বিশ্ব
চীনে ভূমিধসে নিখোঁজ ২৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে শনিবার নিখোঁজ হয়েছেন ২৯ জন। রবিবার এক সংবাদ সম্মেলনে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জুনলিয়ান কাউন্টির জিনপিং গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, নিখোঁজদের সংখ্যা যাচাই করা হচ্ছে। শনিবার মধ্যরাত পর্যন্ত ভূমিধসে ১০টি আবাসিক বাড়ি ও একটি উৎপাদন কারখানার ভবন চাপা পড়েছে।
গুরুতর ও একজন সামান্য আহত ব্যক্তিকে উদ্ধার করে জুনলিয়ানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
অবিরাম বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক অবস্থার কারণে, উঁচু স্থানের ধ্বংসাবশেষ গড়িয়ে স্রোতে রূপান্তরিত হয়েছে। এই ধ্বংসাবশেষের ঢল প্রায় ১ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে। এটির মোট আয়তন ১ লাখ ঘনমিটারেরও বেশি।
ভূমিধসের আকার প্রায় ১০ থেকে ২০ মিটার পুরু এবং প্রায় ১০০ মিটার চওড়া। ভূমিধস এখনও অব্যাহত রয়েছে।
সিচুয়ানে সামরিক বাহিনী, সশস্ত্র পুলিশ, অগ্নিনির্বাপক, জরুরি উদ্ধারকর্মী, পরিবহন, চিকিৎসা, টেলিযোগাযোগ এবং অন্যান্য বাহিনীর ৯৪৯ জন কর্মীকে উদ্ধার প্রচেষ্টা পরিচালনা বা সহায়তা কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে।
এছাড়াও, উদ্ধার মূল্যায়ন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জরুরি তদন্তে ইঞ্জিনিয়ারিং উদ্ধার সরঞ্জাম এবং জরুরি সামগ্রী পাঠানো হয়েছে।
২০০ জনেরও বেশি দুর্গতকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১৫৫ জনকে জুনলিয়ানের একটি স্কুলের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ৩০টি জরুরি জেনারেটর, ১০০টি সুতির তাঁবু, ৪০০ শয্যা এবং ১ হাজার ১০০ কুইল্ট মোতায়েন করেছে- যাতে খাদ্য, আশ্রয় এবং গরম করার মতো প্রয়োজনীয় চাহিদা নিশ্চিত করা যায়। অবশিষ্ট ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
চলমান তাপমাত্রা হ্রাস, অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় কর্তৃপক্ষ জিনপিং গ্রাম এবং আশেপাশের অঞ্চলে বিপদজনক অঞ্চল নির্ধারণ করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের উভয় পাশের পাহাড়ি ঢালের বিষয়ে রিয়েল-টাইম পর্যবেক্ষণও বাস্তবায়ন করা হয়েছে। ছোট আকারের বিপর্যয় রোধ এবং চলমান উদ্ধার অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সরিয়ে নেওয়ার রুট এবং সংকেত রয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার বালিতে ভূমিধসে নিহত ৫
৩৯১ দিন আগে
২৭ বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি
প্রায় তিন দশক পর দিল্লির ক্ষমতায় বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি—বিজেপি। বিজেপির কড়া সমালোচক হিসেবে পরিচিত আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে নরেন্দ্র মোদির দল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দিল্লির বিধানসভার ভোট গণনা শুরু হয়। গণনা শুরু হওয়ার আগেই বুথফেরত জরিপে বিজিপিকে জয়ী দেখানো হয়েছিল।
সর্বশেষ খবর অনুযায়ী, বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি।
এর আগে, টানা দুই মেয়াদে দিল্লির ক্ষমতায় ছিলেন আপ নেতা কেজরিওয়াল। ২০১২ সালে দেশটির রাজধানীতে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করে ব্যাপক জনপ্রিয় হন তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দিল্লির ক্ষমতায় বসেন।
ক্ষমতা গ্রহণের পর নানামুখী জনকল্যাণমূলক কাজ করে ব্যাপক জনপ্রিয় হন কেজরিওয়াল। দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করায় গত নির্বাচনেও তিনি ভোটে এগিয়ে ছিলেন।
