ঢাকার কেরানীগঞ্জে কৃষিজমির আড়ালে গড়ে ওঠা বাংলা মদের কারখানা জব্দ করেছে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামভর্তি মদ ধ্বংস করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রোহিতপুর বিসিক শিল্পনগরীর পাশে পোড়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবকেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মমিনুল হক ডাবলু জানান, ওই গ্রামের মাদক ব্যবসায়ী কামাল হোসেন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাংলা মদ তৈরি করে আসছিলেন। তিনি অবৈধ ব্যবসা থেকে অর্জিত কোটি কোটি টাকা খরচ করে একটি আলিশান ভবনও নির্মাণ করেছেন।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কামাল স্থানীয় নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের ম্যানেজ করে পাঁচশ গাজর, আখের রস, পচা ভাত ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে মদ তৈরি করতেন। ধানক্ষেতে একাধিক ড্রামে আগুন জ্বালিয়ে চুলায় মদ বানানো হতো। ক্ষেতজুড়ে কাঁচা মদ ভর্তি ড্রাম ও পলিথিনের প্যাকেটে ভরা প্রস্তুতকৃত মদ পাওয়া গেছে।
স্থানীয় যুবকেরা জানান, কামাল ও তার সহযোগীরা প্রায় আট থেকে দশ বছর ধরে অভিনব কায়দায় এ ব্যবসা চালিয়ে আসছে। এর ফলে কেরানীগঞ্জের অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে। তারা কামালসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কেরানীগঞ্জে কোথাও কোনো মদের কারখানা চলতে দেওয়া হবে না। আপনারা কোনো তথ্য পেলে পুলিশকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’
এ ঘটনায় বিকেলে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।