রাজধানীর শাজাহানপুরের মালিবাগ বাজার রেলগেট-সংলগ্ন একটি বাসার নিচতলার কক্ষ থেকে মমতাজ বেগম (৫৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মমতাজ বেগম গৃহপরিচারিকার কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ দিকে এই ঘটনা ঘটে। পরে আজ সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মমতাজ বেগম লালমনিরহাট সদরের সাতপাটকি মহেন্দ্রনগর গ্রামের মৃত জুবেদ আলীর মেয়ে। মালিবাগ রেলগেট বাজার এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন তিনি।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুর রহমান জানান, খবর পেয়ে মালিবাগ বাজার রেলগেট-সংলগ্ন ৪২৫/এ নম্বর বাসার নিচতলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই জানান, স্থানীয় প্রতিবেশী ভাড়াটিয়া রুবিনা আক্তার ও কুলসুমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মমতাজ বেগম গৃহপরিচারিকার কাজ করতেন। গত ২-৩ দিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি ঘরেই ছিলেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরও বলেন, গৃহপরিচারিকার মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এটি বিষক্রিয়ায় মৃত্যু কি না, বা যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনা আছে কি না—এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।