বাংলাদেশ
সীমান্ত হত্যা যেন আর না শুনতে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রবিবার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এর আগে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, ‘এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারকে সীমান্ত নিয়ে কথা বলেছি। বিশেষ করে সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়, সেজন্য বিজিবি ও বিএসফ যেন সব সময় এ বিষয়ে বৈঠক করতে থাকে। যতটুকু সম্ভব সীমান্ত হত্যা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।
‘এ বিষয়ে ভারত বলেছে, তারাও আন্তরিক এবং তাদের সব সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।’
ভারতে ভ্রমণ ভিসার কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত এক-দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলো আক্রমণের শিকার হয়েছে। যার জন্য তারা পুরোদমে সেই ভিসা কার্যক্রম চালু করতে পারেনি। তবে তারা নিশ্চিত করেছে, ধারাবাহিকভাবে চালু করবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সঙ্গে সাক্ষাৎ করে থাকে, এটি তারই অংশ। এছাড়া প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমাদের লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আছে। নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় হাইকমিশনার কথা বলতে এসেছিলেন।
তিনি আরও বলেন, পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও লাভের ভিত্তিতে ভারতের কাছে আমরা একটি সহযোগিতা চেয়েছি। উভয় দেশ এ সম্পর্ক বজায় রাখব। ব্যবসা-বাণিজ্য, কুটনীতিকসহ সব ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা আশা করি, ভারত সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে।
৫ দিন আগে
ইরানে প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ শ্রম প্রতিমন্ত্রীর
ইরানে হামলা-পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশি নাগরিকদের সামরিক স্থাপনা ও এলাকা এড়িয়ে পরিচিতদের কাছে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রবিবার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকের মুখোমুখি হন ভিপি নুর।
এ সময় তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড, খাবার, পানীয় ও অর্থসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তারা যদি কোনো গুরুতর অসুবিধায় পড়েন, সেক্ষেত্রে কনস্যুলেট ও দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় দালালের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিদেশগামীরা প্রতারণার শিকার হওয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্ধারিত ৩ হাজার এজেন্সির বিষয়ে খোঁজ নেওয়া হবে।
৫ দিন আগে
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ কথা জানান।
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘন ঘন যে ভূমিকম্প দেখা দিচ্ছে, সে কারণে ঢাকা শহরে এক লাখ স্বেচ্ছাসেবক রাখা প্রয়োজন। যেটা উপকূলীয় এলাকায় আছে, সে মডেলে আমাদের তৈরি করার নির্দেশনা দিয়েছেন। ভূমিকম্পের সময় লোকজনকে সরিয়ে নিতে ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ ও স্কুলকে চিহ্নিত করার জন্য আমাদের বলা হয়েছে এবং এ বিষয়ে আরও কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।
স্বেচ্ছাসেবক কি শুধু ঢাকার জন্য থাকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ঢাকা শহরে এক লাখ। যেভাবে ভলান্টিয়ার উপকূলীয় এলাকায় আছে, ঠিক একই মডেলে আমরা ঢাকায় করব; সেটি নিয়ে আমরা কাজ করছি।’
আসাদুল হাবিব দুলু বলেন, কিছু সরঞ্জাম দ্রুত গতিতে যাতে আমরা ক্রয় করতে পারি এবং সচেতনতা তৈরি করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করি সে ব্যপারে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী ১১ তারিখ আবার বসে এটার ফলোআপ দেব।
ভূমিকম্প হলে উদ্ধার সক্ষমতার বিষয়ে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘এই সক্ষমতা বাড়ানোর জন্যই আলোচনাগুলো হচ্ছে। এখন পর্যন্ত আমরা যে সরঞ্জামগুলো কিনেছি, এগুলোর কিছু আর্মড ফোর্সেস বিভাগে দিয়েছি, কিছু ফায়ার সার্ভিসকে দিয়েছি।'
দুর্যোগ ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কী এ বিষয়ে আসাদুল হাবিব বলেন, ১৮০ দিনের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে, এর মধ্যে যেগুলো আওতাভুক্ত সেটা আমরা করব।
রাজউকের ঝুঁকিপূর্ণ এলাকায় বহুতল ভবন বা ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ বা এই ধরনের কোনো কঠোর নির্দেশনা কি আপনাদের মন্ত্রণালয়ের আওতায় থাকে—এ প্রশ্নের উত্তরে ত্রাণমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, এটা আমাদের আওতায় অন্তর্ভুক্ত। যেগুলো আলোচনায় থাকে, সেগুলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের, সেক্ষেত্রে তাদের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করি।’
