বাংলাদেশ
সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু, আমানত তুলতে পারায় স্বস্তিতে গ্রাহকরা
সংকটাপন্ন পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে গ্রাহকরা স্বাভাবিক লেনদেনের পাশাপাশি আমানতকারীরা তাদের জমানো অর্থ উত্তোলন করতে পারছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শাখায় এ কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে অনেক শাখায় পুরোনো সাইনবোর্ড সরিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন ব্যানার ও সাইনবোর্ড লাগানো হয়েছে।
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
ব্যাংক কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবে টাকা জমা ও উত্তোলন করা যাচ্ছে। আমানত সুরক্ষা আইনের আওতায় দুই লাখ টাকা পর্যন্ত একবারে উত্তোলনের সুযোগ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা।
দীর্ঘদিন পর টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আমানতকারীরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধানমণ্ডি শাখায় টাকা তুলতে আসা গ্রাহক মনির হোসেন বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টাকা তুলতে গেরে ভালো লাগছে। এই অর্থটা আমার জন্য খুবই জরুরি ছিল।’
বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা স্কিম অনুযায়ী গ্রাহকদের স্বার্থ রক্ষায় নির্দিষ্ট নীতিমালা ঘোষণা করা হয়েছে:
১. দুই লাখ টাকা পর্যন্ত: যাদের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তারা যেকোনো সময় একবারে পুরো টাকা উত্তোলন করতে পারবেন।
২. দুই লাখ টাকার বেশি: যাদের জমা ২ লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ ১ লাখ টাকা করে আগামী দুই বছর পর্যন্ত তুলতে পারবেন।
৩. বিশেষ সুবিধা: ৬০ বছরের বেশি বয়সী নাগরিক এবং ক্যানসার বা কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীরা চিকিৎসার প্রয়োজনে সীমার বাইরেও টাকা তোলার সুযোগ পাবেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকগুলোর শাখায় এরই মধ্যে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর ব্যানার ও সাইনবোর্ড লাগানো শুরু হয়েছে। ব্যাংকিং কার্যক্রম সহজ করতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে:
নতুন কোনো কাগজপত্র সংগ্রহের ঝামেলা ছাড়াই আগের ব্যাংকের চেকবই, ডিপোজিট স্লিপ ও ভাউচার দিয়ে লেনদেন করা যাবে।
আমানতকারীরা তাদের জমার বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত এবং নতুন আমানতের বিপরীতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।
ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে।
৬৪ দিন আগে
ফেনীতে এবারও হচ্ছে না বই উৎসব
নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও ফেনীতে এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জেলাজুড়ে প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হলেও মাধ্যমিক ও দাখিল স্তরে চাহিদার প্রায় অর্ধেকের বেশি বই পাচ্ছে না শিক্ষার্থীরা।
জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও মাদরাসা স্তরে পাঠ্যবইয়ের চাহিদার সরবরাহ এখনও বাকি থাকায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব হচ্ছে না।
শিক্ষা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, ফেনীতে মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থী ১ লাখ ৬৪ হাজার ১৮৫ জন এবং মাদরাসায় ১ লাখ ৫৪ হাজার ৩৫ জন। ২০২৬ শিক্ষাবর্ষে দাখিলে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বইয়ের মোট চাহিদা ৭ লাখ ৭৬ হাজার ৮৯০টি। যেখানে এখন পর্যন্ত বই এসেছে ১ লাখ ২৭ হাজার ৬৮০টি। মোট বই প্রাপ্তির হার ১৬ দশমিক ৪ শতাংশ।
এছাড়া মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বইয়ের মোট চাহিদা ১৩ লাখ ৫৩ হাজার ৫৫৫টি। তবে, এখন পর্যন্ত বই এসেছে ৩ লাখ ৮৪ হাজার ৭৬০টি। মোট বই প্রাপ্তির হার ২৮ দশমিক ৩৫ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিকে জেলায় মোট বরাদ্দকৃত বইয়ের সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ৯২৮টি। চাহিদার শতভাগ বই ইতোমধ্যে জেলার ৫৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে। ফেনীর ছয় উপজেলার মধ্যে সদর উপজেলায় বরাদ্দকৃত বই ২ লাখ ৯ হাজার ৬২২টি, দাগনভূঞায় ৯১ হাজার ৬৭০টি, সোনাগাজীতে ১ লাখ ৯ হাজার ৪০০টি, ছাগলনাইয়ায় ৫৯ হাজার ৬৪৪টি, পরশুরামে ৪২ হাজার ৫৮২টি ও ফুলগাজীতে ৫০ হাজার ১০টি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ বলেন, প্রাথমিকে ইতোমধ্যে চাহিদা অনুযায়ী শতভাগ বই এসেছে। সবগুলো বিদ্যালয়ে বই পৌঁছে গেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা শতভাগ নতুন বই হাতে পাবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ বলেন, এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৬০ শতাংশ বই এসেছে। প্রতিদিন বই আসছে। বছরের শুরুর দিনে মাধ্যমিকের শিক্ষার্থীরা শতভাগ পাবে না। চাহিদার শতভাগ বই কবে পাওয়া যাবে সেই বিষয়েও এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এছাড়া আনুষ্ঠানিকভাবে বই উৎসব না হলেও বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সুবিধাজনকভাবে তাদের বই সংগ্রহ করবেন।
প্রসঙ্গত, এর আগে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে শুরু হয়েছিল নতুন কারিকুলামে পাঠদান। এক বছরের মাথায় রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও গত বছর পূর্বের কারিকুলামে ফিরে যায় শিক্ষাব্যবস্থা।
৬৪ দিন আগে
রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় মো. শিপন (২৪) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে গুরুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত শিপনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলি এলাকায় থাকতেন তিনি। তার বাবার নাম শাহআলম।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ। তিনি বলেন, ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ছেলেটি। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তৎক্ষাণিক জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৬৪ দিন আগে
মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন—অটোরিকশার চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেলের আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।
নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের সন্তান ও ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার ১৪১ নম্বর বাসার জহিরুল ইসলামে সন্তান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই গাড়ির চালকই গুরুতর আহত হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
৬৪ দিন আগে
গত অর্থবছরে ৭৮৫.২১ কোটি টাকা মুনাফা করেছে বিমান
গত ২০২৩-২৫ অর্থবছরে ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব শেখ বশির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা। এ ছাড়াও শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় করেছে। এই লাভের পরিমাণ ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একইসঙ্গে গত অর্থবছরে বিমানের অপারেশনাল মুনাফা অর্জিত হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা, আর নিট মুনাফা অর্জিত হয়েছে ৭৮৫ কোটি ২১ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান এবং সর্বশেষ ১০ অর্থবছরের মধ্যে ৯ বারই নিট মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২০২৪-২০২৫ অর্থবছরে মোট ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে সর্বমোট ৩৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে বিমান, যা আগের অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেশি। এ ছাড়াও ৪৩ হাজার ৯১৮ টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৪৫ দশমিক ২১ শতাংশ বেশি।
গত অর্থবছরে বিমান বিদেশি এয়ারলাইন্সের ৩১ হাজার ১১২টি ফ্লাইটে ৬১ লাখ ৩ হাজার ১৪৭ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বলেও সভায় জানানো হয়।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। গত ৫৪ বছরে বিমান সরকার থেকে কোনোপ্রকার ভর্তুকি গ্রহণ করেনি। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়, যা বাজারে বিমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও যাত্রীদের আস্থার প্রতিফলন।
দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি বাড়িয়েছে। পাশাপাশি, বিমান আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটি রেকর্ড বজায় রেখেছে।
বিমানের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে—নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণ। বিমানের লক্ষ্য হলো জাতীয় গৌরবকে ধারণ করে বিশ্বমানের সেবা, নির্ভরযোগ্যতা এবং যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে পরিণত হওয়া।
৬৪ দিন আগে
নতুন বছরে জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমল
নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য স্বস্তির খবর এসেছে জ্বালানি খাতে। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমে হয়েছে ১০২ টাকা। একইভাবে অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমে হয়েছে ১১৮ টাকা। এছাড়া কেরোসিনের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১১৪ টাকায়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করেই তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, সর্বশেষ গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল।
৬৫ দিন আগে
খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষকৃত্যে অংশ নিতে বুধবার ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।
নেপাল সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতেই ঢাকায় পৌঁছান তিনি।
রাত ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্বে খালেদা জিয়ার তিন মেয়াদে নেপাল–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধার বহির্প্রকাশ হিসেবেই নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।
নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তার সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও রয়েছেন। আগামী ১ জানুয়ারি তিনি কাঠমান্ডু ফিরে যাবেন।
৬৫ দিন আগে
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষকৃত্যে অংশ নিতে বুধবার ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে ভারত সরকার ও দেশটির জনগণের প্রতিনিধিত্ব করছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।
২০১২ সালের ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তখনকার বিরোধীদলীয় নেতা হিসেবে ভারত সফর করেন খালেদা জিয়া।
তার আগে, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে তার সর্বশেষ সরকারি ভারত সফর ছিল ২০০৬ সালেল মার্চে। সে সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ তিনি রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করেন।
ওই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণাঙ্গ বিষয়াবলি নিয়ে ড. মনমোহন সিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বিস্তৃত আলোচনা হয়। একইসঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, ‘ ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এই বিয়োগান্তক ক্ষতি সয়ে নেওয়ার জন্য তার পরিবারকে ধৈর্য দান করুন।’
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করে তিনি আরও লিখেছেন, ‘তার দূরদর্শিতা ও উত্তরাধিকার দুই দেশের অংশীদারত্বকে ভবিষ্যতেও আমাদের পথ দেখাবে। তার আত্মা শান্তিতে থাকুক।’
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন স্থানে আজ দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ৩টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
খালেদা জিয়ার দাফনের সময় জিয়াউর রহমানের সমাধিস্থলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সেইসঙ্গে দাফনে উপস্থিতদের কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
৬৫ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্ক এলাকায় সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে।
২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না।
সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলে অধ্যাদেশে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে।
৬৬ দিন আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
২০২৪ সালের ১০ নভেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পান সায়েদুর রহমান। একই সঙ্গে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া করা হয়।
৬৬ দিন আগে