প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী গাড়ীবহর সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে তিনি তার স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন।
রুমন জানান, বগুড়ায় প্রধানমন্ত্রীর আজ অত্যন্ত ব্যস্ত সময় কাটবে। তার কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় ভাষণ দেওয়া। এছাড়া তিনি গাবতলীর বাগবাড়ীতে তার পৈতৃক নিবাসও পরিদর্শন করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই তার সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় এটিই তার প্রথম সফর। এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল ৯টা থেকেই বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষ সড়কের দুই পাশে জড়ো হতে থাকেন।
সোনাতলা থেকে আসা আব্দুল হালিম নামের এক বৃদ্ধ বলেন, ‘তারেক রহমান বগুড়ার গর্ব। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাকে দোয়া করার জন্য আমি রাস্তার পাশে দাঁড়িয়েছি। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।’
সোনাতলার আরেক বাসিন্দা সুজাউদ্দিন বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বগুড়ার সন্তান, আর এখন তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী। এটি আমাদের জন্য বড় গর্বের বিষয়।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান, বগুড়াবাসীর নয়নের মনি, বাংলাদেশের নেতা। তিনি আগে বগুড়া এসেছেন অনেকবার। কিন্তু এবারে তার আগমন ভিন্ন মাত্রা রয়েছে। তিনি এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে বগুড়া এসেছেন।’
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়া শহরের বিভিন্ন সড়কে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা ১১টায় নবনির্মিত বগুড়া জেলা আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন করেন। বেলা সোয়া ১১টার দিকে জেলা আদালতে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার উদ্বোধন করেন। এরপর বগুড়া পৌরসভা ভবনের ফলক উন্মোচন করবেন তিনি।
দুপুর পৌনে ১টার দিকে গাবতলীর বাগবাড়ী এলাকায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দুপুর ১টায় শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং পরবর্তীতে নশিপুরে চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি তার পৈতৃক নিবাস পরিদর্শন করবেন।
বিকেল ৪টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাব ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।