৫ দিন আগে
আজ থেকে জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ায় ওই অঞ্চলের বেশকিছু দেশে গতকাল ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে চলমান উত্তেজনার মধ্যেও সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও ওমানের রাজধানী মাস্কাটে আজ থেকে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
রবিবার (১ মার্চ) সকালে এক সংবাদি বিজ্ঞপ্তিতে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন গন্তব্যের যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সাথে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলছে, পাল্টা হামলাও চালাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
৫ দিন আগে
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: ধর্মমন্ত্রী
সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান।
বিমানবন্দর পরিদর্শন করে ধর্মমন্ত্রী সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবগত হন। সে সময় তিনি আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের উদ্বেগের কথা শোনেন এবং এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।
মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ওমরাহ যাত্রীও আটকে পড়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের তথ্য প্রদান করতে কাজ করে যাচ্ছে।
৫ দিন আগে
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (ইউএনবি)— ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে। এসব কার্ড বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না।
তিনি বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কথা ধৈর্য সহকারে শুনে ব্যবস্থা গ্রহণে জন্য সরকারি কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।
ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, মধুপুরে বখাটে দেখতে চাই না। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভার আগে তথ্যপ্রযুক্তিমন্ত্রী মধুপুর শহরের সাথীর মোড়ে টাঙ্গাইল-ময়মনসিংহ রাস্তার সাথীর মোড় থেকে টুটুল ট্রেডার্স পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর তিনি ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৬ দিন আগে
মশা নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসির, শুরু হচ্ছে ১০ দিনের ক্রাশ প্রোগ্রাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসসিসির নগর ভবনের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় তিনি এ ঘোষণা দেন।
সম্প্রতি ডিএসসিসি এলাকায় মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রশাসকের নির্দেশে এই বিশেষ সভার আহ্বান করা হয়। সভায় মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণ, সঠিক পদ্ধতি অনুসরণ এবং মাঠ পর্যায়ে কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মশা নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মশা নিয়ন্ত্রণে অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’ মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নিজেই সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানান তিনি।।
মো. আব্দুস সালাম বলেন, আগামীকাল (রবিবার) থেকে ডিএসসিসির ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হবে, যেখানে সিটি করপোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সভায় মশক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বর্তমান ওষুধের বিকল্প হিসেবে নতুন কার্যকর ওষুধের পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সরকারি বা বেসরকারি যেকোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং বারবার সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, করপোরেশন সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ দিন আগে
ইরান-ইসরায়েল সংঘাত: বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল
ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, নতুন করে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট রুটগুলোতে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব এবং পুনর্নির্ধারণ করা হয়েছে।
বেবিচকের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব এয়ারলাইন্সকে কয়েকটি নির্দেশনা দিয়েছে।
সেগুলো হলো:
১. ফ্লাইট বাতিল বা বিলম্ব-সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিম জানাতে হবে।
২. সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মীদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।
৩. পুনর্নির্ধারিত ফ্লাইট-সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।
