কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। কারফিউ চলাকালে যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের না হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার রাত সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'নাশকতাকারী, সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং যারা পুলিশের ওপর হামলা চালায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই ব্যক্তিদের কোনৈা ছাড় দেব না। আমরা তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের পূর্ণাঙ্গ প্রয়োগ করতে বাধ্য হচ্ছি।’
আটক শিক্ষার্থীদের মুক্তি দিয়ে সরকার সহানুভূতি দেখিয়েছে বলেও উল্লেখ করেন কমিশনার। তবে বিরোধী দল বিএনপি-জামায়াত শনিবার থেকে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ব্যাপক নাশকতা ও অগ্নিসংযোগে লিপ্ত হওয়ায় দেশব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, 'আন্দোলনের সঙ্গে জড়িত কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের লক্ষ্য নয়। কোটা আন্দোলনের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।’
এ সময় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান কমিশনার।