গত বছর ভারতের লোকসভা নির্বাচনের আগে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কেজরিওয়াল। তিনি গ্রেপ্তারের পর রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিজেপি তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ থাকলেও বরাবরই তা অস্বীকার করে আসছে ক্ষমতাসীন দলটি।
আরও পড়ুন: ভারতের নির্বাচনে ভোটদানের বিশ্ব রেকর্ড, বিস্ময়কর বললেন সিইসি
পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে দিল্লির মূখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ৫৬ বছর বয়সী এই নেতা। পদত্যাগের পর জাতীয় নির্বাচনি প্রচারে মনোনিবেশ করেন তিনি। তবে যে আসনগুলোতে তিনি জয়ের প্রত্যাশা করেছিলেন, সেগুলোতেও হেরে যান। এবার বিধানসভার নির্বাচনেও তার পরাজয় প্রায় নিশ্চিত।
চলতি বিধানসভার নির্বাচনি প্রচারে কেজরিওয়ালকে হারাতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এর মধ্যে ছিল আড়াই হাজার নারীকে মাসিক আড়াই হাজার রুপি করে ভাতা এবং গর্ভবতী নারীদের এককালীন ২১ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদান। এ ছাড়াও ক্ষমতায় এলে রান্নার গ্যাসে ভর্তুকি, বয়স্কদের মাসিক পেনশন ও তরুণদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ১ হাজার ৫০০ রুপি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল মোদির দল।
বিধানসভার এই নির্বাচন প্রকৃতপক্ষে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে দলের সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে ভূমিকা রাখে, পরবর্তীতে যা আইন প্রণয়নে দলটির জন্য সহায়ক হয়।
৩৯১ দিন আগে
কানাডাকে ‘সত্যিকার অর্থে’ ৫১তম অঙ্গরাজ্য করতে চাচ্ছেন ট্রাম্প: ট্রুডো
প্রতিবেশী দেশ কানাডাকে ‘সত্যিকার অর্থেই’ যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে একীভূত করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) এমন কথা বলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, শ্রম ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার সময় ট্রুডো এসব কথা বলেন। তখন ভুলবশত মাইক্রোফোন চালু ছিল, যে কারণে ট্রুডোর এই বক্তব্য রেকর্ড হয়ে যায়।
ব্যবসায়ী নেতাদের ট্রুডো বলেন, কানাডার সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের লোভেই ট্রাম্প এমন কথা বলছেন। আমাদের দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করেই এটা সহজে করা সম্ভব বলে তার মনে হয়েছে। তারা আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে সচেতন—আমাদের কী আছে এবং সেসব থেকে তারা কীভাবে সুবিধা নিতে পারেন। তার (ট্রাম্প) সঙ্গে আমার আলাপচারিতায়... (এরপরেই মাইক্রোফোন বন্ধ হয়ে যায়)।
এ নিয়ে ট্রুডোর অফিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে আলবার্টা ফেডারেশন অব লেবার এমন তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে একদিনের একটি সম্মেলনের উদ্বোধনীতে দেওয়া বক্তব্যে ট্রুডো বলেন, ‘কানাডীয় পণ্যে ট্রাম্পের চড়া শুল্কারোপের হুমকি কীভাবে মোকাবিলা করা হবে; তা নিয়ে কানাডাকে কৌশল নির্ধারণ করতে হবে।’
‘শুল্কারোপ থেকে বাঁচতে কানাডা অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। পাশাপাশি অভ্যন্তরীণ বাধাগুলো দূর করে অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে হবে কানাডাকে,’ বলেন তিনি।
ট্রুডো বলেন, ‘আর এটিই সেই মুহূর্ত। দেশের ইতিহাসের এই সময়টি ব্যাপক গুরুত্ব বহন করছে।’
এরআগে সোমবার কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মাদক ফেনটানিল পাচার ও অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধে সহযোগিতার শর্তে তিনি এমন সিদ্ধান্ত নেন। এছাড়া দেশের অভ্যন্তরে উৎপাদনে জোর দিতে ও কেন্দ্রীয় সরকারের রাজস্ব বাড়াতে বিভিন্ন দেশের বিরুদ্ধে অতিরিক্ত শুল্কারোপের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।
আরও পড়ুন: মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্কারোপ করতে যাচ্ছেন ট্রাম্প
