কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচার চক্রের একটি আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ নারী, আট মাস বয়সী এক শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার (২২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়।
আইএসপিআর জানিয়েছে, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছিল।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে মানবপাচার চক্রের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হন।
তবে যৌথ বাহিনী পাঁচ নারী, দুই পুরুষ, এক শিশুসহ মোট আট জিম্মিকে উদ্ধার করে, যাদের সবাই রোহিঙ্গা ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা।
পরে উদ্ধার ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দেশের সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।