হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর কাছ থেকে ৮ কেজিরও বেশি কোকেন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার(২৬ আগস্ট) ভোরে কোকেনগুলো জব্দ করা হয়। কোকেনের চালানটি খাদ্য সম্পূরক পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কর্মকর্তারা।
গায়ানার নাগরিক এমএস পেটুলা স্টাফেল নামে ওই যাত্রী দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর৬৩৮-এ ঢাকায় আসেন।
গ্রিন চ্যানেল অতিক্রম করার আগেই তাকে আটক করা হয়।
সিআইআইডির উপপরিচালক সোনিয়া আক্তার বলেন, তার লাগেজ তল্লাশি করে প্লাস্টিকের পাত্রের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েল-মোড়ানো প্যাকেটে লুকানো ৮ দশমিক ৬৬ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তারা।