৩৯১ দিন আগে
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ২
ব্রাজিলের সাও পাওলোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় দমকল বাহিনী দুর্ঘটনা ও এসব হতাহতের বিষয় জানিয়েছে।
দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমানটি বিধ্বস্ত হয়ে সাও পাওলো শহরের একটি গুরুত্বপূর্ণ অ্যাভিনিউতে একটি যাত্রীবাহী বাসের ওপর পড়ে।
দমকল বিভাগ জানিয়েছে, নিহত দুজন বিধ্বস্ত বিমানের আরোহী। বিধ্বস্তের কারণে বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী এবং বাসের ভিতরে থাকা আরেক ব্যক্তি আহত হন। তাদের উভয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: আলাস্কায় বিমান বিধ্বস্তে নিহত ১০
দুর্ঘটনার শিকার বিমানটি সাও পাওলোর ক্যাম্পো দে মার্তে প্রাইভেট জেট বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো আলেগ্রেতে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি বিধ্বস্তের ফলে বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে আগুন ধরে যায়। বাসটির ভিতরে খুব কম যাত্রী ছিল। একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার সময় দূরে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।
৩৯২ দিন আগে
আলাস্কায় বিমান বিধ্বস্তে নিহত ১০
আলাস্কার নোমগামী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিমানটি সমুদ্রের বরফের ওপর বিধ্বস্ত হয়ে পড়ায় আরোহীদের সবাই নিহত হন।
গত ২৫ বছরের মধ্যে রাজ্যটির সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
উদ্ধারকারীরা হেলিকপ্টার দিয়ে তল্লাশির মাধ্যমে নোমের দক্ষিণ-পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান। কোস্টগার্ডের তোলা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান ও হতাহতরা বরফের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পৌঁছেছেন।
সেন লিসা মুরকোস্কি এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। নোমের মেয়র জন হ্যান্ডেল্যান্ডকে আবেগপ্রবণ দেখা গেছে। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার উপর জোর দেন। সন্ধ্যায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা: ১৮ জনের লাশ উদ্ধার
বৈরি পরিবেশ, জমে থাকা বরফ এবং খারাপ আবহাওয়ার কারণে পুনরুদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তারা বলছেন, হতাহতদের নিরাপদে উদ্ধার কাজ করার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ।
বেরিং এয়ারের সেসনা ক্যারাভান ৯ জন যাত্রী ও একজন পাইলটকে নিয়ে বৃহস্পতিবার বিকালে উনালাকলেট থেকে উড্ডয়ন করলেও এক ঘণ্টার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মকর্তারা হঠাৎ উচ্চতা এবং গতি হ্রাসের কথা উল্লেখ করেছেন। তবে দুর্ঘটনার কারণটি নির্ধারণ করতে পারেননি তারা। এমনকি কোনো বিপদের সংকেতও শনাক্ত করা যায়নি।
আলাস্কার দুর্গম ভূখণ্ড এবং পরিবহনের জন্য ছোট বিমানের উপর নির্ভরতা অত্যাবশ্যক, তবে তা ঝুঁকিপূর্ণ। ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ায় প্রাণঘাতী ঘটনার পর এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বড় ধরনের বিমান দুর্ঘটনা।
বেরিং এয়ার, ৩২টি প্রত্যন্ত গ্রামে পরিষেবা দিয়ে থাকে। দুর্ঘটনার পর অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য এরই মধ্যে এনটিএসবি থেকে ফেডারেল তদন্তকারীদের পাঠানো হয়েছে। এদিকে, নোম এবং আশেপাশের সম্প্রদায়গুলো নিহত এবং তাদের পরিবারগুলোর জন্য শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
৩৯২ দিন আগে
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েল এসব হামলা চালায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া এনএনএর বরাতে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পূর্ব লেবাননের পূর্বাঞ্চলীয় পর্বতমালার উচ্চতায় এবং পূর্ব লেবাননের বালবেক জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে।
