রাজধানীর আজিমপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ থানা পুলিশ আজিমপুর সমাজকল্যাণ গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন ওরফে সুমন মিয়া (৪০) ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬) এবং ওই ইউনিয়নের সদস্য মো. রাসেল আহমেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করেন এবং তাতে অংশ নেন।
পরে ১৪ নভেম্বর সোহরাব হোসেনের আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার।