটা তার ভাই ও বোন দেখাশুনা করছেন। তবে আরেক দোকানে লাভ ছাড়াই বিক্রি করছেন পণ্য।
শাহ আলম বলেন, নিজ বাড়ির পাশে কোন লাভ ছাড়াই কেনা দামেই পবিত্র মাহে রমজানের ৮টি ইফতার সামগ্রী বিক্রি করছি। এসব পণ্যের মধ্যে রয়েছে— মুড়ি, ছোলা, খেসারির ডাল, বেসন, চিড়া, চিনি, খেজুর ও সয়াবিন তেল।
দোকানে মুল্য তালিকা সাঁটানো রয়েছে। ইতোমধ্যে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও তার দোকান পরিদর্শন করেছেন।
যে দামে রমজানের পণ্য কেনা, সেই দামেই বিক্রি করছেন তিনি।
সরজমিনে গেলে তিনি ইউএনবিকে বলেন, ‘বছরের ১১ মাসই তো ব্যবসা করি, এই মাসে কোনো ব্যবসা (লাভ) করব না। পাশে আমার আরেকটি মুদির দোকান রয়েছে। গরিব- মেহনতি মানুষের জন্য কিছু একটা করার জন্য এবছর রমজানে ক্রয় মূল্যেই রোজাদারের জন্য আটটি খাদ্য পণ্য সামগ্রী বিক্রয় করার সিদ্বান্ত নিয়েছি। এখন থেকেই শুরু করছি এসব পণ্য বিক্রি।’
অন্যান্য বছর রমজানে মাসে প্রায় ১০ লাখ টাকা বিক্রয় হলেও এবার রমজান মাসে প্রায় ১৫ লাখ টাকার মালামাল বিক্রয় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ী শাহ আলম।
তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার রমজানের মালপত্র বিক্রির অর্ডার পেয়েছেন এ এলাকার লোকজন ও প্রবাসী ভাইদের কাছ থেকে।
তার দোকান পরিদর্শন করে দেখা যায়, শাহ আলম, তার ভাতিজা সাকিবসহ (১৯) এসব পণ্য সামগ্রী প্যাক করছেন। দোকানে মালামালে পূর্ণ।
৪৬১ দিন আগে
অবৈধ ড্রেজিং চলছেই, ভাঙন ঝুঁকিতে পদ্মাপাড়ের ৭ গ্রাম
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে অন্তত ৭টি গ্রামের বাসিন্দারা।
নদী যেভাবে ভাঙছে, তাতে ঝুঁকিতে রয়েছে গ্রামগুলোর অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার। তবে জেলা প্রশাসন বলছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হবে; আর ভাঙন থেকে রক্ষা পেতে সম্প্রতি বাঁধ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মা পাড়ের এসব গ্রামের মানুষের।
জেলার চরভদ্রাসন উপজেলা সদরের টিলারচর, ইন্তাজ মোল্যার ডাঙ্গী, সবুল্যা শিকদারের ডাঙ্গী, হরিরামপুর ইউনিয়নের জাকেরের শুরাসহ অন্তত সাতটি গ্রাম ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
সবুল্যা শিকদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ হরিরামপুর ইউনিয়নের জাকেরের শুরা খালের মাথা থেকে গাজিরটেক ইউনিয়নের হাজিগঞ্জ পর্যন্ত ৩ কিলোমিটার এবং উপজেলা সদরের সবুল্যা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুপারির বাগান এলাকা পর্যন্ত ১ কিলোমিটার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব এলাকা-সংলগ্ন পদ্মা নদী থেকে স্থানীয় প্রভাবশালী মহল দিনের পর দিন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। যার ফলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে নদীতীরবর্তী বাসিন্দারা কোনোভাবেই রক্ষা পাবে না।
আব্দুর রশিদ নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ বলেন, এইখানে নদী থেকে গত সরকারের সময় যেভাবে মেশিন দিয়ে দিন-রাত বালু কাটা হয়েছে, এখন লোক পরিবর্তন হয়ে সেই একইভাবে চলছে বালু কাটা। সরকার বদলালেও এই অবৈধ কাজ থেমে নেই। তাদের কাছে (অবৈধ বালু উত্তেলনকারী) আমরা নদী পাড়ের মানুষ অসহায়।
পাউবোর আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চরভদ্রাসন উপজেলার জাকেরেরশুরা বাজারে প্রস্তাবিত নদীর পাড় রক্ষার প্রকল্পের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে স্থানীয় বাসিন্দারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। পরে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা।
ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল এ প্রসঙ্গে বলেন, ‘প্রকল্পের গুরুত্বের বিষয়ে স্থানীয় জনমত ও নদীপাড়ের মানুষের সঙ্গে কথা বলতে এসেছি। প্রকল্পটি হওয়া জরুরি, তবে তার আগে দরকার বালু লুটেরাদের তাড়ানো।’
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, ‘সোয়া তিন কিলোমিটার নদীতীর অরক্ষিত অবস্থায় আছে এবং এটাকে প্রোটেকশনের (নিরাপত্তা) মধ্যে নিয়ে আসা হবে। ইতোমধ্যে আমরা প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। এছাড়া বর্তমান সরকারের নির্দেশনা রয়েছে যে, প্রকল্পের সুবিধাভোগী এলাকাবাসীর মতামত নিতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী গণশুনানি করা হয়েছে এবং মতামত অনুযায়ী দ্রুত প্রতিবেদন পাঠানো হবে।’
দ্রুততম সময়ের মধ্যেই প্রকল্পটির অনুমোদন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এ কর্মকর্তা।
ফরিদপুর পাউবো সূত্রে জানা যায়, প্রায় সোয়া ৩ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে ৪’শ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদিত হলে চলতি বছরে কাজ শুরু হয়ে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে তা শেষ হবে। আর এতে ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে নদীপাড়ের হাজারো মানুষ।
৪৬১ দিন আগে
সরকারি সুবিধাবঞ্চিত গেজেটের ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার
শহীদ মুক্তিযোদ্ধাদের এক হাজার ৩৯৯টি পরিবার গেজেটভুক্ত হওয়ার পরও পাচ্ছেন কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা। তবে গেজেট প্রকাশ হওয়ার ২০ বছর পার হয়ে গেলেও এসব শহীদের পরিবারের পক্ষ থেকে কেউ আবেদন করেননি বলে দাবি কর্মকর্তাদের। তবে সরকারের পক্ষ থেকেও পরিবারগুলোর নেওয়া হয়নি কোনো খোঁজ, করা হয়নি যোগাযোগ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ইউএনবিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ‘শহীদ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ, ২০২১’ অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সুবিধা দেওয়া হয়। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিন দফায় গেজেটে ৬ হাজার ৭৫৭ জন শহীদ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু এরমধ্যে ৫ হাজার ৩৫৮ জনের পরিবার আবেদন করে ভাতা নিচ্ছেন। অবশিষ্ট ১ হাজার ৩৯৯ জন কোনো ভাতা নিচ্ছেন না।
পরিবর্তিত এ পরিস্থিতিতে এ পরিবারগুলোকে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ইতোমধ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানাসহ তালিকা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করা হলে সরকারের উদ্যোগেই তাদের সব-সুযোগ নিশ্চিত করা বলে জানান এই উপদেষ্টা।
ফারুক ই আযম বলেন, স্বাধীনতার ৩০ বছরেরও বেশি সময় পর শহীদদের তালিকা হয়েছে। ‘মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ভাতা পেয়ে থাকেন। বেসামরিক শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেট হয়েছে প্রথমে ২০০৩ সালের ৬ অক্টোবর। সামরিক শহীদদের গেজেট হয়েছে ২০০৪ সালের ১২ এপ্রিল। পুলিশ ও বিডিআরের (বর্তমান বিজিবি) শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেট হয়েছে ২০০৫ সালের ১৫ জুন। শহীদদের তালিকায় মোট নাম এসেছে ৬ হাজার ৭৫৭ জনের।’
উপদেষ্টা আরও বলেন, ‘গেজেটভুক্তদের মধ্যে ৫ হাজার ৩৫৮ জন ভাতা পাচ্ছেন। অবশিষ্ট এক হাজার ৩৯৯ জন কোনো ভাতা পাচ্ছেন না। তারা ভাতা না পাওয়ার কারণ কর্মর্তাদের কাছে যখন তিনি জানতে চেয়েছেন, তারা বলেছেন—এদের পরিবার কখনও আবেদন করেনি।’
উপদেষ্টা বলেন, ‘আমি তাদের প্রশ্ন করেছিলাম— রাষ্ট্র কী কোনোদিন জানতে চেয়েছে তারা কারা? তারাই রাষ্ট্র এনেছে। যারা রাষ্ট্র এনেছে তারা কৃষক, তারা শ্রমিক, তারা এত চালাক চতুর লোক না, এরা বোকা লোক। তারা এসব বোঝে না, তারা গেজেট বোঝে না। তালিকা বোঝে না।’
তিনি বলেন, ‘যিনি শহীদ হয়েছেন তার স্ত্রী হয়তো গৃহবধূ ছিলেন, সে তো গেজেট বোঝে না। রাষ্ট্র কেন তার কাছে গেল না?’
শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদেরকে মাসিক ৩০ হাজার টাকা হারে সম্মানি ভাতা এবং বছরে ২৩ হাজার টাকা হারে ২টি উৎসব ভাতা, ২ হাজার টাকা নববর্ষ ভাতাসহ আরও কিছু আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে বলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে জানা গেছে।
ফারুক ই আজম বলেন, ‘আমি ডিসি সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়েছি, কল্যাণ ট্রাস্টও সেখানে (পরিবারের খোঁজে) যাবে। সব ডিসিদের বলা হয়েছে, যারা ভাতা নিচ্ছেন না, এমন শহীদদের তালিকাও তাদের দেওয়া হয়েছে। প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। গিয়ে আমাকে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে জানাতে হবে যে এ শহীদদের খোঁজ করা হয়েছে। তাদের কেউ আছে, কী নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়েছি, তাদের আলাদা করেছি। জেলার ভিত্তিতে আলাদা করেছি এবং জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছি।’
শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তাদের পরিবার রাষ্ট্রের কাছ থেকে কোনো সম্মান ও সুবিধা নেয়নি কিংবা পাচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এত বছরে কেউ কী এটার খোঁজ নেয়নি- জিজ্ঞাসা করলে কর্মকর্তারা বলেছেন, না কেউ জিজ্ঞাসাও করেনি। যারা কল্যাণ ট্রাস্টে ছিল তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। মন্ত্রণালয়ের তো ছিলই না। আমি কৌতুহল থেকে এ বিষয়টি দেখতে গিয়ে এটি পেয়েছি।’
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে জানা যায়, তিন ক্যাটাগরিতে (শহীদ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা) ১৮ হাজার ২০০ জন বা তাদের পরিবারকে ভাতা দেওয়া হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে এক হাজার ৩৯৯ জনের পরিবার ভাতা নিচ্ছেন না। তারা আবেদন করেননি। ফলে ভাতা পাননি।
আরও পড়ুন: শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী: উপদেষ্টা
অধ্যাদেশ চূড়ান্ত হলে শুরু হবে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের কাজ
বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধাদের বিষয়ে শত শত অভিযোগ এসেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ হয়ে গেলে মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন করতে পারব। সেখানে আমরা একটা এডহক কমিটি করে দেব। এরপর জামুকা, এডহক কমিটি, প্রশাসন যৌথভাবে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো যাচাই-বাছাই করবে।’
তিনি বলেন, ‘আমরা আগে বলেছিলাম যেসব অমুক্তিযোদ্ধা স্বেচ্ছায় মুক্তিযোদ্ধার তালিকা থেকে চলে যাবেন, তাদের ইনডেমনিটি (দায়মুক্তি) দেব, তাদের শাস্তির আওতায় আনব না। সেই সুবাদে ১০ থেকে ১২ জনের মতো পেয়েছি— যারা স্বেচ্ছায় চলে যেতে আবেদন করেছেন। তারা জাতি ও মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যে, তারা এটা অন্যায় করেছিলেন। তাদের যাতে তালিকা থেকে বাদ দেওয়া হয়। চিঠির পরিপ্রেক্ষিতে আমরা তাদের ভাতা বন্ধ করে দিয়েছি।’
‘ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের সংগঠনগুলো থেকে একটি দাবি জানানো হয়েছে, স্বেচ্ছায় চলে যেতে সরকার যাতে সময় নির্ধারণ করে দেয়। তারা বলেছেন, আগামী ২৬ মার্চ পর্যন্ত যাতে সময় বেধে দেওয়া হয়। আমরা তাদের এ দাবি বিবেচনা করছি।’
ভুয়া মুক্তিযোদ্ধা তৈরিকারীদের বিচার
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ‘যাদের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হবে, তাদের শাস্তির আওতায় আনা হবে। এটা পুরো জাতির সঙ্গে প্রতারণা। ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টির প্রক্রিয়ায় যারা ছিল, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভুয়া মুক্তিযোদ্ধা
আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, এ ব্যাপারে একটা অভিযোগ জামুকাতেও জমা পড়েছে। আগামী সভাতে আমরা এটা অগ্রাধিকার ভিত্তিতে বিচেনায় নেব, আলোচনা করব।’
ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপুল অর্থ
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটায় এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ শিক্ষার্থী
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিপুল অর্থ আর্থিকভাবে ঝুঁকিতে থাকা কয়েকটি ব্যাংকে রয়েছে।
উপদেষ্টা ফারুক ই আযম বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বড় ফান্ড আছে। ২০২৩-২০২৪ অর্থবছরে সব টাকা নিয়ে রেখেছে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। যে ব্যাংকে ১০ কোটি ফেরত দিতে পারে না। সেখানে কল্যাণ ট্রাস্ট ১৬৭ কোটি টাকা জমা রেখেছে। এ টাকা কবে ফেরত পাবে আল্লাহই জানেন।
তিনি বলেন, ‘কেউ না কেউ তো এ ধরনের ব্যাংকে টাকা রেখে সুবিধা নিয়েছেন। এ বিষয়গুলো আমরা দেখছি।’
মুক্তিযোদ্ধা কোটায় প্রায় ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারী
উপদেষ্টা জানান, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে।,‘আমরা সেখানে যাচাই-বাছাই করব। কারো কোনো আপত্তি থাকলে— তা আমাদের জানাতে পারবেন। আমরা সেটা দেখব।’
মুক্তিযোদ্ধাদের মামলা নিষ্পত্তিতে আলাদা বেঞ্চ চাওয়া হবে
আরও পড়ুন: রবিবার সিলেটে মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীকে দাফন করা হবে: মেয়ে সামিরা
উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে ২ হাজার ৭০০টির মতো মামলা রয়েছে। ‘এ মামলাগুলো একটা ডেডিকেটেড বেঞ্চে শেষ করার জন্য প্রধান বিচারপতির সাক্ষাৎ চেয়েছি। তার সঙ্গে সাক্ষাৎ হলে একটা আলাদা বেঞ্চ চাইব, যাতে সেখানে মুক্তিযোদ্ধাদের মামলা অগ্রধিকার ভিত্তিতে আমরা শেষ করতে পারি।
৪৬৩ দিন আগে
ছাতকে গ্যাস-চুনাপাথরের অভাবে চালু হচ্ছে না সিমেন্ট কারখানা
