বাংলাদেশ
ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিদেশযাত্রায় ৬০ দিনের নিষেধাজ্ঞা
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিদেশযাত্রায় ৬০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের মুখপাত্র আখতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর কমিশনের পক্ষে আবেদনটি উপস্থাপন করেন। আবেদনে বলা হয়, তাকসিম দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন এবং তার দেশত্যাগ ঠেকাতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুরোধ করা হয়।
দুদক আদালতকে জানায়, তাকসিম ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকাকালে বিভিন্ন প্রকল্পের আড়ালে অর্থ আত্মসাৎ এবং অবৈধ নিয়োগ চর্চায় জড়িত বলে অভিযোগে রয়েছে এবং সেসব অভিযোগের তদন্ত চলছে।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন তাকসিম। অনলাইনে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
তাকসিম এ খান ২০০৯ সালে প্রথম ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো আরও তিন বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়।
৬৫১ দিন আগে
বাংলাদেশে বন্যার জন্য ত্রিপুরার ডুম্বুর বাঁধ দায়ী নয়: নয়াদিল্লি
বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তবে বন্যার কারণ হিসেবে বাংলাদেশে যা বলা হচ্ছে তা তথ্যগতভাবে সঠিক নয় বলে দাবি দেশটির।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা দেখছি ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এটি তথ্যগতভাবে সঠিক নয়।’
তারা আরও জানায়, ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী অভিন্ন নদীগুলোতে হওয়া বন্যা দুই দেশের অভিন্ন সমস্যা যা জনগণের দুর্ভোগের কারণ এবং এর সমাধানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর নিকটবর্তী এলাকায় গত কয়েকদিন ধরে বছরের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বড় জলাভূমির পানির কারণে হয়েছে।
যেহেতু দুটি দেশের মধ্যে ৫৪টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীর পানি সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'আমরা দ্বিপক্ষীয় পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানিসম্পদ ও নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ডুম্বুর বাঁধ বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বেশ দূরে- বাংলাদেশ থেকে ১২০ কিলোমিটার উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ যা এক গ্রিডে সরবরাহের বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশও ত্রিপুরা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে থাকে।
প্রায় ১২০ কিলোমিটার নদীর গতিপথ বরাবর অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া ২ এ ভারতের তিনটি জলস্তর পর্যবেক্ষণ ক্ষেত্র রয়েছে।
গত ২১ আগস্ট থেকে পুরো ত্রিপুরা ও বাংলাদেশের আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পানির পরিমাণ বেড়ে যায় স্বয়ংক্রিয়ভাবে পানি চলে গিয়েছে।
অমরপুর স্টেশনটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অংশ যেখানে বাংলাদেশের বন্যা সঠিক পরিস্থিতি জানানো হচ্ছে। ২১ আগস্ট বন্যা পরিস্থিতি সৃষ্টির পর থেকেই তথ্য দেওয়া হচ্ছে মাঝে কিছু সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে তথ্য দেওয়া ব্যাহত হয়েছিল।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্যুৎ বিভ্রাটের সময়ও জরুরি ভিত্তিতে তথ্য পাঠাতে অন্যান্য উপায়ে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছি আমরা।’
এদিকে বৃহস্পতিবার বিকালে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাতের কথা রয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
৬৫১ দিন আগে
নাটোরে নিখোঁজের পরদিন কৃষকের লাশ উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় নিখোঁজ হওয়ার পরদিন মাহবুবুর রহমান (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বৃকপাড়া গ্রামে একটি পুকুরপাড়ে তার লাশ পাওয়া যায়।
নলডাঙ্গা থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান, উপজেলার বাসুদেবপুর গ্রামের কৃষক মাহবুব বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে পাশের গ্রাম বৃকপাড়ার একটি পুকুরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
৬৫১ দিন আগে
বন্যায় ৬ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লাখ মানুষ
