রাজনীতি
শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য হওয়া একটি সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে সোমবার (১২ অক্টোবর) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এরপর ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। আইন অনুযায়ী, শূন্য হওয়া এ আসনে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে।
এ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত একজনই প্রার্থী থাকেন, ফলে ভোটগ্রহণের প্রয়োজন হয় না।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে মিষ্টির বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।
৭ ঘণ্টা আগে
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী বছরের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের এক সভায় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপে ভোটগ্রহণের তারিখ জানান।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের একটি সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১২ নভেম্বর থেকে সাত ধাপে এ নির্বাচন আয়োজনের কথা ছিল।
তবে ১৭ সেপ্টেম্বর ইসির সঙ্গে এক বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু না করার পরামর্শ দেয়। ওই সময়ে বিদ্যালয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর ইসি জানায়, নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার আগে এ বিষয়ে আরও আলোচনা করা হবে।
৯ ঘণ্টা আগে
গ্রামীণ সড়কের মান নিশ্চিতে ৩ বছরের ওয়ারেন্টির সুপারিশ সংসদীয় কমিটির
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণকাজের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নির্মাণকাজের তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের ১৮০ দিনে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।
এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশও করা হয়।
এছাড়া কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে কমিটি।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান বৈঠকে অংশ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
১ দিন আগে
সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের বৈঠক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ (রবিবার) সন্ধ্যায় ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনে সন্ধ্যা ৬টা থেকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং গতকাল (শনিবার) রাতে এ তথ্য জানায়।
এদিকে সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এর মধ্যেই সংসদ নেতা তারেক রহমান সংসদীয় দলের বৈঠক ডাকলেন।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
সাধারণত সংসদ অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।
সংসদের পরবর্তী অধিবেশন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।
১ দিন আগে
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা
তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় ফুলের তোড়া দিয়ে শফিকুর রহমানকে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাডিজবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ৭ অক্টোবর ঢাকা ছাড়েন শফিকুর রহমান। ৯ অক্টোবর সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
তুরস্ক সফরকালে ৮ অক্টোবর দেশটির পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
পরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান জামায়াতের আমির। সেখান থেকে ঢাকায় ফিরলেন তিনি।
১ দিন আগে
দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে। দলের আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে করা হয়েছে সদস্য সচিব।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস, ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও রমেশ দত্ত।
এছাড়া কমিটিতে রয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
২ দিন আগে
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল গতকাল (বুধবার) বিকেল ৪টা পর্যন্ত। সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী রয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
৪ দিন আগে
সড়কে শৃঙ্খলা ফেরাতে ‘মাফিয়াতন্ত্র’ বন্ধের আহ্বান রিজভীর
সড়ক পরিবহন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অবসানের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দীর্ঘদিনের চাঁদাবাজি, সিন্ডিকেট ও অনিয়ম দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সড়কে দীর্ঘদিনের নৈরাজ্য ও অবৈধ চাঁদাবাজি বন্ধে নতুন ফেডারেশন সক্রিয় ও সোচ্চার থাকবে বলে আশা প্রকাশ করেন রিজভী।
তিনি বলেন, নতুন ফেডারেশনের নেতৃত্বে থাকা ব্যক্তিরা ছাত্ররাজনীতিতে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন চিন্তা ও পদ্ধতির মাধ্যমে সড়ক পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে আইনসঙ্গত করবেন এবং যাত্রীসেবায় দৃষ্টান্তমূলক অবদান রাখবেন বলে তিনি আশাবাদী।
খাতটির উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হয়ে নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি খাতে দায়িত্বশীলভাবে কাজ করলে অন্য খাতগুলোতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সেগুলোও উন্নত হতে উৎসাহ পেতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন ফেডারেশনের নেতৃত্ব ‘ফ্যাসিবাদী শাসনামলে’ তৈরি হওয়া সড়ক পরিবহন ব্যবস্থার অবনতিশীল পরিস্থিতির পরিবর্তে এমন একটি নতুন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে, যা জনগণের আস্থা বাড়াবে এবং যাতায়াতের সময় মানুষকে আরও নিরাপদ ও স্বস্তিবোধ করাবে।
৪ দিন আগে
তুরস্কের উদ্দেশে বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
বাংলাদেশবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি।
এ সময় জামায়াত আমিরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে।
এ সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে বিরোধীদলীয় নেতা সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে দেশে তার দেশে ফেরার কথা রয়েছে।
৫ দিন আগে
আর্থিক খাতে স্থিতিশীলতার ওপর সংসদীয় কমিটির গুরুত্বারোপ
অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটি পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনাও দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মুশফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত উপস্থাপন করা হয়।
উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক খাতে স্থিতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতিও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং কমিটির অন্য সদস্যদের মধ্যে মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শফিকুল রহমান (কিরণ), মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন ও মো. আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
৮ দিন আগে