বাংলাদেশ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের
বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই উদ্বেগ প্রকাশ করেন হাইকমিশনার।
এসময় তিনি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনার নিরাপত্তার বিষয় ছাড়াও দুই দেশের মধ্যে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি ভারতের দৃঢ় বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এসব উদ্বেগ নিরসনে ঢাকার কূটনৈতিক জোনে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
৬৫১ দিন আগে
নগদের দায়িত্ব নিলেন নবনিযুক্ত প্রশাসক
বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদার নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) দায়িত্ব নিয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) নবনিযুক্ত প্রশাসক তার দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে নগদের এমএফএস বিভিন্ন নিয়ন্ত্রক পদ্ধতি অনুসরণ না করার অভিযোগের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক নগদের তদারকির জন্য প্রশাসক নিয়োগ দেয়।
আজ প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার সময় উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেব, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ, পলাশ মন্ডল, আবু সাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক চয়ন বিশ্বাস। আর সহকারী কর্মকর্তার দায়িত্ব নেন আইয়ুব খান।
এসময় নগদ কর্মকর্তারা তাদের কোম্পানির কার্যক্রম সম্পর্কে প্রশাসককে জানান।
৬৫১ দিন আগে
শিল্পের নিরাপত্তা নিশ্চিতে চাঁদাবাজি রোধের আহ্বান এফবিসিসিআইয়ের
শিল্পের নিরাপত্তা নিশ্চিতে এবং চাঁদাবাজি রোধের আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকায় আর্মি হেডকোয়ার্টারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন, এ.কে আজাদ, মো. জসিম উদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস মিলিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসির এজাজ বিজয়।
আরও পড়ুন: চীনের সঙ্গে আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক চায় এফবিসিসিআই
দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিল্প কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করাসহ চাঁদাবাজি রোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা।
এরই মধ্যে শিল্পের নিরাপত্তা বিষয়ে শিল্প এলাকাসমূহে বিভিন্ন কার্যক্রম ও টহল পরিচালনা করায় বাংলাদেশ সেবাবাহিনীকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এসময় শিল্পের নিরাপত্তা জোরদার করা এবং
ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরাতে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।
দেশের সব নাগরিকের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন সেনাপ্রধান।
তিনি জানান, শিল্পপ্রতিষ্ঠান, সাপ্লাই চেইন, বন্দরের নিরাপত্তা প্রদানসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে।
কোনো শিল্পপ্রতিষ্ঠান যেকোনো ধরনের হুমকির শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।
আরও পড়ুন: নিত্যপণ্যের দাম নাগালে রাখতে সাপ্লাই-চেইন স্থিতিশীল রাখুন: এফবিসিসিআই
৬৫১ দিন আগে
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২১৭
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার (২১ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১১৫ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৯ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।
৬৫১ দিন আগে
প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে বন্যার কারণ জানতে চাইবে বাংলাদেশ।
রিজওয়ানা বলেন, ভবিষ্যতে এ ধরনের বন্যা এড়ানোর উপায় খুঁজতে সরকারি চ্যানেলে আলোচনা চলছে।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি: বাংলাদেশের সঙ্গে ভারতের 'অসহযোগিতা'র কথা বললেন উপদেষ্টা নাহিদ
৬৫১ দিন আগে
বন্যা পরিস্থিতি: বাংলাদেশের সঙ্গে ভারতের 'অসহযোগিতা'র কথা বললেন উপদেষ্টা নাহিদ
বন্যা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে ‘অসহযোগিতা’ করছে।
তিনি প্রতিবেশী দেশকে উভয় দেশের জনগণকে রক্ষায় 'জনবিরোধী নীতি' থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই এবং আমাদের প্রস্তুতির কোনো সুযোগ না দিয়েই বাঁধটি খুলে দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার(২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন, সেখানে বাংলাদেশ বন্যার কারণ জানতে চাইবে।
রিজওয়ানা বলেন, ভবিষ্যতে এ ধরনের বন্যা এড়ানোর উপায় খুঁজতে অফিসিয়াল চ্যানেলে আলোচনা চলছে।
নাহিদ বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে 'অমানবিক আচরণ' করছে এবং অসহযোগিতার পরিচয় দিয়েছে।
অন্যদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বন্যার কারণ ব্যাখ্যা করে দাবি করেছে, বাংলাদেশে যা বলা হচ্ছে তা তথ্যগতভাবে সঠিক নয়।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা বাংলাদেশের উদ্বেগ প্রকাশের খবর পেয়েছি। এটি তথ্যগতভাবে সঠিক নয়।’
