বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি ও মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের আনতালিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর ফাঁকে দুই প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, রোহিঙ্গা সংকট ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
তারেক রহমান এ সময় আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
আলবানিজও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। জবাবে সুবিধাজনক সময়ে দেশটিতে সফরের আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় তারেক রহমান উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন।
চলমান কপ-৩১ আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি।
বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদ্যমান সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং অস্ট্রেলিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।
এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান তারেক রহমান।
এ সংকট সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের পরিকল্পনার কথাও আলবানিজকে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণে সরকার কাজ করছে।
এছাড়া পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি, যার মধ্যে রয়েছে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা ও খাল খনন কর্মসূচি।