বাংলাদেশ
জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। পাশাপাশি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তিও পেয়েছেন।
৬৬৭ দিন আগে
বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিমানবন্দরের স্টাফ ও কর্মীরা তাকে আটক করেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দর গিয়েছিলেন।
বিস্তারিত আসছে...
৬৬৭ দিন আগে
শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: অতিরিক্ত ডিআইজি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সোহেল রানা বলেছেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি একথা বলেন।
সোহেল রানা বলেন, ‘শিক্ষার্থী ও জনগণের বিজয়ের পর আমি নিশ্চিত যে, নতুন সরকার দোষীদের গ্রেপ্তার করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে নেতৃত্বে, পুলিশ বাহিনীতে নয়। দোষীরা শাস্তি পাবে। দয়া করে নিরীহ পুলিশকর্মীদের ওপর হামলা করবেন না।’
আরও পড়ুন: ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ এখন আপাতদৃষ্টিতে নেতৃত্বহীন। আসামিরা আত্মগোপনে চলে গেছে। জুনিয়র অফিসার ও সদস্যরা দিশাহীন। তারা দোষী নয়। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করছি। প্রশাসনিক ব্যবস্থা ও পুলিশের নেতৃত্ব শিগগিরই সক্রিয় হবে বলে আমার বিশ্বাস।’
পুলিশ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা থেকে বিরত থাকার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান পুলিশের এই অতিরিক্ত উপমহাপরিদর্শক।
আরও পড়ুন: হামলার গুজবে সচিবালয় ছাড়লেন কর্মকর্তা-কর্মচারীরা
৬৬৭ দিন আগে
নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে কি না, জানা যাবে বুধবার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মাঝে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটিও হবে কি না, আগামীকাল (বুধবার) জানা যাবে।
মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে কি না বুধবার জানা যাবে। (সহিংসতায়) অনেক পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন।’
‘এছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে। ব্যস্ততার কারণে আমরা এ নিয়ে এখনও বসতে পারিনি। বুধবার নোটিশ দিয়ে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, চলতি গত ৩০ জুন থেকে শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা বোর্ডের অধীনে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা শুরু হলে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই প্রথম এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতির আরও অবনতি হলে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়। সবশেষ তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত থাকা সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
৬৬৭ দিন আগে
হামলার গুজবে সচিবালয় ছাড়লেন কর্মকর্তা-কর্মচারীরা
হামলা ও অগ্নিসংযোগের গুজবে আতঙ্কিত হয়ে সচিবালয় ত্যাগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব মন্ত্রণালয়কে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে।
তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ অবস্থায় সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে পুলিশ অপারগতা জানায় পুলিশ।
এসময় নিজেদের নিরাপত্তা রক্ষার্থে সচিবালয় ছেড়ে যান কর্মকর্তা-কর্মচারীরা।
৬৬৭ দিন আগে
শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশকে ‘মুক্ত’ ঘোষণা করলেন ড. ইউনূস
কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশকে একটি 'মুক্ত দেশ' হিসেবে ঘোষণা করেছেন নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যতদিন ছিলেন, ততদিন একটা দখল হওয়া দেশের নাগরিক ছিলাম আমরা। তিনি একটি দখলদার বাহিনীর মতো, একজন স্বৈরশাসকের মতো, একজন জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে।’
আওয়ামী লীগ সরকারের ১৯০টিরও বেশি অভিযোগের মুখোমুখি হওয়া ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘লিগ্যাসি’ ধ্বংসের অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের সহিংসতা ও ভাঙচুর শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তিনি যে ক্ষতি করেছেন তার বহিঃপ্রকাশ।’
একই শিক্ষার্থী ও তরুণরাই ভবিষ্যতে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস।
জাতীয় নির্বাচনে ধারাবাহিক কারচুপির কারণে শেখ হাসিনার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ রাজনৈতিকভাবে প্রকাশ করা যায়নি উল্লেখ করে তিনি দ্য প্রিন্টকে বলেন, এই ক্ষোভ কোটা পরিবর্তনের সাধারণ দাবি হিসেবে সামনে আসে। সরকার তাদের কথা শোনার পরিবর্তে আক্রমণ করেছিল যে কারণে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের
