সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতিমন্ত্রী এরনেস্ত উরতাসুন দোমেনেখ এবং ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী ইমাদ এ হামদানের যৌথ আমন্ত্রণপত্র সংস্কৃতি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সংস্কৃতিমন্ত্রী আমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করে এ আন্তর্জাতিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং তার দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে এ আমন্ত্রণ ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।
বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়।
সংস্কৃতি মন্ত্রী বলেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
বৈঠকে ফিলিস্তিনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানানো হয়। এ ক্ষেত্রে শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
সাক্ষাৎ শেষে সংস্কৃতি মন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার কূটনৈতিক মিশনের সাফল্য কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।