বাংলাদেশ
খলিল-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নিজের ভ্যারিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এস জয়শঙ্কর বলেন, ‘আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।’
তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছি।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই সরকারের পক্ষ থেকে প্রথম উচ্চপর্যায়ের সফর।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণিত এই সফরের মধ্য দিয়ে ‘পারস্পরিক সম্মান ও স্বার্থের’ ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগ্রহী বাংলাদেশ।
যদিও ঢাকা এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ বলেই উল্লেখ করছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউএনবিকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ভালোভাবে বোঝা এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে নয়াদিল্লির সঙ্গে এই সফরে তাৎপর্যপূর্ণ আলোচনা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার নয়াদিল্লিতে পৌঁছেছেন। বুধবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযুষ গয়ালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
৫৭ দিন আগে
পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর
বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা অনেক সময় মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।
তিনি বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদি উন্নয়ন সমস্যার মতো নয়; এর প্রভাব দীর্ঘমেয়াদি এবং সুদূরপ্রসারী। এ ক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
বৈশ্বিক জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন।
৫৭ দিন আগে
মিরপুরে বিএইউপিতে এসি বিস্ফোরণে দগ্ধ ৪
ঢাকার মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন— মো. আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), মো. রাসেল (৪৫) ও সুজন (৩১)। তারা চারজনই এসি মেরামতকারী মিস্ত্রি।
আহতদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী ওমর ফারুক জানান, আজ (বুধবার) দুপুর পৌনে ১টার দিকে বিইউপির একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে এসি মেরামতকারী চারজন দগ্ধ হন। পরে আমরা তাদের দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ড্রেসিং সম্পন্ন হলে তা জানা যাবে।
৫৭ দিন আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একে ওই অঞ্চলের উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে একটি ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক অগ্রগতি হিসেবে দেখছে ঢাকা।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমর্থন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে যে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে। একইসঙ্গে একটি স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সচেষ্ট হবে।
এই যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে যেসব পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতা করেছে, তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও পুনর্ব্যক্ত করেছে যে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে যেকোনো ধরনের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং বর্তমানে বিশ্ব পরিস্থিতিতে সেটিই কাম্য।
৫৭ দিন আগে
তিন দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন আট ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কাজ আগামীকাল ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। এই দীর্ঘ সময়ে সাবমেরিন ক্যাবলটি দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিএসসিপিএলসি জানিয়েছে, এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে এই সময়ে কুয়াকাটার দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি বন্ধ থাকলেও কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4) দিয়ে ইন্টারনেট সেবা আগের মতোই সচল থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।
৫৭ দিন আগে
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
মো. সাহাবুর রহমানকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এবং এ এফ এম মাহফুজুর রহমান খানকে সহকারী প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।
উপ-প্রেস সচিব গ্রেড-৫ বেতন স্কেলে ও সহকারী প্রেস সচিব গ্রেড-৬ বেতন স্কেলে এই নিয়োগ পেয়েছেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
৫৭ দিন আগে
এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫: শিক্ষামন্ত্রী
বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে মোট ৬০ হাজার ২৯৫টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সব মিলিয়ে এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে শিক্ষকের ৬০ হাজার ২৯৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া সরকারি কলেজগুলোতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধীনে ৬৬৬টি প্রভাষকের পদ শূন্য আছে। সম্প্রতি জাতীয়করণ করা কলেজগুলোতে ২ হাজার ৪১০টি নন-ক্যাডার প্রভাষকের পদ খালি রয়েছে।
তিনি আরও জানান, বেসরকারি এমপিওভুক্ত কলেজগুলোতে ১ হাজার ৩৪৯টি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ বর্তমানে শূন্য। পাশাপাশি, এমপিওভুক্ত কলেজগুলোতে ১ হাজার ৩৪৪টি শূন্য পদের বিপরীতে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এহছানুল হক মিলন বলেন, শূন্যপদগুলো দ্রুত পূরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কলেজগুলোতে প্রভাষক নিয়োগের প্রক্রিয়া ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম এবং ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে চলমান রয়েছে।
অন্যদিকে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য ২০২৬ সালের ২৯ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পদগুলো পূরণে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণের জন্য অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা, ২০২৬ (সংশোধিত)-এর আয়োজন করা হয়েছে এবং ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
চলমান এসব উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
৫৭ দিন আগে
৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’তে খেলাধুলার বিষয়টিও যুক্ত হচ্ছে। নতুন আঙ্গিকে এই প্রতিযোগিতাটি আগামী ৩০ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছে। ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমিও সভায় ছিলাম। খুব দ্রুত এটা আপনারা অফিশিয়ালি (আনুষ্ঠানিকভাবে) জানবেন। সারা দেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য বই পড়ার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এটা আমি আগাম জানিয়ে দিলাম।
তিনি বলেন, বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিল, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার খেলাধুলার ক্ষেত্রেও এটার আওতা বাড়ানো হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আরও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্যালেন্ট হান্টিং (মেধা অন্বেষণ) হবে। সেটা নিয়ে আজকে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকে আমরা ছিলাম।
উপদেষ্টা আরও বলেন, আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যা তার জন্য ভালো, এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবেন।
৫৮ দিন আগে
পেছাল স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান
‘স্বাধীনতা পুরস্কার, ২০২৬’ প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ৯ এপ্রিলের পরিবর্তে অনুষ্ঠানটি এখন আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পুনর্নির্ধারিত অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য পূর্বে পাঠানো আমন্ত্রণপত্র দেখিয়েই অতিথিরা ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সরকার এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে থাকে।
এ বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনীত করা হয়েছে।
৫৮ দিন আগে
ভারতে শুভেচ্ছা সফরে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন।
পথিমধ্যে নয়া দিল্লিতে যাত্রা বিরতিতে যাচ্ছেন তিনি। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়কমন্ত্রী হারদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এসব কথা জানান।
তিনি বলেন, এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা প্রকাশ করেন মাহবুবুল আলম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করবে বাংলাদেশ। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদসহ অন্যান্য আসামিদের দ্রুত ফেরত চাইবে ঢাকা। মাসুদ বর্তমানে কলকাতায় গ্রেপ্তার রয়েছেন।
ভিসা সেবা পুরোপুরি চালুর বিষয়েও ভারতের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করবে ঢাকা। চিকিৎসা পর্যটন থেকে ভারত উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে, সে বিষয়টিও সেখানে উল্লেখ করা হবে। এছাড়া সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে সীমান্তে আর কোনো প্রাণহানি যেন না ঘটে, সে বিষয়েও জোর দেবে বাংলাদেশ।
উভয় পক্ষ জ্বালানি সহযোগিতা, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন এবং বাণিজ্য বাধা সহজ করার পদক্ষেপ নিয়েও আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই হবে ভারতে প্রথম উচ্চপর্যায়ের সফর। দিল্লিতে আগামী ৮ এপ্রিল দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত লোকসভার স্পিকার ওম বিড়লা এই আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেছিলেন। মোদি তার চিঠিতে দুই দেশের মধ্যে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি এবং জনযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মরিশাস সম্মেলন ও ভারত সফরে যাবেন।
৫৮ দিন আগে