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর তীরে ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয় ছাতক সিমেন্ট কারখানা। বর্তমানে এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান।
কারখানার উৎপাদন বাড়াতে উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণে ২০১৬ সালে ৬৬৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় বিসিআইসি। সেই খরচ বাড়িয়ে ৮৯০ কোটি টাকা করা হয়। সর্বশেষ গত ৯ মে খরচ বাড়িয়ে এক হাজার ৪১৭ কোটি টাকা করা হয়। এতে বেড়েছে প্রকল্পের ব্যয় ও মেয়াদ।
বিদ্যমান পুরোনো, অপেক্ষাকৃত কম উৎপাদনক্ষম ওয়েট প্রসেস পদ্ধতির পরিবর্তে ড্রাই প্রসেসের দৈনিক দেড় হাজার মেট্রিক টন (বছরে সাড়ে চার লাখ মেট্রিক টন) উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তির ক্লিংকার ফ্যাক্টরি স্থাপন এবং বিদ্যমান সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা দৈনিক ৫০০ টন ন্যূনতম ১৫ বছর ধরে রাখার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়।
প্রকল্পের আর্থিক অগ্রগতি ৫৮ দশমিক ৬৭ শতাংশ, বান্তব অগ্রগতি ৯০ দশমিক ৭০ শতাংশ। প্রকল্পের ভারতের অংশের রোপওয়ে ছাড়া কারখানার অন্য সব প্ল্যান্টের নির্মাণ ও এক হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি ইতোমধ্যে প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।
তবে রোপওয়ে (রজ্জুপথ) নির্মাণ ও নতুন গ্যাসলাইন স্থাপন শেষ না হওয়ায় এ প্রকল্প কাজের মেয়াদ আরোও ১ বছর বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করেছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে তরমুজের বাম্পার ফলন, সেচ-পরিবহন সমস্যায় কৃষকরা
সুনামগঞ্জে এক হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে বান্তবায়িত হচ্ছে ‘ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প। চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রকল্পের মোট ব্যয় হয় ৮৩১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। সর্বাধুনিক প্রযুক্তির এই কারখানার নির্মাণকাজ প্রায় দেড় বছর আগে শেষ হয়েছে। কিন্তু প্রধান কাঁচামাল গ্যাস ও চুনাপাথরের অভাবে চালু করা যাচ্ছে না রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাটি। ভারত থেকে চুনাপাথর আনার জন্য দুই দেশে রোপওয়ে (খুঁটি পুঁতে তারের মাধ্যমে পথ তৈরি করে চুনাপাথর আনার পদ্ধতি) নির্মাণ করা হয়নি। এমনকি সিলেট থেকে কারখানা পর্যন্ত গ্যাস আনার জন্য নতুন সঞ্চালন লাইনও স্থাপন করা হয়নি। ফলে ধীরে ধীরে জং ধরছে হাজার কোটি টাকার ছাতক সিমেন্ট কারখানায়। জং ধরা থেকে কারখানাকে রক্ষা করতে নিয়মিত ‘ট্রায়াল রান’ দেওয়া হয়েছে।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত কোমোরাহ লাইমস্টোন মাইনিং কোম্পানি (কেএলএমসি) থেকে রোপওয়ের মাধ্যমে চুনাপাথর আমদানি করত ছাতক সিমেন্ট কোম্পানি। এই রোপওয়ের ১১ কিলোমিটার অংশ পড়েছে বাংলাদেশে। ভারতে পড়েছে পাঁচ কিলোমিটারের একটু বেশি। ছাতক সিমেন্টের নতুন কারখানার জন্য যে পরিমাণ চুনাপাথর প্রয়োজন হবে, তা আগের রোপওয়ে দিয়ে আনা সম্ভব নয়। আবার বাংলাদেশ অংশের রোপওয়ে এরই মধ্যে ভেঙে বিক্রিও করে দেওয়া হয়। নতুন করে রোপওয়ে নির্মাণের বিষয়টি প্রকল্পে থাকলেও ভারতের অনুমতি না পাওয়ায় সেটির কাজও এখনো শুরু হয়নি।
এদিকে, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারির সময় ভারত চুনাপাথর রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে কারখানাটি কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যায়। সেই নিষেধাজ্ঞা উঠে গেলেও ভারত সরকার কেএলএমসির নিবন্ধন নবায়ন না করায় প্রতিষ্ঠানটি থেকে চুনাপাথর আসা বন্ধ থাকে। যদিও এই প্রতিষ্ঠান থেকে ২০৩৩ সাল পর্যন্ত চুনাপাথর আমদানির চুক্তি ছিল ছাতক সিমেন্ট কারখানার। এখন আমদানির বিষয়টি নির্ভর করছে কেএলএমসির অনুমোদন পাওয়ার ওপর।
আরও পড়ুন: রাজধানীর বস্তিগুলোতে নেশার ছোবল
গত ৮ ডিসেম্বরের এক সভায় প্রকল্প পরিচালক জানান, কেএলএমসির মাইনিং অনুমোদন এবং ভারতীয় অংশে রোপওয়ে মেরামত/প্রতিস্থাপনের অনুমোদন না পাওয়ার কারণে রোপওয়ের কাজের জন্য প্রকল্প বিলম্বিত করা হচ্ছে। কেএলএমসি থেকে ছাতক সিমেন্ট কারখানা পর্যন্ত ১৭ কিলোমিটার রোপওয়ের মধ্যে চার দশমিক ছয় কিলোমিটার পড়েছে ভারতীয় অংশে। উভয় অংশের ১৭ কিলোমিটার রোপওয়ে নির্মাণের দায়িত্ব পেয়েছে সাধারণ ঠিকাদার চীনের নানজিং সি-হোপ সিমেন্ট ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি। তবে ভারতীয় অংশে ৪ দশমিক ৬ কিলোমিটার রোপওয়ে স্থাপনের কাজ সাধারণ ঠিকাদারের উপ-ঠিকাদার হিসেবে কেএলএমসি সম্পাদন করবে। কেএলএমসির সঙ্গে সিসিসিএল-বিসিআইসির দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। বিধায় তারা রোপওয়ে মেরামত কাজের জন্য সিসিসিএলের সঙ্গে চুক্তি করতে চায়। সিসিসিএল ছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে চুক্তি করতে পারবে না বলে তারা জানায়। চুক্তি সম্পাদিত হলে শিগগির কাজটি শুরু করা যাবে বলে কেএলএমসি আশ্বন্ত করেছে।
প্রকল্প পরিচালক আব্দুর রহমান বাদশা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেএলএমসির প্রস্তাব অনুযায়ী চুক্তি করতে হলে সাধারণ ঠিকাদারের সঙ্গে আলোচনা করে ভারতীয় রোপওয়ে স্থাপন কাজের জন্য প্রাক্কলিত মূল্যের সম পরিমাণ অর্থ সাধারণ ঠিকাদারের চুক্তি থেকে কর্তন করে সিসিসিএলের মাধ্যমে কেএলএমসির অনুকূলে এলসি স্থাপন করা যেতে পারে।
