অর্থ আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (১৬ নভেম্বর) মামলার বাদী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলাটিতে আসামিদের উপস্থিতির জন্য গত ১০ নভেম্বর দিন ধার্য ছিল। কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তারের তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাসে মেহজাবীন চৌধুরী আমিরুল ইসলামের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। পরে মেহজাবীন ও তার ভাই ব্যবসা শুরু না করে আজ-কাল বলে সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও জানানো হয়, পাওনা টাকা চাইতে গেলে গত ১১ ফেব্রুয়ারি আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেদিন সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে আসবি না। বাসার সামনে আবার দেখলে মেরে ফেলব।” এতে তিনি জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হন।
ঘটনার সমাধানে ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে আমিরুল ইসলাম গত ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।