২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-সম্পর্কিত হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
আদালত এ মামলায় সাঈদ খোকনের আইনজীবী আবু সাইদ সাগরের করা জামিন আবেদন খারিজ করে দিয়েছেন।
বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় ঝাড়ু হাতে আদালত চত্বরে অবস্থান নেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ঝাড়ু উঁচিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি করা হয়।
সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসির মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এরপর ২০২৪ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।