বাংলাদেশ
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেল চালু
শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলায় ক্ষয়ক্ষতির কারণে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রবিবার সকালে আবার চালু হয়েছে ঢাকা মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা স্টেশন থেকে কার্যক্রম শুরু হয়।
তিনি জানান, পূর্ব সময়সূচি মেনেই এখন থেকে মেট্রোরেল চলাচল করবে। তবে 'অনিবার্য কারণে' মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে।
আরও পড়ুন: এক মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেল
শিক্ষার্থীদের আন্দোলনের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো বাদ দিয়ে ১৭ আগস্টের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দেয়।
তবে ৬ আগস্ট থেকে শুরু হওয়া মেট্রোরেল কর্মীদের ধর্মঘটের কারণে তা সম্ভব হয়নি। এরপর ২০ আগস্ট শ্রমিকরা তাদের কাজে ফিরে যান এবং মেট্রোরেল চালুর কাজ শুরু হয়।
একই দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক মেট্রোরেলের জাতীয় প্রেস ক্লাব স্টেশন পরিদর্শন করেন এবং ২৫ আগস্ট থেকে মেট্রো সার্ভিস চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
আরও পড়ুন: ২৫ আগস্ট থেকে চালু হতে পারে মেট্রোরেল
৬৪৯ দিন আগে
সাবেক বিচারপতি মানিক কারাগারে, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।
আরও পড়ুন: বিস্ফোরক আইনে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ কারাগারে
৫৪ ধারায় আটক দেখিয়ে মানিককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক জামসেদ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে জনতা। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান।
পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। ৪টা ২০ মিনিটে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিককে আটক করে বিজিবি।
মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়।
আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক মন্ত্রী রমেশ কারাগারে
৬৪৯ দিন আগে
পদত্যাগ করলেন কচি, বিজিএমইএর নতুন সভাপতি খন্দকার রফিকুল
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এস এম মান্নান কচি। দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে তিনি সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র দিয়েছেন বিজিএমইএ বোর্ডকে।
এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার (২৪ আগস্ট) র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বিজিএমইএর পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ বিজিএমইএ’র
সভায় সর্বসম্মতিক্রমে এসএম মান্নানের (কচি) দত্যাগপত্র গ্রহণ করে বিজিএমইএর সভাপতি করা হয় খন্দকার রফিকুল ইসলামকে। যিনি ২০২৪-২০২৬ মেয়াদে এস এম মান্নানের (কচি) নেতৃত্বাধীন বিজিএমইএ বোর্ডে সিনিয়র সহসভাপতি পদে ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সহসভাপতি থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব নিলেন আব্দুল্লাহ হিল রাকিব এবং পরিচালক থেকে সহসভাপতির দায়িত্ব নিলেন আসিফ আশরাফ।
খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের সহসভাপতিরা হলেন—
প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহসভাপতি মিরান আলী, সহসভাপতি আসিফ আশরাফ ও সহসভাপতি রকিবুল আলম চৌধুরী।
আরও পড়ুন: পোশাক শিল্পের কাস্টমস ও বন্ড সমস্যা সমাধানে এনবিআরকে বিজিএমইএর আহ্বান
৬৪৯ দিন আগে
বন্যায় কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণ করে পুনর্বাসনের আহ্বান কৃষি উপদেষ্টার
বন্যাদুর্গত এলাকায় কৃষি খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নির্ধারণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে বন্যাদুর্গত এলাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের উৎপাদন নিশ্চিত করা। তা সম্ভব না হলে শাকসবজিসহ উপযোগী রবিশস্য উৎপাদন বাড়ানো। কৃষি উৎপাদন বৃদ্ধিতে আবাদযোগ্য সব জমি চাষের আওতায় আনতে হবে।’
আরও পড়ুন: খুলনায় সাবেক মেয়র আব্দুল খালেকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
এ সময় বীজ ও সারসহ অন্যান্য কৃষি উপকরণের জোগান নিশ্চিতকরণ, বীজতলা তৈরি এবং সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণ করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কৃষি উপদেষ্টা।
