বাংলাদেশ
সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে জনসহযোগিতা চায় বিজিবি
অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে জনসাধারণের সহযোগিতার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার এক বার্তায় সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালানো রোধে সব নাগরিকের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সন্দেহজনক কোনো কর্মকাণ্ড বা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখলে বিজিবিকে জানাতে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ ও +৮৮০১৭৬৯-৬২০৯৫৪- এই দুটি নাম্বার দেওয়া হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর সীমান্ত পার হওয়া উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।
৬৬৬ দিন আগে
আশুলিয়ার ঘটনায় গুজবে বিভ্রান্ত না হতে আইএসপিআরের আহ্বান
সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের মধ্যে ভুল বুঝাবুঝি প্রসঙ্গে বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, জনগণের জান-মাল রক্ষার্থে গত সোমবার (৫ আগস্ট) সাভার সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানা এলাকায় যায়। থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় পুলিশের গুলিতে টহল দলের উপঅধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন। এছাড়াও রাবার বুলেটে আহত হন কয়েকজন সেনাসদস্য।
আহতদের নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশে রওয়ানা হলে থানা ও আশেপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলি চালাতে থাকে। এসময় দ্রুততার সঙ্গে তাদের চিহ্নিত করে নিরস্ত্র করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশ সদস্যরা সেনানিবাসে আশ্রয় নিয়েছে এমন তথ্য পেয়ে বিক্ষুব্ধ জনতা সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয়। পুলিশ সদস্যদের তাদের কাছে হস্তান্তরের দাবি জানায়। এসময় পুলিশ সদস্যদের নিরস্ত্র করে, পরিচয় নিশ্চিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেওয়া হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করতে অনুরোধ করা হলো।
৬৬৬ দিন আগে
পুলিশে ব্যাপক রদবদল, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে
পুলিশে এসেছে বড় ধরনের রদবদল। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে বদলির পর পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে হাবিবুর রহমানকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরের দায়িত্ব থেকে বদলি হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে র্যাবের ডিজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে সরকার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে কমান্ড্যান্ট (ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল) মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়।
৬৬৭ দিন আগে
খুলেছে খুবি ও কুয়েটের হলগুলো
খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়াও শুরু হয়েছে সব ধরনের অফিসিয়াল কার্যক্রম।
বুধবার (৭ আগস্ট) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব অফিস সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা এবং হলগুলো সকাল ৯টায় আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হলগুলো খুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে বলে সভায় জানানো হয়।
৬৬৭ দিন আগে
পাবনায় বাসের ধাক্কায় তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত সালভি ইসলাম (২৩) ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। নতুন বাজার কবরস্থানের কাছে আসলে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহন নামের বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই শিশুসহ ৩ যাত্রীর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি।
৬৬৭ দিন আগে
বাংলাদেশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন কমান্ড্যান্ট (ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল) মো. ময়নুল ইসলাম।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে সরকারের সঙ্গে চুক্তির ৭ ধারা অনুযায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন নতুন আইজিপি।
আরও পড়ুন: নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান
৬৬৭ দিন আগে
ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব।
বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবে সম্মতি দেন।
আরও পড়ুন: ‘রাজনৈতিক শূন্যতা’ পূরণে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান ড. দেবপ্রিয়র
এসময় রাষ্ট্রপতি বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মনোনয়ন চূড়ান্ত করার পরামর্শ দেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন রাষ্ট্রপতি।
এছাড়াও এ সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক ছিলেন।
আরও পড়ুন: ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের
৬৬৭ দিন আগে
সংখ্যালঘুদের সুরক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপর আহ্বান টিআইবির
ক্ষমতা পরিবর্তনের এমন ক্রান্তিলগ্নে জেলায় জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় উপসনালয়, মন্দির ও ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা এবং নির্বিচারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভূতপূর্ব প্রাণহানি, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বৈষম্যহীন, ন্যায়বিচার ও সুশাসিত রাষ্ট্র বিনির্মাণের যে শুভক্ষণ আমাদের সামনে উপস্থিত হয়েছে, এ জাতীয় স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ডই তা নস্যাৎ, ভূলুণ্ঠিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে।’
‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানাচ্ছে টিআইবি।’
আরও পড়ুন: সহিংসতায় নিহতদের পরিবারের ১১ দফা দাবি
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সাম্য, সম্প্রীতি ও সকলের সমান অধিকারের দাবিতে পরিচালিত আন্দোলনে শত শত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত অভূতপূর্ব বিজয়ের মাহেন্দ্রক্ষণে এসে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট ও লুটপাট থেকে বিরত থাকার আহ্বান জানাতে হচ্ছে, যা খুবই বেদনা ও হতাশার। চলমান বৈষম্যবিরোধী আন্দোলন জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সাধারণ জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের ফলেই সফল হয়েছে।’
‘এই আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তাদের পরিবারকে আমরা কী জবাব দেব? সংখ্যালঘুদের ওপর এরূপ আক্রমণ বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। কার স্বার্থরক্ষায়, কোন বিবেচনায় এ জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে? ছাত্র-জনতার ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে অর্জিত রাষ্ট্র বিনির্মাণের এই অভাবনীয় সুযোগ যেন কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তি ও সংকীর্ণ স্বার্থের চোরাবালিতে আটকে না যায়, সে ব্যাপারে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানাই।’