উক্ত রুটগুলোতে ভ্রমণের পরিকল্পনায় থাকা সম্মানিত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বেবিচক আরও বলেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে। এক্ষেত্রে যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
সেইসঙ্গে আরও বলেছে, আজ (শনিবার) মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট, যথা: দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ্, আবুধাবিসহ যে সকল গন্তব্যে যাত্রীদের যাত্রা করা কথা ছিল, তাদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ ছাড়া এয়ারপোর্টে না আসেন। যোগাযোগের নম্বর ১৩৬৩৬।
৬ দিন আগে
পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা
জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ থেকে এপ্রিল, এ দুই মাস চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ সময় এ দুই নদীতে মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে (চাঁদপুর সদর হয়ে) হাইমচর উপজেলার শেষপ্রান্ত চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদীকে অভয়াশ্রম এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকার প্রায় ৪৭ হাজার নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকবেন।
তবে এই সময়ে বেকার ও কর্মহীন হয়ে পড়া এসব জেলের মধ্যে ৩৯ হাজার ৪০০ জেলেকে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। তারা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাস মাথাপিছু ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল পাবেন বলে জানান তিনি।
সরেজমিনে গিয়ে সদর উপজেলার যমুনা রোড, কোড়ালিয়া, আনন্দবাজার, দোকানঘর, বহরিয়া, রণাগোয়াল, আখনের হাট ও আশপাশের এলাকার মেঘনা পাড়ের বেশ কয়েকজন জেলের সঙ্গে কথা হয়।
তাদের মধ্যে জেলে জাহাঙ্গীর বলেন, আমরা সরকারি আইন মানি। নিষেধাজ্ঞার সময় আমরা জাল ও নৌকা ডাঙায় উঠিয়ে রাখি। কিন্তু আমাদের যে খাদ্যসহায়তা দেওয়া হয়, এটা খুবই অপ্রতুল। এতে আমাদের সংসার চলে না। এর সঙ্গে দুই মাসের জন্য দশ হাজার টাকা করে নিজ নিজ মোবাইল নম্বরে বিকাশে বা নগদে দিলে খুবই উপকার হতো।
একই এলাকার জেলে আলী আক্কাছ মাঝি বলেন, মাছ আহরণ করে আমাদের জীবীকা নির্বাহ করতে হয়। অবসর সময়ে বরাদ্দ খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও জরুরি। শুধু চাল দিয়ে কি সংসার চলে? সন্তানদের পড়ালেখা ও ঋণের কিস্তি নিয়ে ফেরত দিতে আমাদের বিপাকে পড়তে হয়।
একই কথা জানান জেলা শহরের শেষ প্রান্তের মেঘনা পাড়ের টিলাবাড়ি এলাকার সামাদ ঢালী (৫৫) ও মোতালেব পাইক (৫০); মেঘনা পাড়ের মাদরাসা রোডের হাছান রাঢ়ী (৫০) ও শাহজাহান বেপারী (৫৫)।
চাঁদপুর সদর উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করবে জেলা ও উপজেলা টাস্কফোর্স। আইন অমান্য করে জাটকা ধরা হলে তাদের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা ধরা বন্ধে নৌপুলিশ নদীতে সক্রিয় থাকবে। নৌ-সীমানার মধ্যে যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করেন, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম সরকার জানান, ইলিশের উৎপাদন বৃদ্বির লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়, যার মধ্যে জাটকা সংরক্ষণ অন্যতম। জাতীয় স্বার্থে অংশীজনদের আরও তৎপর হতে হবে। জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
বিশিষ্ট ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। জাটকা সংরক্ষণে সম্মিলিতভাবে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জাটকা সংরক্ষণ হলে এর সুফল জেলেসহ আমরা সবাই পাব।
৬ দিন আগে
জাহাজ থেকে খাদ্যপণ্য খালাসে দেরি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
নির্ধারিত সময়ে আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার জাহাজ থেকে খাদ্যপণ্য গুদামে খালাস না করে দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখলে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে মন্ত্রী জানতে পারেন, খাদ্যপণ্যবাহী কয়েকটি লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন ধরে নোঙর করে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি। এরপর ওই হুঁশিয়ারি দেন তিনি।
নৌপরিবহন মন্ত্রী বলেন, খাদ্যপণ্য জাহাজে অযৌক্তিকভাবে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অধিক মুনাফা অর্জনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এতে বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নিয়মিতভাবে নদীপথে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি সংশ্লিষ্ট সব আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান এবং খাদ্যপণ্য দ্রুত খালাস ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।
৬ দিন আগে