ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় তিন কোটি ৭৮ লাখ টাকা মূল্যের ১৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এসব সোনার বার জব্দ করা হয়।
এদিন গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন সিআইআইডি কর্মকর্তারা।
এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও সব লাগেজ স্ক্যান করা হয়।
শরীরে অবৈধ পণ্য লুকিয়ে পাচারের সন্দেহে তাকে স্ক্যান করা হলে তিনি নিজের কাছে লুকানো সোনার বার থাকার কথা স্বীকার করেন।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়।
সবার সামনে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ খুলে দেখা যায়, সেগুলোর মধ্যে ১৮টি সোনার বার রয়েছে, যার প্রতিটির ওজন ১১৭ গ্রাম।
সিআইআইডি জানিয়েছে, জব্দ করা সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি ৭৮ লাখ টাকা।