বিমান হামলার আগে, ইসরায়েলি বিমানগুলো পূর্ব লেবাননের হারমেল শহর এবং উত্তর বেকা শহরের উপর দিয়ে অনেক বেশি ও কম উচ্চতায় উড়ছিল। বৈরুত ও এর নিকটবর্তী শহরগুলোতেও ইসরায়েলি যুদ্ধবিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটলো। যুদ্ধবিরতি ২০২৪ সালের ২৭ নভেম্বর কার্যকর হয়। এই যুদ্ধবিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধ শুরুর কারণে এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান ঘটানো।
আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
চুক্তিতে বলা হয়েছিল যে ইসরায়েল ৬০ দিনের মধ্যে লেবাননের অঞ্চল থেকে সরে আসবে। একই সঙ্গে লেবানন-ইসরায়েলি সীমান্ত এবং দক্ষিণাঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। এটি নিশ্চিত করে যে লিটানি নদীর দক্ষিণে কোনো অস্ত্র বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য থাকবে না।
তবে লেবাননের তত্ত্বাবধায়ক সরকার ২৭ জানুয়ারি ঘোষণা করেছিল যে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই প্রাথমিক ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরে তারা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে মাঝেমধ্যে হামলা অব্যাহত রেখেছে এবং দাবি করেছে যে তাদের লক্ষ্য হিজবুল্লাহর সৃষ্ট ‘হুমকি’ নির্মূল করা।
৩৯৩ দিন আগে
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
ব্রাজিলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে এসব হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সরকারি নিরাপত্তা বানিহী বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটির বরাতে স্থানীয় নিউজ নেটওয়ার্ক গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকাল থেকে পেরনামবুকোর রাজধানী রেসিফ শহরে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রেসিফের মেয়র জোয়াও ক্যাম্পোস শহরের বেশ কয়েকটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করেছেন। এছাড়া ভূমিধসের কারণে ৯০টিরও বেশি পরিবারকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ১৭
রেসিফ মেট্রোপলিটন এলাকার কমপক্ষে ১৮টি পৌরসভা বন্যায়ি পাম্পিং সমস্যার কারণে সুপেয় পানি বিতরণ করার ঘোষণা দিয়েছে।
মেয়রের কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কারণে রেসিফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
৩৯৩ দিন আগে
যুক্তরাষ্ট্রে ট্রাকের পেছন থেকে ১ লাখ ডিম চুরি
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে একটি ট্রাকের পেছন থেকে ১ লাখ ডিম চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া এই ডিমের বাজারমূল্য ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা। দেশটির সম্প্রতি ডিমের দাম আকাশ ছোঁয়ার মাঝেই এমন ঘটনা ঘটল।
শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে পিট অ্যান্ড গেরি’স অর্গানিকসে একটি ট্রাকের পেছন থেকে এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে পেনসিলভেনিয়া পুলিশের মুখপাত্র মেগান ফ্রেজার জানান, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, দেশটিতে সম্প্রতি ডিমের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার কারণেই ধরনের ঘটনা ঘটেছে।
ফ্রেজার বলেন, ‘আমি এর আগে কখনও এভাবে হাজার হাজার ডিম চুরিরি ঘটনা শুনিনি। এটি অবশ্যই একটি ব্যতিক্রমী ঘটনা।’
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনুসন্ধান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই চুরির রহস্য সমাধানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সূত্র বের করতে চেষ্টা করছে পুলিশ। এছাড়া আশপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।