কৃষি উপদেষ্টা আরও বলেন, ‘বন্যা পরবর্তী পুনর্বাসনকালে কৃষি উৎপাদন নিশ্চিতকরণে কৃষি কর্মকর্তাদের সক্রিয়ভাবে মাঠে থেকে কৃষকদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করতে হবে।’
এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
কৃষি উপদেষ্টা বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর জন্য কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে তা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর/বিভাগের সহযোগিতা নিয়ে সাময়িকভাবে রাস্তা কেটে বা সুবিধাজনক উপায়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করতে হবে।
সভায় কৃষি সচিব দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
উপদেষ্টা এ সিদ্ধান্তের প্রশংসা করেন এবং সবাইকে নিজেদের সাধ্য অনুযায়ী এ দুর্যোগকালীন সহযোগিতার আহ্বান জানান।
সভায় দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় করণীয়/প্রস্তুতি বিষয়ে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়-
ক) বন্যাকবলিত এলাকার কৃষি ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতি বিশেষ করে বন্যার পানি নেমে যাওয়ার পরেই রোপা আমনের বীজতলা, রোপিত আমন এবং দণ্ডায়মান আউশ ধানসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধান ফসল ধান চাষকে অগ্রাধিকার দিতে হবে। ধান পুনর্বাসন কর্মসূচি প্রদানের পর প্রয়োজনীয়তার নিরীখে পুনর্বাসনের জন্য আগাম শীতকালীন সবজি কর্মসূচিও দেওয়া হবে।
খ) বিভিন্ন দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের আওতাভুক্ত নিজস্ব উঁচু জমিতে রোপা আমন ধানের বীজ তলা দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গ) বন্যায় কৃষির ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্ট্রোল রুমের কার্যক্রমের অব্যাহত রাখতে হবে।
ঘ) কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার নিকট রোপা আমন ধানের বীজের স্টক সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করতে হবে এবং মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি পুনর্বাসন/সহায়তা কার্যক্রমের তথ্যাবলি সংগ্রহ করতে হবে।
ঙ) বিএডিসি/বিনাসহ অন্যান্য সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান আমন বীজ সংগ্রহ করে বীজতলা প্রস্তুতকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তর/সংস্থার নিকট অবিলম্বে সরবরাহ করবে।
চ) যথাসম্ভব বন্যা কবলিত এলাকার নিকটতম এলাকায় বীজতলা প্রস্তুত করতে হবে।
ছ) মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের বন্যাত্তোর কৃষি পুনর্বাসনের কার্যক্রম দ্রুততার সঙ্গে শুরু করার জন্য এখন হতে সক্রিয় রাখতে হবে।
জ) বন্যা কবলিত এলাকায় ব্লক ও উপজেলা ভিত্তিক পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
ঝ) বন্যায় কৃষির ক্ষয়ক্ষতির তথ্যাদি ও মাঠ পর্যায়ের কৃষকদের সচেতন করার জন্য কৃষি তথ্য সার্ভিসকে সামগ্রিক কৃষি পুর্নবাসন কার্যক্রমের বিষয়ে তথ্য চিত্র প্রস্তুত করতে হবে।
ঞ) সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
আরও পড়ুন: কৃষিতে উৎপাদন বাড়াতে হবে: কৃষি উপদেষ্টা
৬৪৯ দিন আগে
নাগরিকদের আরও দ্রুত সেবা দেওয়ার চেষ্টা চলবে: ডিএসসিসি প্রশাসক
নাগরিকদের সুচারুভাবে আরও দ্রুততার সঙ্গে সেবা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক ড. মহ. শের আলী।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে (গঠিত সরকারের কাছে) সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা চায় সিটি করপোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরও উন্নতভাবে দেওয়ার জন্য।’
শনিবার (২৪ আগস্ট) রাজধানীর দয়াগঞ্জ এলাকায় বর্জ্য সংগ্রাহক আধার (কনটেইনার) পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ত্রাণ কার্যক্রম সমন্বয়ে এনজিওগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছি। আমরা কিছু সমস্যা দেখেছি। সেগুলো আমরা অতিক্রম করতে চাই। আমরা যেসব সেবা নাগরিকদের দিই সেগুলো আরও সুন্দর, সুচারুভাবে ও দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘প্রথম বিষয় হচ্ছে, দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা রয়েছে। আমরা নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর জোর দিচ্ছি।’