সাধারণ ঠিকাদার এ বিষয়ে একমত পোষণ করে এবং তাদের কাজের সুযোগ সংশোধন করে চুক্তি সংশোধন করতে হবে বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে অতিরিক্ত সচিব (পরিকল্পনা) জানান যে, চুক্তির কোনো অংশে পরিবর্তন করতে হলে অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সাধারণ ঠিকাদার অথবা রোপওয়ে কাজের জন্য সাধারণ ঠিকাদারের নিয়োগ করা উপ-ঠিকাদারের মাধ্যমে চুক্তি সম্পাদন করা যেতে পারে।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কেএলএমসি ও সাধারণ ঠিকাদারের সঙ্গে আলোচনা করে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশনা দেন এবং ভারত-বাংলাদেশ অংশের নতুন রোপওয়ে স্থাপন কাজ দ্রত সম্পন্ন করারও নির্দেশনা দেন।
আরও পড়ুন: শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী: উপদেষ্টা
সর্বশেষ প্রকল্পটির মেয়াদ ও ব্যয় বাড়ানোর যে প্রন্তাব তৈরি করেছে, সেখানে ৪৩ কিলোমিটার নতুন গ্যাসলাইন স্থাপনের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় ধরা হয়। নতুন পাইপলাইন নির্মাণের কাজই শুরু হয়নি। সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল) এত দিন ছাতক অঞ্চলে গ্যাস সরবরাহের মূল লাইন থেকে ছাতক সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করত। কিন্তু নতুন কারখানায় যে পরিমাণ গ্যাস লাগবে, তা এ লাইন থেকে দেওয়া সম্ভব নয়। তাই কারখানাটি চালু করতে গ্যাস সরবরাহের জন্য আলাদা সংযোগ লাইন লাগবে। কিন্তু কারখানাটি স্থাপনে যে প্রকল্প হাতে নেওয়া হয়, তাতে গ্যাসলাইন স্থাপনের বিষয়টি ছিল নয়।
সর্বশেষ প্রকল্পটির মেয়াদ ও ব্যয় বাড়ানোর যে প্রস্তাব তৈরি করেছে, সেখানে ৪৩ কিলোমিটার নতুন গ্যাসলাইন স্থাপনের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় ধরা হয়। বিসিআইসি জানায়, প্রকল্পের উৎপাদন ক্ষমতা প্রতিদিন দেড় হাজার মেট্রিক টন, যা আগের উৎপাদন ক্ষমতার প্রায় তিন গুণ বেশী। নতুন পাইপলাইন স্থাপন, বর্তমান পাইপলাইন অপসারণ (প্রয়োজনীয় ক্ষেত্রে) এবং গ্যাস সংযোগ প্রদানের কাজটি জেজিটিডিএসএলের তত্ত্বাবধানে এবং তাদের তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন করতে হয়। পাইপলাইন স্থাপনের কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য জেজিটিডিএসএলকে চিঠি দেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এছাড়া কাজটি দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য গত ৭ জুলাই শিল্প মন্ত্রণালয় থেকে পেট্রোবাংলায় চিঠি দেওয়া হয়। পেট্রোবাংলার অনুমোদন পেলে জেজিটিডিএসএল দ্রুত নতুন গ্যাসলাইন স্থাপনের কাজ শুরু করবে বলে জানিয়েছেন।
এ বিষয়ে পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, গ্যাস প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া গেলে শিগগির গ্যাসলাইন স্থাপনের কাজটি শুরু করা হবে। ‘দীর্ঘদিন কোনো যন্ত্রপাতি পড়ে থাকলে জং ধরাটা স্বাভাবিক। মূল কারখানার কাজ হয়ে গেছে। গ্যাসলাইন টানতে হবে, টাকাও পেয়েছি। কিন্তু গ্যাসের অনুমতি মিলছে না। যন্ত্রপাতি জং ধরা ঠেকাতে আমরা ১৫ দিন পর পর সচল রাখছি।’- বিসিআইসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) গাজী কামরুল হোসেন। যে কারণে আবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি প্রয়োজন।
বিসিআইসি সূত্রে জানা যায়, বাংলাদেশ অংশে রোপওয়ে স্থাপনের কাজটি যথাসময়ে সম্পন্ন হলেও ভারতীয় অংশে রোপওয়ে স্থাপনের কাজটি সম্পন্ন করতে কমপক্ষে এক বছর সময়ের প্রয়োজন। বর্ষার মৌসুম শুরু হলে অতি বৃষ্টি ও বন্যার জন্য কাজ করা সম্ভব হয় না। এছাড়া সিলেট থেকে কারখানা পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজটির অনুমোদন এখন পর্যন্ত পেট্রোবাংলা থেকে পাওয়া যায়নি। সার্বিক দিক বিবেচনায় প্রকল্পটি অনুমোদিত মেয়াদ অর্থাৎ ২০২৫ সালের জুনের মধ্যে শেষ করা সম্ভব হবে না। এজন্য প্রকল্পটির ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।
আরও পড়ুন: টাকা দিলেই মিলত জন্ম সনদ, সুযোগ নিয়েছে রোহিঙ্গারাও
৪৬৩ দিন আগে
টাকা দিলেই মিলত জন্ম সনদ, সুযোগ নিয়েছে রোহিঙ্গারাও
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছিলেন ছুটিতে। এ সময় দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্যকে হাত করে জন্ম নিবন্ধন কার্যক্রমে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সুমন পারভেজের বিরুদ্ধে।
তার বিরুদ্ধে অভিযোগ, মোটা টাকার বিনিময়ে কোনোপ্রকার বাছবিচার ছাড়াই একের পর এক জন্ম নিবন্ধন সনদ ইস্যু করেছেন পারভেজ। এমনকি রোহিঙ্গারাও টাকা দিয়ে তার কাছ থেকে জন্ম সনদ নিয়েছে।
সম্প্রতি বিষয়টি সবার সামনে এলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকার কেউ নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধনের আবেদন করলে মাসের পর মাস অতিবাহিত হলেও তা ইস্যু নিয়ে কোনো তাড়া দেখা যায় না। অথচ টাকা দিয়ে এখান থেকে অল্প সময়ের মধ্যেই জন্ম সনদ নিয়ে গেছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা অসংখ্য মানুষ।
তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বিভিন্ন জেলার বাসিন্দাদের স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নেওয়ার কথা থাকলেও গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, যশোর, রংপুর ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার অধিবাসীরা বুধল ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ বানিয়েছেন। এসব সনদে তাদের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২ নম্বর বুধল ইউনিয়ন পরিষদ।
বিদেশ গমন, বিয়ে, নতুন ভোটার হালনাগাদ ও বয়স বাড়ানো-কমানোসহ নানা প্রয়োজনে টাকার বিনিময়ে নানা জায়গার মানুষ সুযোগের ‘সদ্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
আরও পড়ুন: ১০ বছর ধরে নেই কোনো মুসলিম শিক্ষক, ইসলাম শিক্ষা পড়াচ্ছেন হিন্দু শিক্ষকরা