বর্তমানে জামিনে থাকা ইউনূস বাংলাদেশে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন হলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন বলে আশা করছেন। বাংলাদেশিদের অতীতের ভুল থেকে সতর্ক থাকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলার পরামর্শ দেন তিনি। ড. ইউনূস বলেন, ‘যতক্ষণ আমরা এটা আঁকড়ে থাকব, ততক্ষণ একটি শক্তিশালী দেশ থাকবে। আমরা একটি সুন্দর দেশ হতে পারি।’
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গভীর রাতে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, ড. ইউনূস একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। মঙ্গলবার সকালে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
৬৬৮ দিন আগে
বাংলাদেশে 'শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক' উত্তরণ চায় জাতিসংঘ
বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সব কর্তৃপক্ষ- রাজনৈতিক, সামরিক এবং অন্য যে কেউ- যারা বর্তমান উত্তরণে ভূমিকা রাখছে, তারা যেন একসঙ্গে কাজ করে সে বিষয়টি নিশ্চিত করতে চায় জাতিসংঘ।
সোমবার (৫ আগস্ট) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।
তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলের এবং বাংলাদেশের আমাদের দল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। দেখি আমরা এটি নিয়ে কদ্দুর যেতে পারি। তবে এই মুহূর্তে পরিস্থিতি খুব দ্রুত এগোচ্ছে। অস্থিরতা কমলে কী হয় তা আমাদের দেখতে হবে।’
তারা দেশের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শান্ত ও সংযত থাকার আহ্বান অব্যাহত রেখেছেন বলে জানান ফারহান হক।
আরও পড়ুন: তীব্র ক্ষুধায় বিপর্যস্ত সুদানের অর্ধেকের বেশি মানুষ: জাতিসংঘ
সব পক্ষকে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান জাতিসংঘের উপমুখপাত্র। তিনি আরও বলেন, ‘ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের সড়কে যারা অবস্থান করছে তাদের রক্ষার জন্য আমরা নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
জাতিসংঘ 'শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক' ক্ষমতা হস্তান্তরের গুরুত্বের ওপর জোর দিয়েছে উল্লেখ করে ফারহান হক বলেন, ‘আমরা এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং তাদের গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি।’
এখন পর্যন্ত যা ঘটেছে সে সম্পর্কিত সব ধরনের সহিংসতার পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন: কোটা সহিংসতার প্রতিটি ঘটনা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
৬৬৮ দিন আগে
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান নাহিদ।
মঙ্গলবার সকালে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ড. ইউনূসকে নেতৃত্বে রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা।
নাহিদ জোর গলায় বলেন, 'আমরা আজ সকালের মধ্যে এই প্রক্রিয়ার শুরু দেখতে চাই।’
নাহিদ জানান, ড. ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের কথা হয়েছে। তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে সম্মত হয়েছেন।
ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মধ্যে সোমবার শেখ হাসিনার পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়।
৬৬৮ দিন আগে
মঙ্গলবার থেকে খুলছে সব আদালত
আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। বুধবার (৭ আগস্ট) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
সোমবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর আইএসপিআর মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা জানায়।
৬৬৮ দিন আগে
জাতীয় সম্পদ রক্ষায় সতর্ক থাকার আহ্বান ছাত্রনেতা নাহিদের
বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সম্ভাব্য লুটেরাদের হাত থেকে দেশের মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম।
সোমবার সন্ধ্যায় চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে সড়কে নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
তিনি বলেন, 'আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের রক্ষা করা উচিত এবং পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।
লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ রাজপথে বিক্ষোভের আহ্বান জানান সমন্বয়কেরা।
শিক্ষার্থী ও বাসিন্দাদের যেকোনো লুটপাটের প্রচেষ্টাকে সক্রিয়ভাবে বাধা দিতে উৎসাহিত করেন তিনি।
সমন্বয়কেরা শিক্ষার্থী, শিক্ষক এবং নাগরিক সমাজের সদস্যদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও দাবি জানিয়েছে।
এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত যথাযথভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে প্রস্তাব করে তারা।
আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান সারজিস আলমের
৬৬৮ দিন আগে