এছাড়াও প্রশাসক মিতালী স্কুল ও আসগর আলী হাসপাতাল এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম ও দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা।
আরও পড়ুন: বন্যা মোকাবিলায় এনজিওগুলোর দক্ষতা কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার
ফেনীর মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশনা উপদেষ্টা নাহিদের
৬৪৯ দিন আগে
নাখালপাড়া থেকে গ্রেপ্তার সাবেক এমপি সাদেক খান: ডিএমপি
ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: নতুন ওসি পেল ডিএমপির ১৩ থানা
শনিবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়।
আরও পড়ুন: সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় চেষ্টা করা হবে: ডিএমপি কমিশনার
৬৪৯ দিন আগে
বন্যা মোকাবিলায় এনজিওগুলোর দক্ষতা কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার
চলমান বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী কার্যক্রম দক্ষতার সঙ্গে মোকাবিলায় এনজিওগুলোর স্থানীয় জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অধ্যাপক ইউনূসকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম ‘এনজিওগুলো বাংলাদেশের শক্তি। তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমরা সেটা করতে পারি। আমাদের সমন্বিতভাবে বন্যা মোকাবিলা করতে হবে।’
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে এনজিও প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শফিউল আলম।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করছে এমন এনজিওগুলো বৈঠকে অংশ নেয়। সভায় ক্ষুদ্র ও কমিউনিটি পর্যায়ের সংগঠনসহ প্রায় ৪৪টি এনজিওকে আমন্ত্রণ জানানো হয়।
প্রেস সচিব বলেন, বৈঠকে সব অংশীদারের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সমন্বিতভাবে পুনর্বাসন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অধ্যাপক ইউনূসকে উদ্ধৃত করে আলম বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় মানুষ যেভাবে উদ্বুদ্ধ হয়েছিল, একইভাবে এখনো উদ্বুদ্ধ হয়েছে দেখে আমরা অভিভূত।’
দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চমকপ্রদ দৃশ্যের কথাও উল্লেখ করেন।
আলম বলেন, বন্যা পরবর্তী চ্যালেঞ্জ, টেলিকম সংযোগ এবং বিদ্যুৎ সংযোগ চালুর বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, এনজিওগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালে বাংলাদেশ পুনর্গঠনেও এনজিওগুলো ব্যাপক ভূমিকা রেখেছে।
এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, রাশেদা কে চৌধুরী, অ্যাকশনএইড বাংলাদেশের প্রধান ফারাহ কবির, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনবির এক প্রশ্নের জবাবে আসিফ সালেহ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল সংগ্রহের প্রয়োজন।
আরও পড়ুন: ত্রাণ কার্যক্রম সমন্বয়ে এনজিওগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
তিনি বলেন, প্রয়োজন যাচাইবাছাই করা হবে। তারা কার্যকর সমন্বয়ের দিকে মনোনিবেশ করবেন, যাতে ত্রাণ সামগ্রী প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে পৌঁছায়।
আসিফ বলেন, ‘এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন। প্রবাসীদের মাধ্যমে তহবিল সংগ্রহের আরেকটি বিষয়েও আলোচনা হয়। সেখানে চ্যানেল তৈরির সুযোগ রয়েছে। অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের তহবিল সংগ্রহ করতে হবে।’
সমন্বিত জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা তুলে ধরে তিনি বলেন, তারা চাহিদা নিরূপণ শুরু করেছেন এবং চাহিদা নিরূপণের ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের সুযোগ রয়েছে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আরও বলেন, সর্বস্তরের মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে আসছেন।
স্বাস্থ্য ও খাদ্য সংকট সম্পর্কিত চ্যালেঞ্জগুলো তুলে ধরে আসিফ বলেন, 'এখন পর্যন্ত নেওয়া উদ্যোগ দেখে আমরা অভিভূত। আমরা আমাদের আইডিয়া শেয়ার করলাম। যেহেতু আমরা মাঠে কাজ করছি তাৎক্ষণিক অগ্রাধিকার সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।’
জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে যারা কাজ করছেন, তাদের সম্পৃক্ত করে কিছু কর্মপরিকল্পনা ও সমন্বয়ের বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা।
সমন্বিত ব্যবস্থার কথা বলতে গিয়ে আসিফ বলেন, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে।