যত দ্রুত সম্ভব এই ঘটনার রহস্যভেদ করবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেছে পুলিশ।
সম্প্রতি বার্ড ফ্লু মহামারির কারণে দেশটিতে গত বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পূর্বাভাস থেকে জানা গেছে, দেশটিতে চলতি বছর ডিমের দাম আরও ২০ শতাংশ বাড়তে পারে।
৩৯৩ দিন আগে
সাময়িকভাবে গাজাবাসীদের সরাতে চান ট্রাম্প: রুবিও
ফিলিস্তানিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজার দখল নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, দীর্ঘমেয়াদে কিংবা স্থায়ীভাবে নয়, যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের জন্য উপত্যকাটি থেকে সাময়িকভাবে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
গুয়েতেমালা সফরকালে স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুবিও বলেন, প্রেসিডেন্টের (ট্রাম্প) প্রস্তাবটি ‘শত্রুভাবাপন্ন’ নয়, বরং গাজাবাসীর প্রতি এটি একটি ‘উদার পদক্ষেপ’। উপত্যকার পুর্নগঠনে যুক্তরাষ্ট্রের আগ্রহ দেখাতে চেয়েছেন তিনি।
‘গাজাকে বসবাসযোগ্য করতে সেখান থেকে যুদ্ধের ধ্বংসাবশেষ সরানো প্রয়োজন। সে সময়ে গাজার বাসিন্দারা সেখানে থাকতে পারবেন না।’
এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করে যুদ্ধবিধ্বস্ত গাজার দখল নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকারবিষয়ক প্রতিষ্ঠানসহ আরব দেশগুলোর নেতারা।
এদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিটও একই ধরনের কথা বলেছেন। তার ভাষ্যে, ট্রাম্পের বক্তব্যের উদ্দেশ্য গাজায় ‘সেনা মোতায়েন করে’ উপত্যকাটির দখল নেওয়া নয়। ওই অঞ্চলটি বর্তমানে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় কাউকে সেখানে বসবাস করতে দেওয়াটাও অমানবিক।
আরো পড়ুন:গাজায় যুক্তরাষ্ট্রের মালিকানা ও সেনা মোতায়েনের প্রস্তাব ট্রাম্পের
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর গাজা থেকে বর্জ্য সরানোর নামে উপত্যকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর করে ‘ক্লিন গাজা’ মিশন পূরণ করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ লক্ষ্যে তিনি ফিলিস্তানিদের আশ্রয় দেওয়ার জন্য মিসর ও জর্ডানকে আহ্বান জানিয়েছিলেন। তবে ট্রাম্পের ওই প্রস্তাবকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে ওই দুই দেশ ছাড়াও অন্যান্য আরব দেশগুলো তা প্রত্যাখ্যান করে।
এরপর মঙ্গলবার শুধু গাজাবাসীদের সরানোই নয়, গাজার ওপর অধিকার নিতে চান বলেই ঘোষণা দেন ট্রাম্প। গাজাকে তিনি ‘মধ্যপ্রাচ্যের রিভেরিয়া’ বানাতে চান বলেও সে সময় জানান তিনি।
ট্রাম্পের ওই বক্তব্যের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। মিসর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের নেতারা এর তীব্র নিন্দা জানান।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, দীর্ঘমেয়াদে কিংবা সাময়িক—কোনোভাবেই গাজাবাসীদের নিজ ভূমি ত্যাগ করতে বাধ্য করার পক্ষপাতী নন তারা।
তবে নিন্দিত হলেও ট্রাম্পের প্রস্তাবে ‘দোষের কিছু’ দেখছেন না ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। ট্রাম্পের বক্তব্যের সমালোচনার মধ্যে নিজের এই অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
৩৯৩ দিন আগে
শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিল মার্কিন উড়োজাহাজ
অবৈধ অনুপ্রবেশের দায়ে শতাধিক ভারতীয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি পরিবহন বিমান পাঞ্জাবে অবতরণ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিনের শেষভাগে সামরিক উড়োজাহাজটি টেক্সাস থেকে রওনা দিয়েছে। বর্তমানে উড়োজাহাজটি অমৃতসরে রয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই অভিবাসনপ্রত্যাশীদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।-খবর বিবিসির