জন্ম নিবন্ধনের আবেদন ও সনদ ইস্যুর পর তা প্রিন্ট করতে হলে প্রসাশনিক কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দিষ্ট সার্ভার অ্যাকাউন্ট ও ওটিপির প্রয়োজন হয়। তাহলে চেয়ারম্যাচের অগোচরে কীভাবে এমন ভয়াবহ দুর্নীতি ঘটল, তা জানতে চাইলে দুধল ইউপি চেয়ারম্যান আতিকুল রহমান (শফিক) বলেন, ‘২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত আমি ছুটিতে ছিলাম। এ সময় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য (মেম্বার) মো. সাদেক মিয়া। আমার অনুপস্থিতিতে তার সঙ্গে আঁতাত করেই ইউপি সচিব পারভেজ এই জালিয়াতি শুরু করেন।’
জন্ম নিবন্ধনের আবেদন করে ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা ফারজানা আক্তারকে দিয়ে তারা সেগুলো প্রিন্ট করাতেন বলে জানান শফিক চেয়ারম্যান।
তিনি বলেন, ‘ছুটি থেকে ফিরে গত ২২ জানুয়ারি আমি অফিস শুরু করলে এক ব্যক্তি টেলিফোনে বিষয়টি আমাকে জানান। তারপর আমি খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হই।’
‘পরে পারভেজকে এ বিষয়ে ধরলে চাপে পড়ে তিনি দায় স্বীকার করেন। এমনকি স্ট্যাম্পে লিখিতও দেন তিনি।’
ইউপি সংশ্লিষ্টরা জানান, এর আগে ২০২৩ সালেও সুমন পারভেজের বিরুদ্ধে একই ধরনের দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রসাশকের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। সে সময় আবেদন করা হলেও শুরুতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ইউনিয়ন পরিষদেই কর্মরত ছিলেন তিনি। পরে অবশ্য বিষয়টি জানাজানি হলে সেখান থেকে তাকে কসবা উপজেলা খাড়েরা ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।
ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা ফারজানা আক্তারের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে ইউএনবিকে তিনি বলেন, ‘আমাকে চাপ দিয়ে সুমন পারভেজ স্যার এসব কাজ করাতেন। ভয়ে আমি কাউকে কিছু বলতে পারি নাই। সব সময় তিনি আমাকে চাপের মধ্যে রাখতেন।’
নারী উদ্যোক্তাকে ভয়ভীতি দেখিয়ে কাজ হাসিলে সুমন পারভেজের বিরুদ্ধে এই অভিযোগে সমর্থন দেন শফিক চেয়ারম্যানও। বলেন, ‘তার (পারভেজ) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
আরও পড়ুন: রাজধানীতে নিয়ন্ত্রণের বাইরে মশার উপদ্রব, নগরজুড়ে উদ্বেগ
কথা হয় চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সাদেক মেম্বারের সঙ্গেও। তার দাবি, তাকে বিষয়টি বুঝতে না দিয়ে পাসওয়ার্ড নিয়ে নেওয়া হয়েছে।
ইউএনবিকে মো. সাদেক মিয়া বলেন, ‘২/৩ দিনে প্রায় পৌনে দুইশ মানুষের জন্ম নিবন্ধন করা হয়েছে এখান থেকে। অন্য জায়গা থেকে আবেদন করে সে (পারভেজ) ইউনিয়ন পরিষদে এন্ট্রি করে পিডিএফ আকারে নিয়ে যেত।’
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘এমন ঘটনা সব জায়গাতেই হচ্ছে, শুধু আমার জেলাতে হয়েছে—এমন নয়। প্রশাসনিক কর্মকর্তা সুমনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা আমি শুনেছি। তদন্তে তিনি যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে এই প্রতিবেদকের কাছে বিষয়টি তিনি স্বীকার করে নেন। তবে নিজের অসুস্থতা এবং মেয়ের বিয়ে ঠিক হয়েছে অজুহাতে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।
৪৬৩ দিন আগে
শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী: উপদেষ্টা
১৯৭১ সালে যারা রণাঙ্গণে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্যান্য যারা দেশ-বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ইউএনবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবর্তন আনার জন্য ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে। ইতোমধ্যে 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'র খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামতও নেওয়া হয়েছে। খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।
সনদধারী অমুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে চাচ্ছি। বড় ধরণের সংশোধন আসবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে।’
উপদেষ্টা বলেন, ‘যারা রণাঙ্গনে সারাসরি যুদ্ধ করেছেন এবং যারা নানা আঙ্গিকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। বিদেশে জনমত গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, প্রশাসনিক দায়িত্বে মুজিবনগরে নানান পর্যায়ে যারা কাজ করেছে সবাইকে আলাদা করা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী, সরাসরি রণাঙ্গণে সশস্ত্র যুদ্ধ করেছেন—তারা হবেন মুক্তিযোদ্ধা। আর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী।’
তিনি বলেন, ‘ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারো নেই। শুধু যারা রণাঙ্গণে সরাসরি যুদ্ধ করেছেন—তাদের স্ট্যাটাসটাই (উপাধি) যাতে মুক্তিযোদ্ধা থাকে।’
উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সংগঠন আমার সঙ্গে কথা বলতে এসেছিল। তাদের মধ্যে প্রবল একটা আপত্তি যে, যারা রণাঙ্গণে সশস্ত্র যুদ্ধ করেছে তাদের সঙ্গে অন্যদের যাতে একই ক্যাটাগরিতে বিচার না করা হয়। আমিও তো তাদের মতো সেই রকম যোদ্ধা। আমি মনে করেছি তাদের এ দাবিটা অনেক ন্যায্য। কারণ, আমি নিরাপদে থেকে সহযোগিতা করেছি, বাংলাদেশের স্বাধীনতার জন্য নানানভাবে কাজ করেছি। এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয়। তবে সেটা সেভাবেই সংজ্ঞায়িত হওয়া উচিত, সেটা সেভাবেই নির্ধারিত হওয়া উচিত।’
আরও পড়ুন: উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে জাতিসংঘের গোয়েন লুইসের সাক্ষাৎ
বিদ্যামান আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞা
বর্তমান আইনে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা তুলে ধরে ফারুক ই আজম বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়া যাহারা দেশের অভ্যন্তরে গ্রাম-গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, মুজাহিদ বাহিনী ও পিচ কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এইরূপ সকল বেসামরিক নাগরিক এবং সশস্ত্র বাহিনী, মুজিব বাহিনী, মুক্তি বাহিনী ও অন্যান্য স্বীকৃত বাহিনী, পুলিশ বাহিনী, ইপিআর নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার বাহিনীর সদস্য এবং নিম্নবর্ণিত বাংলাদেশের নাগরিকরা, উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত বয়সসীমার মধ্যে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হইবেন। এটা বর্তমান আইনে বলা হয়েছে।’
