ভূমিকম্পের সময়ে সাধারণ নিরাপত্তাব্যবস্থা নিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এমন কোনো দেশের কথা তিনি জানেন না যে দেশ ভূমিকম্পের ব্যাপারে আগাম জানাতে পারে।
রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্প নিয়ে কোনো দেশে আগাম সতর্কতা আছে কি না, আমার জানা নেই। তবে অনেক দেশ কিছু অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে ভূমিকম্প সংঘটিত হওয়ার ১০ সেকেন্ড আগেই সতর্কতামূলক বার্তা জানানো হয়। আমাদের দেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক মোবাইল অ্যাপ চালু করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।
তিনি বলেন, আমাদের দেশে, বিশেষ করে, নগর এলাকায় উন্মুক্ত বা খোলা জায়গার যথেষ্ট অভাব রয়েছে। তাছাড়া জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। ভূমিকম্প প্রতিরোধে আমাদের এসব বিষয়ে নজর দিতে হবে। তিনি এ সময় সংশ্লিষ্ট সবাইকে বিল্ডিং কোডে মেনে ভবন নির্মাণের আহ্বান জানান।
ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের সক্ষমতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সম্প্রতি বিভিন্ন অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। তবে বড় ধরনের ভূমিকম্প হলে সেটা ভিন্ন বিষয়। সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে। আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছি।
নির্বাচনের পরিবেশ নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের মিছিল-মিটিংয়ের সংখ্যা বেড়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। আমাদের গত দেড় বছরের প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।