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী নদ-নদীতে বন্যা একটি অভিন্ন সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল পর্যন্ত বাংলাদেশের ৮ জেলায় বন্যায় ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফেনী ও কুমিল্লায় দুইজনের মৃত্যু হয়েছে।
নাহিদ বলেন, ভারতের নীতির কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ এবং পানির ন্যায্য হিস্যা দাবি করছে।
নাহিদ বলেন, বন্যা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার জন্য সরকার তিন বাহিনীর প্রধান- সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গেও আলোচনা করছে।
তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, 'আমাদের একসঙ্গে কাজ করতে হবে।'
এদিকে ভারত উল্লেখ করেছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা এলাকায় গত কয়েকদিনে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ঘটেছে।’
ভারত জানায়, যেহেতু দুটি দেশের ৫৪টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীর পানি-বিষয়ক সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, 'আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ ও নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগসমূহের সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’
ডুম্বুর বাঁধ সীমান্ত থেকে বেশ দূরে। বাংলাদেশ থেকে ১২০ কিলোমিটার উজানে অবস্থিত। এটি কম উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে। ত্রিপুরার এই গ্রিড থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ।
আরও পড়ুন: মন্ত্রণালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না: নাহিদ ইসলাম
প্রায় ১২০ কিলোমিটার নদীপ্রবাহ বরাবর অমরপুর, সোনামুড়া ও সোনামুড়া-২ এ তিনটি পানির স্তর পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে।
গত ২১ আগস্ট থেকে ভারতের ত্রিপুরা ও পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভারী প্রবাহের কারণে স্বয়ংক্রিয় প্রবাহ লক্ষ্য করা গিয়েছে।’
এতে বলা হয়, ‘অমরপুর স্টেশন একটি দ্বিপক্ষীয় প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে তাৎক্ষণিক বন্যার তথ্য পাঠাচ্ছি।’
২০২৪ সালের ২১ আগস্ট বিকাল ১টা পর্যন্ত বাংলাদেশে ক্রমবর্ধমান প্রবণতার তথ্য সরবরাহ করা হয়েছে। ৬টার দিকে বন্যার কারণে, বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল যার ফলে যোগাযোগের সমস্যা দেখা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘তবুও আমরা জরুরি ভিত্তিতে তথ্য সরবরাহের জন্য অন্যান্য উপায়ে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছি।’
উপদেষ্টা নাহিদ ক্ষতিগ্রস্তদের সহায়তায় মানবিক কারণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।
অন্তর্বর্তীকালীন সরকার দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ‘পর্যাপ্ত প্রস্তুতি’ নিয়েছে। কারণ বেশ কয়েকটি জেলা এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সাংবাদিকদের বলেন, 'আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’
তিনি বলেন, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনী খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই মধ্যে কিছু সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
প্রেস সচিব বলেন, পর্যাপ্ত ওষুধ ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে আলম বলেন, ২৬ আগস্ট পর্যন্তভারী বৃষ্টিপাতসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে বন্যার দ্রুত উন্নতির কোনো লক্ষণ নেই।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের আট জেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
জেলাগুলো হলো- সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি।
আরও পড়ুন: আন্দোলনের সময় যারা ছাত্র-মানুষ হত্যা করেছে তাদের শাস্তি হবে: উপদেষ্টা নাহিদ
৬৫১ দিন আগে
বন্যাকবলিত এলাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লা অন্যান্য অঞ্চলের জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার ডাক, টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
বন্যা প্লাবিত ফেনী, কুমিল্লা ও অন্যান্য অঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিশ্চিতকরণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ এবং এর আওতাধীন দপ্তর বা সংস্থাসমূহে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। কন্ট্রোলরুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এছাড়াও বিটিআরসি, বিটিসিএল ও টেলিটক থেকে ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার রিপোর্ট অনুযায়ী বন্যাপ্লাবিত ১১টি জেলায় মোট ৬৯৮৬টি সাইটের (টাওয়ার) মধ্যে ৫৪৭৬টি সাইট সচল আছে। অচল টাওয়ারের হার ২১.৬ শতাংশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী এবং খাগড়াছড়ির টাওয়ার; যার শতকরা হার যথাক্রমে ৪২.৪ শতাংশ এবং ৪১.৫ শতাংশ। অচল টাওয়ারসমূহ দ্রুত সচল করার ব্যবস্থা অব্যাহত আছে।
