মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘কমিউনিটি মেন্টাল হেলথ’ নামে বিশেষ প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) আয়োজিত ‘নীরবতা থেকে পদক্ষেপ: তরুনদের আত্মহত্যা নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে কোনো মানসিক স্বাস্থ্যসেবা না থাকাকে বড় ধরনের ঘাটতি হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূলের এই সংকট দূর করতে কমিউনিটি মেন্টাল হেলথ নামে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সঙ্গে সমন্বিত রেফারেল ব্যবস্থা ও টেলি-কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দেওয়া হবে।’
আত্মহত্যা রোধে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনগুলোকে শুধু প্রচার কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে এম এ মুহিত বলেন, ‘এই আন্দোলনকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে জনকল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে সমাজের প্রত্যেক নাগরিককে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজের পাশাপাশি অন্যের মানসিক সুস্থতা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারেন।’
এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর সংক্রমণের পিক সময় আসতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এ ক্যাম্পেইনের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে।’
এইচআরডিসির প্রধান নির্বাহী মাহবুবুল হকের সভাপতিত্বে সেমিনারটিতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সাইফুন নাহার, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, সাংবাদিক ইকরামুল হক সায়েম, গবেষক গওহার নাঈম ওয়ারাসহ আরও অনেকে।