সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর বিজিবি মোতায়েন এবং যৌথ বাহিনীর টহল জোরদার করায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার সব সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট খুলেছে।
এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা সংঘটিত একদিনের সহিংসতার পর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনে দাঙ্গা নিয়ন্ত্রণ অভিযান পরিচালনার জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাঁজোয়া যানও (এপিসি) মোতায়েন করা হয়েছে।
মাঠ পর্যায়ের কার্যক্রমের রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও সমন্বয় নিশ্চিত করতে মোতায়েনকৃত যত বেশি সম্ভব বিজিবি সদস্যের শরীরে ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।
সোমবার সকালে ড্রোন ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমের সরাসরি ফুটেজও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল অভিযান ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে, রবিবার দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলায় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়াসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে জেলায় বিজিবি মোতায়েন করা হয়।