বন্যাকবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০টি V-SAT প্রস্তুত রাখা হয়েছে। তারমধ্যে ৫টি V-SAT ফেনীর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
মোবাইল টাওয়ার সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মোবাইল অপারেটর এবং টাওয়ার শেয়ারিং কোম্পানিদের বিটিআরসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অপারেটরদের সঙ্গে বিটিআরসি থেকে ভার্চুয়ালি সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
টেলিকম অপারেটরদের সাইটসমূহ সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিটিআরসি সমন্বয় সাধন করছে।
টেলিকম অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অটুট রেখে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ (ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ইত্যাদি) এর ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের চারটি মোবাইল অপারেটরের সহায়তায় বন্যাকবলিত এলাকার মোবাইল ব্যবহারকারীদের জন্য ৫০০ মেগাবাইট ডাটা ফ্রি করা হয়েছে।
৬৫১ দিন আগে
২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৭৭ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৬৩ জনে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ২ জনের করোনা শনাক্ত
৬৫১ দিন আগে
বন্যায় ২৯ লাখ লোক ক্ষতিগ্রস্ত, মারা গেছেন ২ জন: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
চলমান বন্যায় দেশের আট জেলায় ২৯ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় মারা গেছে দুইজন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।
তিনি বলেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যা আক্রান্ত হয়েছে। আট জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ১ হাজার ৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৭৫ হাজার ৬৬৮ জন লোক এবং ৭ হাজার ৪৫৯টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি অবনতি: চট্টগ্রাম থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়ছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, খোয়াই, ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য তুলে ধরে আলী রেজা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে।
অতিরিক্ত সচিব বলেন, ৫০ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৩৫৭টি। আট জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন।
এছাড়া ফেনীতে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন। আট জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্যা আক্রান্ত জেলাগুলোতে জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২-৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে।
ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ও ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবিসহ আরও নৌযান আনা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব।
ত্রাণ কার্যক্রমের বিষয়ে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আবেদীন বলেন, বন্যা দুর্গত আট জেলায় মোট ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৫০ টন। এছাড়া শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১১ হাজার পিস।
আরও পড়ুন: বাংলাদেশে বন্যার জন্য ত্রিপুরার ডুম্বুর বাঁধ দায়ী নয়: নয়াদিল্লি
৬৫১ দিন আগে
সালমান, আকবর সোবহানসহ ৫ ব্যবসায়ীর হিসাব তলব করেছে এনবিআর
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জাতীয় সঞ্চয় কর্তৃপক্ষের কাছে পাঁচ ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তারা হলেন- সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিজ খান, ওরিয়ন গ্রুপের প্রধান মোহাম্মদ ওবায়দুল করিম, বেক্সিমকো গ্রুপের কো-ফাউন্ডার ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারপারসন নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: রাজস্ব বাড়াতে করজাল সম্প্রসারণের কথা ভাবছেন এনবিআরের নতুন চেয়ারম্যান
এনবিআর সূত্র জানায়, এসব ব্যবসায়ী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতে তাদের নজরদারিতে রাখা হয়েছে।
আয়কর আইন ২০২৩-এর ২০০ ধারা অনুযায়ী, কোনো করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বিপরীতে কোনো কর ফাঁকির বিষয়ে সন্দেহ হলে তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার ক্ষমতা এনবিআরের রয়েছে।
ব্যাংক ও এনবিএফআইগুলো আইন অনুসারে করদাতাদের অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করতে বাধ্য। ব্যাংক হিসাব লেনদেনের প্রয়োজনীয় তথ্য সরবরাহে ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতার ক্ষেত্রে কর আইনে দণ্ডের বিধান রয়েছে।
সম্প্রতি ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম ও ব্যবসায়ী এস আলমের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়।
আরও পড়ুন: শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর
৬৫১ দিন আগে