বাংলাদেশ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফেরত চায় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দণ্ডিত ও পলাতক সন্ত্রাসীদের বাংলাদেশ পাসপোর্ট দেয় না।
তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান বলে গুঞ্জন ওঠা শেখ হাসিনাকে সরকার ট্রাভেল পারমিট দেবে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হুমায়ুন কবির বলেন, ‘তিনি (হাসিনা) তার নানাবাড়িতে বেড়াতে আসছেন না। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না।’
এ সময় ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই চুক্তির আওতায় হাসিনাকে হস্তান্তর করতে হবে।
প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা যদি সত্যিই ফিরতে চান, তাহলে এ জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। তার উচিত, ওই চুক্তির শর্ত অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারত সরকারকে অনুরোধ জানানো। এরপর তার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করা ও সাজা ভোগ করা উচিত।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর নির্বাসন থেকে দেশে ফেরার পথ সুগম করতে সোমবার নতুন পাসপোর্টের আবেদন করেন হাসিনা।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা একটি চিঠিতে দেখা যায়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইলে হাসিনার আইনজীবী একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মিশনের প্রধান কূটনীতিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে ও ‘আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনটি ‘দ্রুত’ প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।
একটি কূটনৈতিক সূত্রও ইউএনবিকে জানিয়েছে, ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনার এ আবেদনকে হাস্যকর বলে অভিহিত করেন এবং এ বিষয়ে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আপনার মক্কেল কে, তা জানুন। বাংলাদেশের মানুষের কাছ থেকে লুট করা তার অর্থের পেছনে ছুটবেন না। কিছু নৈতিক ও আদর্শিক সীমারেখা মেনে চলুন। আর সেই সীমারেখা না থাকলে সারা বিশ্বে আপনাদের লজ্জিত হতে হবে।’
এদিকে ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা এপিকে বলেছেন, সরকারের প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হলেও আগামী মাসে ভারত থেকে বাংলাদেশে ফেরার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
ই-মেইলে পাঠানো প্রশ্নের জবাবে তিনি এপিকে আরও বলেন, ‘মৃত্যু যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতেই বেশি পছন্দ করব। তাই আমি বাংলাদেশে ফিরব। এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।’
শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান এবং তখন থেকেই ভারতে অবস্থান করছেন।
এরপর ২০২৫ সালে একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায়ে বলা হয়েছে, দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য তিনি দায়ী। ওই দমন-পীড়নে শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে।
এদিকে বাংলাদেশ বারবার হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারত কোনো সাড়া দেয়নি। গত আগস্টে প্রথমবারের মতো তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান।
গত আগস্টে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি উত্থাপন করেন।
এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।
গত ৩ অক্টোবর ত্রিবেদী জোর দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা ভারতীয় সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান। বিষয়টির সঙ্গে আদালত যুক্ত থাকায় এর কোনো সময়সীমা বলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘বারবার ভারত সরকার এ বিষয়ে বলেছে, একটি প্রক্রিয়া রয়েছে, আর সেই প্রক্রিয়াটি আইনি ও সুসংগঠিত। সুতরাং এ বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে।’
হাইকমিশনার বলেন, বিষয়টি আদালতের এখতিয়ারে থাকায় ‘কেউই সময়সীমা জানাতে পারবেন না’।
ভারতীয় হাইকমিশনার বলেন, হাসিনা ভারতে পৌঁছানোর সময়ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবেশী দেশ হিসেবে নয়াদিল্লিকে পরিস্থিতি মোকাবিলায় সাড়া দিতে হয়েছিল।
তিনি আরও বলেন, ‘সেই সময় শেখ হাসিনা তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এ বিষয়ে আমাদের খুব একটা বিকল্প ছিল না। প্রতিবেশী হিসেবে বাস্তবতাকে মেনে নেওয়া আমাদের দায়িত্ব ছিল, কারণ এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যখন আপনি তার জন্য প্রস্তুত থাকেন না।’
২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনা যে পরিস্থিতিতে ভারতে পৌঁছান, সে বিষয়েও ত্রিবেদী কথা বলেন। তিনি বলেন, ওই পরিস্থিতির জন্য ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তুত ছিল না।
সে সময় বাংলাদেশের ‘মর্মান্তিক পরিস্থিতির’ কারণে ঘটনাটি ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি বিশ্বের কোথাও যেন আর কখনও না ঘটে।
ওই পরিস্থিতিতে ভারতের বিকল্প কী হতে পারত, তা নিয়েও প্রশ্ন তোলেন ত্রিবেদী। তিনি বলেন, ‘আমাদের কী বিকল্প ছিল? আমরা যদি বলতাম, না, আমরা তাকে গ্রহণ করব না, অবতরণের অনুমতিও দেব না—তাহলে পরিস্থিতি কী দাঁড়াত, আমি জানি না।’