বর্তমান সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এর মধ্যে ভারতে গিয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন, যারা বিদেশে থেকে যুদ্ধের ওপর জনমত গঠন করেছেন, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী-দূত, মুজিবনগর সরকারে সম্পৃক্ত এমএনএ এবং যারা পরবর্তীতে গণপরিষেদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন, বীরঙ্গনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক; স্বাধীন বাংলা ফুটবল দলের সব খেলোয়াড়, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়া মেডিকেল দলের সব সদস্যদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছিল বলেও জানান উপদেষ্টা।
খসড়া অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়া’ অংশটুকু বাদ দেওয়া হয়েছে জানিয়ে ফারুক ই আজম বলেন, নতুন অধ্যাদেশে হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিতা সকল নারী (বীরাঙ্গনা); মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়া ফিল্ড হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও চিকিৎসা-সহকারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
তিনি বলেন, বর্তমান আইনে সংজ্ঞার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ব্যাখ্যা হচ্ছে, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। কারো নির্দেশে না। বর্তমান সংজ্ঞায় সেটি কারো নির্দেশিত বলা হয়েছে। মনে হচ্ছে, আমরা যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কারো ডাকে সাড়া দিয়ে গিয়েছি। এটা তো তেমন না। মুক্তিযোদ্ধারা বলছেন, আমরা দেশ-জাতি-মানুষকে ভালোবেসে রণাঙ্গণে যুদ্ধ করতে গেছি। হয় আমরা জীবন যাবে, না হয় শত্রুর জীবন। একমাত্র ভালোবাসাই মানুষকে জীবন দেওয়ার মতো একটা প্রেক্ষিতে নিয়ে যেতে পারে। কারো নির্দেশ কেউ জীবন দিতে যেতে পারে না।
খসড়া অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে বাংলাদেশের যেসব নাগরিক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন। বর্তমান আইন অনুযায়ী, এরা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত।
উপদেষ্টা বলেন, ‘আমরা বিভিন্ন পর্যায় থেকে খসড়া অধ্যাদেশের বিষয়ে জনমত নিয়েছি। সেই মতামত আমরা বিবেচনায় নিয়েছি। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) আমরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বসেছি। তারাও নানা রকমের মতামত দিয়েছেন। আমাদের খসড়া ও তাদের মতামত মোডিফিকেশন করে আগামী জামুকার (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) সভায় চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। ইতোমধ্যে অধ্যাদেশের ভেটিংও হয়ে গেছে।’
আরও পড়ুন: নির্বাচন দিতে এত সংস্কারের প্রয়োজন নেই: ফারুক
আগামী বৃহস্পতিবারের মধ্যে জামুকার সভা হবে জানিয়ে ফারুক ই আজম বলেন, ‘আমরা আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহে এটা উপদেষ্টা পরিষদে পাঠাতে পারব।’
মুক্তিযোদ্ধাদের বয়সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘মুক্তিযোদ্ধা হতে হলে সর্বনিম্ন বয়স মুক্তিযুদ্ধের সময় ১২ বছর ৬ মাস নির্ধারিত আছে। কিন্তু এটা নিয়ে মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি হলে রায়ে ভিন্ন কিছু না থাকলে এ বয়সই বহাল থাকবে। মামলা নিষ্পত্তির জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে। আদালত ১২ বছর ৬ মাস বহাল রাখলে প্রচুর অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাবেন।’
উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধা সকল সংগঠন একটা দাবি জানিয়েছে, ভুল তথ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধা সুবিধা নিয়েছেন, তারা ক্ষমা চেয়ে ২৬ মার্চের মধ্যে আবেদন করলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য। এটি বিভিন্ন সংগঠনের দাবি। এ বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে এ বিষয়ে আমরা ইতিবাচক বিবেচনায় রেখেছি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯১ হাজার ৯৯৮ জন। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৪৭৬ জন।
৪৬৪ দিন আগে
সুন্দরবনের বাঘ রক্ষার দাবি পর্যটকদের
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণে গিয়ে আবারও সরাসরি বাঘের বিচরণ প্রত্যক্ষ করেছেন পর্যটকরা। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বড় কটকা এলাকায় পর্যটকরা একটি বাঘকে সাঁতার কেটে খাল পার হতে দেখেন।
গত ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে প্রাপ্তবয়স্ক ওই বাঘটি সাঁতরিয়ে খাল পার হচ্ছিল বলে জানান পর্যটকরা। এ নিয়ে এক মাসের মধ্যে সুন্দরবনে পর্যটকরা ৪টি বাঘ দেখতে পেয়েছেন। সুন্দরবনে খুব কাছ থেকে নিজের চোখে বাঘকে দেখতে পেয়ে বেজায় খুশি তারা।
সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের বিচরণ দেখে বলা যায়, সুন্দরবনে আগের চেয়ে বাড়ছে বাঘের সংখ্যা। ২০২৪ সালের অক্টোবরের সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫টি।
বন্যপ্রাণি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকির মুখে সুন্দরবন। আর বাঘ প্রতিনিয়ত হুমকি উপেক্ষা করে সুন্দরবনে টিকে আছে। বাঘ রক্ষা করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পর্যটকরা বলছেন, বাঘ রক্ষা করতে না পারলে সুন্দরবন রক্ষা করা যাবে না। সুন্দরবন রক্ষা করতে পারলে বাঘ রক্ষা হবে। আর বাঘ রক্ষা হলে সুন্দরবন রক্ষা হবে।