কাগজপত্রহীন বিদেশি নাগরিকদের স্ব স্ব দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এটি। মার্কিন প্রশাসন বলছে, তারা ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে শনাক্ত করতে পেরেছেন, যারা অবৈধভাবে দেশটিতে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে যেসব অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাষ্ট্র বিতাড়িত করছে, তাদের বিষয়ে যেটা সঠিক, সেটিই তিনি করবেন।’
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসনপ্রত্যাশীদের গ্রহণ করতে একটি বিশেষ কাউন্টার খোলা হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব কর্তৃপক্ষ। তাদের সঙ্গে আন্তরিক ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তারা।
অমৃতসরে ভারতীয় বিমান বাহিনী ভবনের কাছে পুলিশি ব্যারিকেডের বাইরে সাংবাদিকদের জড়ো হতে দেখা গেছে।
বিবিসির খবরে বলা হয়, মার্কিন সামরিক উড়োজাহাজে ১০৪ ভারতীয় অভিবাসনপ্রত্যাশী আছেন। নিয়মিত যাত্রীদের থেকে আলাদাভাবে বিশেষ কাউন্টারের মাধ্যমে তাদের গ্রহণ করা হবে। এরপর বাসযোগে পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ ও গুজরাটে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে সামরিক উড়োজাহাজ ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। তবে উড়োজাহাজে করে অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর ঘটনা নতুন কিছু না। ২০২৪ রাজস্ব বছরে, যা সেপ্টেম্বরে শেষ হয়েছে, এক হাজারের বেশি ভারতীয়কে চার্টার ও বাণিজ্যিক ফ্লাইটে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রিন্স আগা খান চতুর্থ আর নেই
অক্টোবরে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা আইসিই। যুক্তরাষ্ট্রে অবস্থান করার মতো প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে ছিল না। তবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই শিখপ্রধান পাঞ্জাব ও প্রতিবেশী হরিয়ানা রাজ্যের। এসব অঞ্চল থেকেই বিদেশে পাড়ি জমানোর ঘটনা বেশি ঘটছে। এছাড়া মোদির রাজ্য গুজরাট থেকেও বহু মানুষ দেশ ছেড়ে অন্যত্র যাচ্ছেন।
অক্টোবরে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্নস্টেইন মুরেই বলেন, গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের তাড়ানোর ঘটনা ক্রমেই বাড়ছে। সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের অনুপ্রবেশের ঘটনাও আগের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব বলছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পাঁচ হাজার ৪৭৭ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে আইসিই। সবচেয়ে বেশি বিতাড়নের ঘটনা ঘটেছে ২০২০ সালে—দুই হাজার ৩০০ জন।
তবে যুক্তরাষ্ট্রে কত সংখ্যক অবৈধ ভারতীয় আছেন, সেই সংখ্যা সুস্পষ্টভাবে জানা সম্ভব হয়নি। পিউ রিসার্চ সেন্টার বলছে, ২০২২ সাল পর্যন্ত এই সংখ্যাটা সাত লাখ ২৫ হাজার হবে। তার মানে মেক্সিকো ও এল সালভাদরের পরেই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছেন।
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট বলছে, এই সংখ্যাটা তিন লাখ ৭৫ হাজার হবে। এতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর দিকে থেকে ভারত পঞ্চম স্থানে আছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মধ্যে তিন শতাংশেরই কোনো বৈধ কাগজপত্র নেই। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ২২ শতাংশের জন্ম বিদেশে। আইসিইর নথি বলছে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিক না, এমন ১৪ লাখ ৪০ হাজার মানুষের তালিকা আটক হয়নি এমন ব্যক্তিদের ডকেটে দেখা গেছে। তাদের বিতাড়িত করার চূড়ান্ত আদেশ রয়েছে। তালিকায় ১৭ হাজার ৯৪০ ভারতীয় রয়েছেন।
৩৯৪ দিন আগে