সংসদ ভবন, আদালত প্রাঙ্গণ ও প্রধান বিচারপতির বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্থাপনা, থানা, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, ‘যেকোনো রাষ্ট্রীয় সম্পদ এদেশের জনগণের, সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদের করের টাকায় এসব প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। আজ যারা প্রতিশোধপরায়ণ হয়ে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, তাদের ভাবতে হবে- যে সরকারই আসুক না কেন, দেশ পরিচালনা করতে হলে এসব স্থাপনাগুলো অবশ্যই পুনর্নির্মাণ করতে হবে। আর তাই যেকোনো ধরনের রাষ্ট্রীয় স্থাপনা ও প্রতিষ্ঠানে অংগ্নিসংযোগ করার অর্থই হবে- আমরা আমাদের সম্পত্তি ধ্বংস করছি। এ জাতীয় আত্মঘাতী কর্মকাণ্ড প্রতিরোধে যারা দায়িত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, তাদের পাশাপাশি জনগণকেই সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভূতপূর্ব বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেনাপ্রধানসহ দায়িত্বশীলগণ শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ সবার নিরাপত্তা নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তার কার্যকর প্রতিফলন দেখতে চাই।’
আরও পড়ুন: নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান
যেকোনো মূল্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মন্দির, উপসনালয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান ড. জামান।
তিনি আরও বলেন, ‘ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পতিত হওয়ার ঘটনা যেন না ঘটে। শ্বাসরুদ্ধকর বাকস্বাধীনতাহীন, অসিহষ্ণু, বৈষম্যপূর্ণ ও অগণতান্ত্রিক একটি রাষ্ট্রকাঠামো থেকে আমরা কোনোভাবেই যাতে একটি বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতির মুখোমুখি না হই, সে ব্যাপারে আমাদের সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালনের জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে সমগ্র দেশবাসীকে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে ন্যায় ও সাম্যের ভিত্তিতে ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের জন্য একটি সুশাসিত ও সমঅধিকারভিত্তিক প্রিয় স্বদেশ বির্নিমাণে নিজ নিজ দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানাই।’
৬৬৭ দিন আগে
সহিংসতায় নিহতদের পরিবারের ১১ দফা দাবি
সরকারি চাকরি দিয়ে পুনর্বাসনসহ ১১ দফা দাবি জানিয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবার।
প্রস্তাবিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবার বিষয়ক কমিটি’র আহ্বায়ক হারুনুর রশিদের সই করা এক বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থী, শিশু, যুবক, বৃদ্ধ, পুরুষ ও নারীর পরিবারের সঠিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির দাবিগুলোর মধ্যে রয়েছে- ফুড কার্ড কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব শিক্ষার্থীকে মাসিক দুই থেকে তিন হাজার টাকা করে অনুদান প্রদান, চাকরিপ্রার্থীদের তিন হাজার টাকা বেকার ভাতা প্রদান, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে আহতদের চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন করা।
আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি সরকারি বৃত্তি প্রদান, শেখ হাসিনা পরিবারের বিভিন্ন ব্যক্তির নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং পিলখানায় শহীদ সেনা কর্মকর্তার নামে এবং বিভিন্ন আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নামে নামকরণ।
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জরুরি ভিত্তিতে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে নিরপেক্ষ সাবেক সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তি এবং বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটকে সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
বিগত দিনে আন্দোলনে ব্যবহৃত সব অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত উদ্যোগ নেওয়া, বিগত সরকারের আমলে জুলুম-নির্যাতনের কারণে পদোন্নতি/বাধ্যতামূলক অবসরের কারণে সুবিধাবঞ্চিত সব শ্রেণীর সৎ ও দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পুনঃনিয়োগের বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- বড় বড় ঋণখেলাপি ও বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত আদায় এবং সামরিক আদালতে ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচার এবং কোটাবিরোধী আন্দোলনের সক্রিয়, আহত ও নিহতদের পরিবারের মধ্য থেকে কমপক্ষে একজনকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করা।
কমিটি এই আন্দোলনে নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। পাশাপাশি সেনাপ্রধানসহ সশস্ত্র বাহিনীর সব স্তরের সেনা কর্মকর্তা ও সৈনিকদের অভিনন্দন জানিয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার আশ্রয় নিয়ে জল্পনা, নিয়ম স্পষ্ট করল যুক্তরাজ্য
৬৬৭ দিন আগে
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান
কর্মবিরতির গুজবের মধ্যেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে ধীরে ধীরে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) এ কে এম শহীদুর রহমান।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাজারবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
কর্মবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন গুজব উপেক্ষা করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এআইজি।
জননিরাপত্তায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'পুলিশ জনগণের বন্ধু, জনগণের জন্য কাজ করে। পুলিশ ছাড়া সমাজ কল্পনা করা যায় না। তাই আমি আমাদের পুলিশ সদস্যদের আবারও অনুরোধ করছি, তারা যেন এই গুজব উপেক্ষা করে পর্যায়ক্রমে তাদের কাজে ফিরে যান। যাতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে থাকে তা নিশ্চিত করুন।’
আরও পড়ুন: বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ
পুলিশ বাহিনীর বর্তমান সংকটময় পর্যায়ের কথা উল্লেখ করে এআইজি সারা বাংলাদেশে তার সহকর্মী কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা ক্রমান্বয়ে জোরদার করার আহ্বান জানান। তিনি ইউনিট কর্মকর্তাদের তাদের এলাকায় নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেন এবং উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করার সময় কর্মকর্তাদের ধীরে ধীরে তাদের ভূমিকা পুনরায় শুরু করতে উৎসাহিত করেন।
পাশাপাশি নিহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধারের বিষয়ে আপডেট দিয়েছেন এআইজি। তিনি জানান, বিভিন্ন থানায় পাওয়া লাশ সংগ্রহ করে রাজারবাগে আনা হয়েছে। অন্যান্য স্টেশন থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে, তাদের দ্রুত দাফন এবং তাদের নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল
৬৬৭ দিন আগে