জানা গেছে, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং ধরা নামে দু’টি সংগঠন যৌথভাবে সুন্দরবন ভ্রমণের মধ্যে দিয়ে আগামী এক বছরে তাদের কর্মপরিকল্পনা গ্রহণের জন্য কর্মশলার আয়োজন করে। নারী-পুরুষ ও শিশুসহ নানা বয়সের ৪১ জন অংশগ্রহণকারীকে নিয়ে ‘দি সেইল’ নামে জলযানটি ৩ দিনের ট্যুরে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা হয়। ওই জলযানটি মঙ্গলবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা খাল দিয়ে কচিখালী যাওয়ার পথে বড় কটকা খালের মুখে পৌঁছালে পর্যটকরা একটি বাঘকে সাঁতরিয়ে খাল পার হতে দেখে। এসময় বাঘ বাঘ বলে পর্যটকদের মধ্যে হৈ-চৈই পড়ে যায়। প্রায় দেড় মিনিট ধরে তারা বাঘটি প্রত্যক্ষ করেন। উচ্ছাস আর উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই জলযানে থাকা সব পর্যটকদের মধ্যে। অনেকে বিরল ওই দৃশ্য তাদের মোবাইল ফোনে ভিডিও এবং স্থির চিত্র ধারণ করেন।
ওই জলযানে কর্মশলায় অংশ নেওয়া পশুর রিভার ওয়াটার কিপার মো. নূর আলম বুধবার দুপুরে ইউএনবি জানান, দি সেইল নামে জলযানে সুন্দরবন ঘুরতে ঘুরতে তারা আগামী এক বছরের জন্য কর্মপকিল্পনা গ্রহণ করছিল। তাদের জলযানটি বনের বড় কটকা খালের মুখে পৌঁছালে দূর থেকে খালের মধ্যে কিছু একটা দেখতে পায়। জলযানটি কাছে নিয়ে তারা দেখে একটি প্রাপ্তবয়স্ক বাঘ খাল সাঁতরিয়ে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাচ্ছে।
মো. নূর আলম আরও জানান, বিগত ২৫ বছরে তিনি কমপক্ষে ৩০ বার সুন্দরবন ভ্রমণ করেছেন। কিন্তু এই প্রথম তিনি সুন্দরবনে নিজের চোখে বাঘ দেখতে পেয়েছেন। বাঘ দেখার পর তার মধ্যে অন্যরকম অনুভূতি মনে হয়েছে। সুন্দরবনে গিয়ে বাঘ প্রত্যক্ষ করার এই দৃশ্য তার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি জানান।
জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী শরীফ জামিল জানান, বিগত ২০ বছরে তিনি ৫০ বারের বেশি সুন্দরবন ভ্রমণ করেছেন। কিন্তু এই প্রথম নিজের চোখে সরাসরি বাঘ প্রত্যক্ষ করেছেন তিনি। ছবি এবং ভিডিওতে বাঘ দেখা আর সামনা সামনি নিজের চোখে বাঘ দেখার মধ্যে আকাশ পাতাল তফাত। বাঘ যে কত সুন্দর এবং শক্তিশালী প্রাণি— তা সামনা সামনি না দেখলে অনুধানন করা যায় না। তার চোখের সামনে দিয়ে বিশাল একটি খাল সাঁতরিয়ে বাঘটি তীরে উঠার পর তার বিশালতা এবং সৌন্দর্য্য তাকে মুগ্ধ করেছে।
শরীফ জামিল আরও বলেন, বাঘ রক্ষা করতে না পারলে সুন্দরবন রক্ষা করা যাবে না। বাঘ দেখার পর এমন ধারণা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বাঘের আবাসস্থল সুন্দরবন দিন দিন ধ্বংসের মুখে। সুন্দরবনে প্রজাপতি যে পরাগয়ন সেটাও বাঘ বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। সুন্দরবনের বাস্তুতন্ত্র ধরে রাখতে না পারলে বাঘ এবং সুন্দরবন কোনোটাই রক্ষা করা যাবে না। এজন্য সুন্দরবন একে অপরের পরিপূরক। বাঘ রক্ষা করা মানে সুন্দরবন রক্ষা করা, সুন্দরবন রক্ষা করা মানে বাঘ রক্ষা করা বলে মনে করেন জামিল।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবনে বাঘের বিচরণ এখন অনেক বেশি। প্রায়ই সুন্দরবনের নদী-খাল এবং বনের মধ্যে বনের কার্যালয়ের আশেপাশে বাঘের দেখা মিলছে। সুন্দরবনে বাঘ বৃদ্ধি পাচ্ছে তা নিশ্চিত করে বলা যায়।
ডিএফও কাজী মুহাম্মদ নুরুল করিম আরও জানান, বাঘের আবাসস্থল সুন্দরবন নিরাপদ রাখতে তারা চেষ্টা করছেন। সেই সঙ্গে বাঘের প্রধান খাদ্য হরিণ যাতে নিরাপদে থাকে, এজন্যও তারা সব সময় সতর্ক অবস্থায় রয়েছেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, সুন্দরবনে বাঘ বিভিন্ন সময়ে নদী-খাল সাঁতরিয়ে এপার ওপার যাওয়া আসা করে। সুন্দরবনে বাঘ দেখা স্বাভাবিক বিষয়। প্রতি তিন বছর পর পর সুন্দরবনে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ গণনা করা হয়। ওই প্রকল্পের অধীনে সুন্দরবনে নানা কার্যক্রম চলমান রাখা হয়েছে বলেও তিনি জানান।
পর্যটক ও বন বিভাগ জানায়, ১৮ জানুয়ারি দেশি-বিদেশি পর্যটকরা সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার কটকা অভয়ারণ্য এলাকার বেতমোর নদীর পাশে তিনটি বাঘ দেখতে পান। এমভি আলাস্কা লঞ্চ কটকা এলাকা অতিক্রম করার সময় সুন্দরবন ভ্রমনকারী দেশি-বিদেশি পর্যটকরা একই সময় পাশাপাশি তিনটি বাঘ দেখেন। এর আগে ৮ জানুয়ারি সুন্দরবন পূর্ব বিভাগের করমজল এলাকায় একটি খালে বন বিভাগের স্টাফরা একটি বাঘিনী দেখতে পেয়ে ছিল। গত ২০২৪ সালের জানুয়ারি মাসে কটকা-কচিখালী এলাকায় ৪টি বাঘ দেখতে পায় বন বিভাগের স্টাফরা। এছাড়া বিভিন্ন সময় বন বিভাগের কার্যালয়ের পাশে বাঘ ঘোরাফেরা করতে দেখা গেছে। মাঝে মধ্যে পর্যটকদের নজরে পড়ে বাঘ।
বন বিভাগের তথ্য মতে, বিগত কয়েক বছর ধরে ‘ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে’ সুন্দরবনে বাঘ গণনা করা হচ্ছে। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরের জরিপ অনুসারে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫টি। এর আগে ২০১৮ সালে একইভাবে গণনা করে সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি নির্ধারণ করা হয়। ২০১৫ সালে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে গণনার ফলাফল অনুসারে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি।
৪৬৫ দিন আগে
রাজধানীর বস্তিগুলোতে নেশার ছোবল
রাজধানীর বস্তিবাসীদের মানবেতর জীবনের নানা দিক নিয়ে গল্প নতুন নয়। তবে সেখানকার মানুষ কতটা স্বাভাবিক জীবনযাপন করছে, সেটা নিয়ে সব সময়ই নানা প্রশ্ন থেকে যায়। তবে সম্প্রতি সরেজমিনে ঢাকার বিভিন্ন বস্তি ঘুরে তাদের জীবন-চিত্র তুলে আনার চেষ্টা করে ইউএনবি।
তাদের নানা সংকটের মাঝেও সম্প্রতি আবির্ভাব হয়েছে নতুন এক সংকটের। মাদকের করাল গ্রাসে বুঁদ হয়ে যাচ্ছে ঢাকার বস্তিগুলো। কিশোর থেকে শুরু করে তরুণ, এমনকি মাঝবয়সী ব্যক্তিরাও নেশায় আসক্ত হয়ে সমাজ, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।