দেশের বন্যাকবলিত ৬ জেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয় ছয়টি জেলার ৪৩টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৪২ জন মানুষ। এছাড়া ফেনীর ফুলগাজীতে এক জনের মৃত্যু হয়েছে।
চলমান বন্যায় দেশের ক্ষতিগ্রস্ত ছয়টি জেলায় দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে নগদ গত ১ কোটি ৪২ লাখ টাকা বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত ২০ আগস্ট থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।
এছাড়া আট হাজার ৫৫০ টন চাল এবং আট হাজার শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামে- নগদ অর্থ হিসেবে ১৫ লাখ টাকা, ১ হাজার ৬০০ টন চাল, কুমিল্লায়- ২৫ লাখ টাকা ও এক হাজার ৬০০ টন চাল, ফেনীতে- ৪২ লাখ টাকা, ১ হাজার ৪০০ টন চাল ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার, নোয়াখালীতে- ২৫ লাখ টাকা, ১ হাজার ৬০০ টন চাল, সিলেটে- ২৫ লাখ টাকা, ২ হাজার ১০০ টন চাল ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার, মৌলভীবাজারে ১০ লাখ টাকা, ১ হাজার ৮৫০ টন চাল ও ১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
পানিবন্দি মানুষের জন্য মোট ১ হাজার ৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার ৮৮২ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় ৩০৯টি মেডিকেল টিম কাজ করছে।
দুর্গতদের সহায়তার জন্য মন্ত্রণালয় সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। ০২৫৫১০১১১৫ নম্বরে যোগাযোগ করে যে কেউ সহায়তা চাইতে পারবেন।
ফেনীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনী কাজ করছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযানে বিজিবির নৌযান আনা হচ্ছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি।
৬৫২ দিন আগে
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ির নিম্নাঞ্চল
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিচু এলাকাগুলো।
গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, ফুটবিল এলাকার নিচু এলাকায় পানি উঠেছে।
ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে মানুষ।
বন্যাকবলিত এলাকাগুলোর প্রায় তিন শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা এবং রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ।
এই নিয়ে গত দুই মাসে ৪ বার বন্যা কবলিত হলো এই পার্বত্য জেলা।
৬৫২ দিন আগে
কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপরে, ঝুঁকিতে বাঁধ
কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদীর চরে থাকা ঘরবাড়ি।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিপৎসীমা থেকে ৫৮ সেন্টিমিটার পানি বেড়েছে।
এদিকে গোমতী নদীর তীরের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টির কারণে বেড়েই চলেছে নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতী নদীর আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর উপজেলার অন্তত ২৫টি স্পটে ঝুঁকি রয়েছে।
অন্যদিকে জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ও বিভিন্ন প্রজেক্টে পানি ঢুকেছে। ভেসে গেছে মাছের ঘের।
এদিকে প্রবল বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর চকবাজার, কান্দিরপাড়, সালাউদ্দিন মোড়, চর্থা, ঠাকুরপাড়া, ডিসি রোড, বাগিচাগাঁওসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
৬৫২ দিন আগে
বন্যাকবলিত জেলাগুলোতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত জেলাগুলোতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের উজানে ভারী বৃষ্টির কারণে সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, গোমতী, মুহুরী এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও হালদা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’
এছাড়া বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
যেকোনো জরুরি অবস্থার ক্ষেত্রে যোগাযোগ করতে হবে যেসব নাম্বারে- ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮।
যোগাযোগ করতে পারেন এই ইমেইল ঠিকানাগুলোতেও- [email protected] ও [email protected]।
এছাড়াও বন্যা সংক্রান্ত তথ্য দিতে নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানকে (যোগাযোগের নম্বর: ০১৫৫২৩৫৩৪৩৩) ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৬৫২ দিন আগে
শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-সংসদ সদস্যদের কূটনৈতিক 'লাল' পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত
বর্তমান সংসদ ভেঙে যাওয়ার পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য কর্মকর্তাদের কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও অভিবাসন বিভাগ) আলী রেজা সিদ্দিকী বলেন, 'সক্রিয় কোনো পার্লামেন্ট না থাকায় এবং বর্তমানে কেউ মন্ত্রী বা এমপি না থাকায় তাদের পাসপোর্ট বাতিল করা হবে।’
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এরইমধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে (ডিআইপি) মৌখিক নির্দেশনা জারি করা হয়েছে।
এছাড়াও সচিব পদমর্যাদার সমতুল্য পদে যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেরই চুক্তি বাতিল করা হয়েছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে সরকার।
আলী রেজা সিদ্দিকী বলেন, এসব পাসপোর্ট যাতে আর সচল না থাকে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ স্বেচ্ছায় পাসপোর্ট জমা না দিলে তা নিষ্ক্রিয় করে দেওয়া হবে।’
তবে বর্তমান লাল পাসপোর্টধারীদের সঠিক সংখ্যা জানাতে পারেননি সিদ্দিকী।
গত ৫ আগস্ট ছাত্র ও গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৬৫২ দিন আগে
ফেনীতে বন্যা: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৩ লাখ মানুষ
ভারী বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনীর সাড়ে তিন লাখ মানুষ।
জেলার সদর উপজেলা,পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া বন্যার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করায় ডুবছে একের এক জনপদ। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় বন্যার আশঙ্কা, ফেনী-চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: এফএফডব্লিউসি
জানা গেছে, বন্যার পানিতে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত সোমবার (১৯ আগস্ট) রাত থেকেই জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকায় পুরোপুরি সংযোগ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ভারী বৃষ্টিতে ফেনী শহরে জলাবদ্ধতার কারণে দুপুর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
পরশুরামের স্থানীয় সাংবাদিক মহি উদ্দিন বলেন, বন্যার পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে। পানির তীব্র স্রোতের কারণে ঠিকভাবে উদ্ধার কাজও করতে পারছেন না। তারমধ্যে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও দুর্ভোগে পড়তে হচ্ছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
এ ব্যাপারে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, জেলায় চার লাখ গ্রাহকের মধ্যে তিন লাখের বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত ৮টা পর্যন্ত জেলার সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল।
ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামীম ফরহাদ বলেন, আমাদের প্রায় ৭০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ভবন গুলোর নিচ তলায় পানি ঢুকে মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই পানি নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বন্যার পানি কমার আগে সংযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তবে কত মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন এই হিসাব তিনি দিতে পারেননি।
আরও পড়ুন: বন্যার কবলে ৮ জেলা, বিস্তৃত হতে পারে আরও
৬৫২ দিন আগে
এমপক্স প্রতিরোধে দেশের প্রবেশ পথ-বিমানবন্দরে নতুন নির্দেশনা
এমপক্স (মাঙ্কিপক্স) সংক্রমণের ঝুঁকি কমাতে দেশের বিমানবন্দর এবং অন্যান্য প্রবেশ পথগুলোতে নতুন নির্দেশিকা এবং ব্যবস্থা চালু করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের উপপরিচালক দাউদ আদনান জানান, গতকাল এক বৈঠক শেষে তিনটি প্রধান বিমানবন্দর ও প্রবেশ পথে হেলথ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, 'স্ক্রিনিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে আমরা এসব ক্যাম্প স্থাপন করেছি।’
তিনি আরও বলেন, ২২ আগস্ট নির্ধারিত পরবর্তী সভায় জনসাধারণের প্রতি পরামর্শসহ আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুন: এমপক্স প্রতিরোধে কোনো ব্যবস্থা নেই হিলি স্থলবন্দরে
আদনান বলেন, 'বিমানবন্দরে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্বাস্থ্য বিভাগ নির্ধারণ করেছে। তবে এসব ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’
বিমানবন্দরের ব্যবস্থা ছাড়াও, স্বাস্থ্য বিভাগ জনগণকে এমপক্সের লক্ষণগুলো সম্পর্কে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: এমপক্সের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা
৬৫২ দিন আগে