তিনি বলেন, দাতাদের সঙ্গে সমন্বয়ের সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা দাতা সংস্থাগুলোকেও আমন্ত্রণ জানাবেন।
আসিফ বলেন, যেকোনো মানবিক সংকটে তথ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: বন্যা মোকাবিলায় বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব প্রধান উপদেষ্টার
৬৪৯ দিন আগে
রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় লিটনসহ ৪২ জনের নামে মামলা
রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাকিব আনজুম নিহতের ঘটনায় মামলা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৪২ জনের নাম উল্লেখ করে ৩৪২ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত সাকিবের বাবা মাইনুল হক।
নিহত সাকিবের বাড়ি নগরীর রাণীনগর এলাকায়। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে নজিবুল বশর ভান্ডারী, পুলিশের এসপি ও ওসিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গোদাগাড়ী, পবা ও পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, ফারুক হোসেন ডাবলু ও জিএম হিরা বাচ্চু, রাসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব।
অন্য আসামিরা হলেন- রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল ওয়াহেদ খান টিটু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম, রাবি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু, পঞ্চপটি এলাকার জীবর, শাকিল, পাঁচআনি মাঠ এলাকার রোজেল, বুধপাড়ার রাব্বেল, আলাউদ্দিন আলাল, মাসুদ পারভেজ, লালন শেখ, মির্জাপুর পশ্চিমপাড়ার অনিক মাহমুদ বনি, মোজাপুর এলাকার দিনার, কাজলা এলাকার যুবলীগ নেতা খায়রুল বাশার সুগার, হরিয়ানের নলখোলা এলাকার জেবর আলী, ইয়াসিন আলী, পবার পারিলা এলাকার আব্দুল্লাহ আল মামুন স্বদেশ, খড়খড়ি বালানগরের জুয়েল, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর ছেলে হৃদয়, শেখের চকের ফরহাদ হোসেন, রাজ, গুজানগরের মোস্তফা, উপশহরের লস্কর বাবু, নওদাপাড়ার রনি, রাজা ও বোসপাড়ার শক্তি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে। আর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ছাত্র-জনতার মিছিলে হামলার ইন্ধনদাতা হিসেবে ৪২ নম্বর আসামি করা হয়েছে।’
আসামিদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা, আসামি ৪০ হাজার
৬৪৯ দিন আগে
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৩০৩ রোগী হাসপাতালে ভর্তি
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৩ জন।
শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন:ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৬
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ২৫২ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৯ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৭৮ রোগী হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২১৭
৬৪৯ দিন আগে
এক মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেল
শিক্ষার্থীদের আন্দোলনের সময় ক্ষয়ক্ষতির কারণে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রবিবার (২৫ আগস্ট) থেকে ঢাকায় আবার চালু হচ্ছে মেট্রোরেল।
এমআরটি লাইন-৬ প্রকল্পের জনসংযোগ বিভাগের উপপরিচালক তরফদার মাহমুদুর রহমানের সই করা অফিস আদেশে বলা হয়েছে, মেট্রোরেল আগের সময়সূচি অনুযায়ী চলবে। তবে 'অনিবার্য কারণে' মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে।
আরও পড়ুন: যানজটে বিপর্যস্ত রাজধানী: মেট্রোরেল বন্ধ থাকায় বেড়েছে দুর্ভোগ
শিক্ষার্থীদের আন্দোলনের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো বাদ দিয়ে ১৭ আগস্টের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দেয়।
তবে ৬ আগস্ট থেকে শুরু হওয়া মেট্রোরেল কর্মীদের ধর্মঘটের কারণে তা সম্ভব হয়নি। এরপর ২০ আগস্ট শ্রমিকরা তাদের কাজে ফিরে যান এবং মেট্রোরেল চালুর কাজ শুরু হয়।
একই দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক মেট্রোরেলের জাতীয় প্রেস ক্লাব স্টেশন পরিদর্শন করেন এবং ২৫ আগস্ট থেকে মেট্রো সার্ভিস চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
আরও পড়ুন: ২৫ আগস্ট থেকে চালু হতে পারে মেট্রোরেল
শনিবার থেকে মেট্রোরেলের চলাচল শুরু হচ্ছে না: ডিএমটিসিএল
৬৪৯ দিন আগে