রাজধানীর কড়াইল বস্তিতে কথা হয় সাদিয়া (ছদ্মনাম) নামের এক কিশোরীর সঙ্গে। সে জানায়, তার বাবা আগে কাজ করতেন, এখন সারা দিন নেশা করে পড়ে থাকেন। তাই বিভিন্ন বাসায় কাজ করে কোনোমতে সংসার চালাতে হচ্ছে তার ও তার মায়ের।
ছোট্ট ঘরে এক ছেলেকে নিয়ে থাকেন আতিয়া খাতুন। তিনি বলেন, ‘আমার স্বামী নাই। ছেলেটা আগে একটা দোকানে কাম করত, কিন্তু কয়দিন হয়, নেশার পাল্লায় পইড়া আর কামে যায় না।’
আরও পড়ুন: রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে এএসআই, লাঠিপেটা
‘আমি আগে দুইটা বাসায় কাম করতাম, কিন্তু এহন ৬টা বাসায় কাম কইরাও সংসার চলে না। ছেলেটাকে নেশার টাকা না দিলে গায়ে হাত তোলে।’
সিফাত নামের ১৬ বছরের কিশোর একটি দোকানে কাজ করে। স্কুলেও ভর্তি হবে বলে জানায় সে।
সিফাত বলে, ‘আমাদের এখানে আমার অনেক বন্ধু আগে কাজ করত, কিন্তু এখন আর করে না; নেশা করে।’
কী নেশা করে—জানতে চাইলে সে বলে, ‘ইয়াবা, বিভিন্ন ট্যাবলেট, গাঁজা, আরও অনেক কিছু।’ কোত্থেকে আনে?—উত্তরে জানায়, ‘বার আছে, রাজাবাজার থেকে আনে। মা-বাবাও জানে না। তাদের থেকে টাকা নিয়ে নেশার জিনিস কেনে।’
বস্তির জীবন
কড়াইল বস্তিতে এক রুমের ভাড়া সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকছেন অনেকে।
আসমা খাতুন (ছদ্মনাম) বলেন, ‘এদিকে কাজের খুব অভাব। মাসে ৪-৫ হাজার টাকা দিয়ে সারা দিন কাজ করতে বলেন মালিকরা। কিন্তু আমাদের বাসা ভাড়াই সাড়ে তিন-চার হাজার টাকা। কাজ না পেয়ে অনেক মহিলারা ভিক্ষা করে। অনেকে আবার অনৈতিক কাজের সঙ্গেও জড়িয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘অনেকেই নেশা করে। যারা নেশা করে তাদের অর্থনৈতিক অবস্থাও নেশার কারণে খারাপ হয়ে গেছে। আবার যারা কাজ পায় না, তাদের অবস্থাও খারাপ।’
মিরপুরের রূপনগরের দুয়ারীপাড়ার বস্তি ঘুরেও দেখা যায় প্রায় একই চিত্র।
সেখানে ছোট্ট ঘরে থাকা রুপা (১৪) বলে, ‘আমার মা, আমি, বাবা আর আমার ছোট বোন এখানে থাকি। বাবা আগে কাজ করত। এখন নেশা করে পড়ে থাকে। আমি আগে স্কুলে পড়তাম। বাবা কাজ বন্ধ করার পর আমিও মায়ের সঙ্গে বাসায় কাজ করি, না হলে সংসার চলে না।’
বাসিন্দাদের মতে, কয়েক হাজার মানুষ বাস করে এ বস্তিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কিশোর বলে, ‘আমিও মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে নেশা করতাম। পরে বাবা টের পেয়ে মারধর করে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, কিন্তু বন্ধুরা বেশিরভাগই নেশা করে।’
এদিকে মালিবাগ রেলগেটে ভাসমানভাবে যুগ যুগ ধরে বাস করছে কিছু মানুষ। তাদের মধ্যে জহুরুল হক থাকেন তার স্ত্রীকে নিয়ে। শীত, বৃষ্টি মাথায় নিয়ে পলিথিনে বানানো ঘরে থাকেন তারা।
যারা দুবেলা খেতে পান না, পাবলিক টয়লেটে প্রতিবার ৫-১০ টাকা করে দৈনিক অন্তত ২০-২৫ টাকাও দিতে হয়, যেটা সামান্য আয়ে তাদের জন্য বাড়তি খরচ। এটা বিনামূল্যে পাওয়ার আশা প্রকাশ করেন তারা।
পড়াশোনাও করছে অনেকে
আরও পড়ুন: মরণঘাতী ড্রাগ ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ থেকে বাঁচতে করণীয়
নাসিমা নামের একজন বলেন, ‘আমার ছেলে মাদ্রাসায় পড়ে। আমার বোনের দুই ছেলে; একজন কলেজে, আরেকজন ইউনিভার্সিটিতে পড়ে।’
বনানী থানার পুলিশ পরিদর্শক রাসেল সরোয়ার বলেন, ‘কড়াইল বস্তির দুই অংশ মিলে প্রায় কয়েক লাখ মানুষ বাস করে। আমরা প্রতিদিন অভিযান চালাই এবং গড়ে ৫/৬ জনকে আটক করি। নেশায় আসক্ত অনেক ছেলে রয়েছে; এদের মধ্যে যুবক বেশি। আসলে জন্ম থেকেই এমন পরিবেশে বড় হয় তারা, তাই সহজে ভালো কিছু শেখে না।’
‘তবে এর মধ্যে অনেকে পড়াশোনা করে ভালো অবস্থানেও চলে যায়। মা-বাবা কাজ করে যা আয় করে, সেটা দিয়ে বস্তিতে থেকেও সন্তানদের পড়াচ্ছেন। এই সংখ্যাটা কম হলেও এটা অনেক পজিটিভ সাইড।’
নেশার পেছনে কারণ নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, ‘প্রত্যেকটা ছেলেমেয়ের বেড়ে ওঠার জন্য পরিবারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু নিম্নবিত্ত ও বস্তির দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষগুলোর জীবন শুরুই হয় অভাব-অনটনের মধ্যে। ছেলেমেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার সুযোগ তারা পান না। সেক্ষেত্রে খুব কম সংখ্যক পরিবার হয়তো সন্তানকে পড়াশোনা করাতে পারেন। তবে বেশিরভাগই অভাবের তাড়নায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে যায়।’
ঢাকার বস্তিবাসী তরুণ ও যুবকদের মধ্যে মাদকের ক্রমবর্ধমান ছোবল কেবল ব্যক্তিগত ও পারিবারিক সংকট নয়, বর্তমানে এটি সামাজিক জরুরি অবস্থায় পরিণত হয়েছে। আসক্তি যেহেতু শুধু আর্থিক ক্ষতিই করে না, বরং সামাজিক অবক্ষয়েও ইন্ধন জোগায়, তাই শিক্ষা, কাজের সুযোগ ও পুনর্বাসন কর্মসূচিসহ ব্যাপকভাবে বস্তিবাসীর জীবনের ওপর ইতিবাচক হস্তক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। জরুরি ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আসক্তি ও দারিদ্র্যের চক্রে পড়ে গোটা প্রজন্মের হতাশার ফাঁদে পড়ার আশঙ্কা করছেন তারা।
রাজধানীতে পাঁচ হাজারের বেশি বস্তি রয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে সর্ববৃহৎ কড়াইল বস্তিই ৫০ হাজারের বেশি মানুষের আবাসস্থল।
আরও পড়ুন: বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘স্বর্ণালংকার লুট’
তবে শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের শহুরে জনগোষ্ঠীর একটি বড় অংশের বাস বস্তিতে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বর্তমানে ১১০ কোটি মানুষ শহরে বস্তি কিংবা বস্তির মতো পরিবেশে বসবাস করছে। বিশ্লেষকদের ধারণা, আগামী ৩০ বছরে আরও ২০০ কোটি মানুষের ঠিকানা হবে বস্তি।
ক্রমবর্ধমান এই নগর চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই আবাসন এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের বিকল্প নেই।
৪৬৬ দিন আগে