বাংলাদেশ
অফিসে আসা-যাওয়ায় অনিয়ম করলে পড়তে হবে শাস্তির মুখে
অফিস করার ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে বা সময়ের আগে বিনা অনুমতিতে অফিস ত্যাগ করলে কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মুখে পড়তে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে অফিস আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
অফিস আদেশে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবে না। রমজান মাসে বিকেল সাড়ে ৩টার আগে এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।
দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে। একইসঙ্গে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী নির্ধারিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১ দিন আগে
সমস্যার সম্মানজনক সমাধান, সবার সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় ঢাকা
নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা রয়েছে। তারা সকলেই আমাদের সঙ্গে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. খলিলুর রহমান বলেন, গতকাল থেকে আমাদের দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি। আমাদের লক্ষ্য হলো, বাংলাদেশ ফার্স্ট; সবার ওপরে থাকবে বাংলাদেশ।
তিনি বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং আমাদের নীতিমালা হবে পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি লক্ষ্য করেছি, তারা আমাদের সরকারের প্রতি গভীর আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আশা করি, আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আমরা গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব।
খলিলুর রহমান বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের সব ইস্যু আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করব। আগামী দিনে আমরা অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করতে পারব।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ বৈঠক করেছি। ভবিষ্যতে আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আলাপ করব, এজন্য কিছুটা সময় প্রয়োজন।
এ সময় অবিবেচনাপ্রসূত বা বিভ্রান্তিকর বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি গুজব এড়িয়ে চলতে এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
১১ দিন আগে
দেশজুড়ে পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের
দুর্ঘটনা রোধে সারাদেশের সকল পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।
এর আগে, দেশের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর ঘটনা-সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এ রিট করেন।
অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়। সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু মিসবাহর মৃত্যু হয়।
তিনি বলেন, এসব ঘটনা সংযুক্ত করে হাইকোর্টে রিট করেছিলাম। রিটের শুনানি নিয়ে আদালত তিন মাসের মধ্যে সব পরিত্যক্ত নলকূপ ভরাট করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
১১ দিন আগে
ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ড বিতরণ শুরু হবে শিগগিরই: তথ্যমন্ত্রী
কৃষককে নানা সুবিধার আওতায় আনতে শিগগিরই ফ্যামিলি কার্ডের মত কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্যমন্ত্রী বলেন, ‘মূলত আমাদের কৃষকদের একটা স্মার্ট কার্ড দেওয়া এবং স্মার্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি ফ্যামিলি কার্ড নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত হয়েছে। তা বাস্তবায়নের জন্য আজ (সোমবার) মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বৈঠক করছেন। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।’
ঈদের আগে কি কৃষক কার্ড বিতরণ শুরু করার বিষয়ে তিনি বলেন, সময়টা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে, যত দ্রুত সম্ভব এটা করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকলে সিদ্ধান্ত নিয়েছেন যে দ্রুত কীভাবে তা করা যায়।
এই কার্ড পেলে একজন কৃষক কী সুবিধা পাবেন— এ বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা তিনি পাবেন। যেমন: তার কৃষিজ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণসহ যেকোনো ধরনের সহযোগিতা তাকে করা। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে একটা স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি—সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে। যে ধারণার ওপরে ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারব।
এটা কি প্রকৃত কৃষকরা পাবে না কি এলাকার মেম্বার বা যারা প্রভাবশালী তারা নিয়ে নিবে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘না, কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে তো আমরা প্রথমেই এ জন্যই মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো সুযোগ-সুবিধা না নিতে পারেন বা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি।’
তথ্যমন্ত্রী বলেন, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, একজন সিম ক্রেতা সরাসরি কিন্তু তার সব ধরনের সেবা ব্যাংকের থেকে পাচ্ছেন। অতএব একজন কৃষকের হাতে যখন আমি স্মার্ট কার্ড পৌঁছে দেব, এরপরে কিন্তু রাষ্ট্রের সঙ্গে তার যোগাযোগটা হবে সরাসরি। কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং তারও যেকোনো সমস্যা কিন্তু সরাসরি রাষ্ট্র জানতে পারছে। ফলে পরিকল্পনার ক্ষেত্রে আমাদের কিন্তু তখন সহজ হবে।
১১ দিন আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান এবং ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
১১ দিন আগে
কৃষকদের সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি সহজে পান, তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে।
সভায় দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ড চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেজ তৈরির অগ্রগতি অবহিত করা হলে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের দিক-নির্দেশনা দেন।
সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ দিন আগে
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমাদের উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করার লক্ষ্যে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
এ সময় ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান রাষ্ট্রদূত।
এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বার্তায় বলেন, এই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
১১ দিন আগে
আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ পান।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তার অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। ইতোমধ্যে রায় ঘোষণা হয়েছে তিনটি মামলার। অপেক্ষমাণ রয়েছে আরও দুইটি।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম অধস্তন আদালতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা পরিচালনায় গঠিত প্যানেলের সদস্য ছিলেন। এছাড়া বিডিআর হত্যা মামলায় অভিযুক্ত অধিকাংশ আসামি পক্ষের আইনজীবী ছিলেন তিনি।
১১ দিন আগে
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এ সময় সরকারপ্রধান সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি জানান, এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।
১১ দিন আগে
ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
২০২৪ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশের ধারা ২৫(ক) এর উপধারা (১) অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেট সিটি করপোরেশন পরিচালনা করবেন আবদুল কাইয়ুম চৌধুরী।
অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্বে থাকবেন মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক) এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫(ক) এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
১১ দিন আগে