রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাত থেকে বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় নবজাতকটি একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।
তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।’ একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।